প্রানদেল্লির স্বপ্নের শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মারিও বালোতেল্লির দ্বিতীয় গোলে জার্মানি তখন নিজেদের হারিয়ে খুঁজছে। হঠাৎ টিভি ক্যামেরা খুঁজে নিল এক জার্মান নারীকে, কপোল বেয়ে টপটপ করে ঝরছে অশ্রু। জার্মানির লাল-হলুদ পতাকার রংও কি মুছে যাচ্ছিল না সেই জলে? এত দিন যারা দোর্দণ্ড প্রতাপে ছড়ি ঘুরিয়েছে হঠাৎ করেই তারা যেন একেবারেই দিগ্ভ্রান্ত, ‘নীলের’ ঔজ্জ্বল্যে সাদা-কালোদের মনে হচ্ছিল একেবারেই ম্রিয়মাণ। হঠাৎই খেই হারিয়ে ফেলল জার্মানরা? দলের কোচ জোয়াকিম লো মনে করেন, প্রতিপক্ষকে হেলাফেলা করাতেই ডুবেছে তাঁর দল, ‘দুবারই আমরা খামখেয়ালি করেছি এবং দুবারই মাশুল দিতে হয়েছে। এরপর এ রকম একটা ভালো দলের বিপক্ষে ঘুরে দাঁড়ানোটা খুবই কঠিন।’ এই টুর্নামেন্টে তরুণতম দল জার্মানি, তারুণ্যের দুর্দম শক্তির ওপর ভরসা করেই শিরোপাস্বপ্নে বিভোর ছিলেন লো। কিন্তু অভিজ্ঞতার কাছে তারুণ্য সব সময় পারে না। লো-র দুর্ভাগ্য, পরশু ছিল সে রকম একটা দিন। নিজেদের রক্ষণ-দুর্বলতাকেই অবশ্য দুষেছেন লো, বলেছেন মনঃসংযোগের ঘাটতির কারণেই প্রথম গোলটা খেয়ে বসে দল। দ্বিতীয় গোলটাও কিন্তু সেই রক্ষণেরই ভুল। তবে হারার আগে না হারার জন্য খেলোয়াড়দের প্রশংসাই করেছেন জার্মান কোচ ‘দ্বিতীয়ার্ধে আমরা খেলায় ফেরার জন্য সম্ভাব্য সবকিছুই করেছি। আমরা হূদয় দিয়েই খেলেছি।’দলটা নবীন, তাই ভুল থেকেই শিক্ষা নেওয়ার ওপরই সবচেয়ে বেশি জোর দিচ্ছেন লো। টানা চারবার বড় টুর্নামেন্টে সেমিফাইনাল থেকে বিদায় নেওয়াটা হূদয়বিদারক, কিন্তু এখনো সামনে সুযোগ দেখেন লো, ‘আজ আমরা পারিনি, কিন্তু সামনে সুযোগ আসবেই। গত দুই বছরে দলটা অনেক দূরই এগিয়েছে, যারা আমাদের সামনে ছিল তাদের আমরা ধরে ফেলেছি। আমরা এখন বিশ্বের সেরা দলগুলোর কাতারে।’ আসলেই তাই, জার্মানি তাদের গতিশীল, প্রাণবন্ত ফুটবলে মুগ্ধতার আবেশ ছড়িয়েছে ঠিকই, কিন্তু চাতুর্য আর কৌশলের কাছেই মার খেয়েছে। অধিনায়ক লামের মুখে সেটারই প্রতিধ্বনি, ‘আমাদের যথেষ্ট চতুর ছিলাম না। আপনি যদি সঠিক মুহূর্তে সামর্থ্য অনুযায়ী খেলতে না পারেন, তবে আপনাকে হারতেই হবে। এই পরাজয়টা বড় তিক্ত।’তবে ন্যায্য পাওনাটা ইতালিকে দিতেই হবে, বিশেষ করে সিজারে প্রানদেল্লির মতো দুর্ধর্ষ ট্যাকটিশিয়ানকে তো বটেই। এই জয়ের পর প্রানদেল্লির জয়ধ্বনি চারদিকে। ইতালি কোচ কিন্তু এই জয়কে দেখছেন অনেক বড় কিছুর সূচনা হিসেবে, ‘আপনি যখন স্বপ্ন দেখবেন, তখন বড় কিছুই দেখবেন। এটা তো কেবল স্বপ্নের শুরু।’ স্বীকার করেছেন খেলাটা অতিরিক্ত সময়ে গড়ালে জার্মানিই সুবিধা পেত, ‘তারা যদি সমতা এনে ফেলত, তবে আমরা অতিরিক্ত সময়ে ৫-২-এ হারতেও পারতাম। কারণ আমরা নেতিয়ে পড়েছিলাম।’ প্রচলিত উইং প্লের বাইরে গিয়ে মাঝমাঠকে ঘিরে খেলাটাকে গড়ার কৌশলই ইতালির গোপন ফর্মুলা, প্রানদেল্লি সেটা মানছেন। তবে এও বলছেন গোড়া থেকেই ইতালি এটা অনুসরণ করছে বলেই এই সাফল্য। ইতালি দলে ব্যতিক্রম একজন। জিয়ানলুইজি বুফন। ইতালির অধিনায়ক আত্মপ্রসাদে তো ভুগছেনই না, উল্টো শেষ দিকের গা-ছাড়া ভাবের জন্য সতীর্থদের ওপর ভীষণ খেপেছেন। গোল শোধে মরিয়া জার্মানির একের পর এক আক্রমণের ঢেউ আছড়ে পড়ছিল দ্বিতীয়ার্ধে, বুফন দুর্দান্ত কিছু সেভ না করলে জার্মানি সমতাও এনে ফেলতে পারত। তাই শিরোপাটা না জিতে আর উৎসবে মজতে চান না ইতালির গোলরক্ষক। সব হিসাব-নিকাশ উল্টে দিয়ে আজ্জুরিরা এখন ফাইনালে, এবার তারা চাইবে লা রোজাদের লাল বিপ্লব থামিয়ে দিতে। এএফপি, রয়টার্স।