প্রানদেল্লির প্রশংসায় ত্রাপাত্তোনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিওভান্নি ত্রাপাত্তোনি ইতালীয় ফুটবলের প্রবাদ-পুরুষ। একসময় ইতালি দলের কোচের দায়িত্ব পালন করেছেন। এখন দায়িত্ব নিয়েছেন আইরিশ ফুটবলকে নতুন উচ্চতায় তুলে নিয়ে যাওয়ার। ৭৩ বছর বয়সী এই বর্ষীয়ান কোচ আজ ইউরো চ্যাম্পিয়নশিপে আবেগের চূড়ান্ত পরীক্ষায় বসতে যাচ্ছেন। আয়ারল্যান্ড যে আজ মাঠে নামছে তাঁর দেশ ইতালির বিপক্ষে! আবেগের পরীক্ষা তো বটেই। চাকরির স্বার্থে আয়ারল্যান্ডের সাফল্য কামনা করবেন নিজ দেশের বিপক্ষে!ত্রাপাত্তোনি অবশ্য এসব নিয়ে ভাবছেন না। চরম পেশাদার তিনি। তাঁর ধ্যান-জ্ঞানজুড়ে রয়েছে আয়ারল্যান্ডের সাফল্যচিন্তা। প্রথম দুই ম্যাচে হেরে গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়ে যাওয়ার পর ইতালির বিপক্ষে শেষ ম্যাচ জিতে মাথাটা উঁচু করে দেশে ফেরা। দেশ নিয়ে চিন্তা করার সময় এটা না।তাই বলে নিজ দেশ ইতালিকে নিয়ে যে একেবারেই চিন্তা করছেন না, তা নয়। সংবাদকর্মীদের চাপেই মুখ খুললেন তিনি। দুই-একটা কথা বলেছেন নিজ দেশ ইতালিকে নিয়ে। প্রশংসায় ভাসিয়েছেন ইতালির কোচ সিজারে প্রানদেল্লিকে। বলেছেন, প্রানদেল্লি কোচ হিসেবে দারুণ কাজ করে চলেছেন। দলের পেশাদারি ভাব-ভঙ্গি ফিরিয়ে নিয়ে আসার জন্যও প্রানদেল্লির ওপর সন্তুষ্টি প্রকাশ করেছেন এই বয়োবৃদ্ধ কোচ।‘প্রানদেল্লি কোচ হিসেবে দারুণ করছে। সে ইতালি দলে পেশাদারি মনোভাব ফিরিয়ে নিয়ে এসেছে।’ ত্রাপাত্তোনির মন্তব্য। তাঁর মতে, প্রানদেল্লিকে দেখলেই বিজ্ঞ ব্যক্তির প্রতিচ্ছবি ফুটে ওঠে। খেলোয়াড়দের দেখ-ভালের ব্যাপারে প্রানদেল্লির সুচিন্তিত পদক্ষেপগুলোও প্রশংসিত ত্রাপাত্তোনির দৃষ্টিতে। তিনি আরও বলেন, ‘খেলোয়াড় হিসেবেও প্রানদেল্লির ওপর আমার শ্রদ্ধা ছিল। কোচ হিসেবে এই শ্রদ্ধা আরও বেড়েছে।’ত্রাপাত্তোনি আজ ইতালির বিপক্ষে ম্যাচে আয়ারল্যান্ডের সম্ভাবনা সম্পর্কে বলেন, ‘আজকের ম্যাচ ইতালির জন্য একেবারে সহজ হবে না। ইতালি আয়ারল্যান্ডকে সহজে হারাতে পারবে না।’ত্রাপাত্তোনি বলেন, ইউরোর প্রথম দুটি ম্যাচে প্রথমে গোল খেয়েই আয়ারল্যান্ড ম্যাচ থেকে ছিটকে গিয়েছিল। প্রথম থেকেই ওই দুটো ম্যাচে আমরা আক্রমণাত্মক ছিলাম। আজ ইতালির বিপক্ষেও সেই আক্রমণাত্মক মনোভাবের কোনো পরিবর্তন হবে না।’সবশেষে তাঁর মন্তব্য, ‘ইউরো থেকে কিছু নিয়েই দেশে ফিরতে চাই। আরও একটি পরাজয়কে আজ সঙ্গী করতে চাই না। এ ব্যাপারে আমাদের প্রচেষ্টার কোনো কমতি হবে না।’ ওয়েবসাইট।