প্রাপ্তি-অপ্রাপ্তির খেরো খাতা
‘খুবই বিপজ্জনক সিরিজ’, ‘নিউজিল্যান্ড সিরিজের চেয়েও কঠিন’—জিম্বাবুয়ে সিরিজের আগে কোচ-অধিনায়কসহ পুরো বাংলাদেশ দলের কণ্ঠেই ছিল একই সুর। কারণ তো অবশ্যই এই সিরিজ থেকে যতটা পাওয়ার ছিল, তার চেয়ে অনেক বেশি ছিল হারানোর ভয়। প্রথম ম্যাচে ধাক্কা খাওয়ার পর ভয়গুলোকে আর বাস্তব রূপ পেতে দেয়নি বাংলাদেশ। কিন্তু সিরিজ জয়ের বাইরে প্রাপ্তির খাতায় আর কী লেখা হলো?ব্যাটিং-অর্ডারে তিন ও চার নম্বরের রান-খরা নিয়ে দুশ্চিন্তার কথা খোলাখুলিই জানিয়েছিলেন জেমি সিডন্স ও সাকিব আল হাসান। ৪০.৩৩ গড়ে দুই ফিফটিতে জুনায়েদ সিদ্দিকের ১২১ রান আর ২৫.৬৬ গড়ে রকিবুল হাসানের ৭৭ রানে কি দূর হলো সেই দুশ্চিন্তা? এই দুজনের পারফরম্যান্সে যেমন ভালো-মন্দের মিশেল, বাংলাদেশের অধিনায়ককেও মনে হলো দ্বিধাদ্বন্দ্বে, ‘ওরা ভালোই খেলেছে। তবে জুনায়েদ যেমন চার ইনিংসের দুটিতে ফিফটি করেছে, রকিবুল যদি তিনটার দুটিতে করতে পারত, তাহলে ভালো হতো। ও যে ফিফটিটা করেছে, সেটাতে দারুণ খেলেছে। তবে ভালো খেলার ধারাবাহিকতা ধরে রাখা উচিত।’তিন-চার কিছুটা তো স্বস্তি দিয়েছেই, এই সিরিজ থেকে সাকিব প্রাপ্তি দেখছেন আরও, ‘টপ-অর্ডার রান করেছে। পেস বোলাররা নিউজিল্যান্ড সিরিজে ভালো করেছিল। এই সিরিজের প্রথম দুই ম্যাচে ভালো না করলেও পরের দুই ম্যাচে দারুণ করেছে। ফিল্ডিংয়ে সর্বোচ্চ ভালো করার একটা ইচ্ছা নিউজিল্যান্ড সিরিজ থেকেই ছিল, সেটা অব্যাহত থেকেছে এই সিরিজেও।’তবে সিরিজ থেকে বাংলাদেশের সেরা প্রাপ্তিটাই হয়তো আলাদা করে বলতে ভুলে গেছেন সাকিব। সেটি অবশ্যই মাশরাফি বিন মুর্তজা ও আবদুর রাজ্জাককে ফিরে পাওয়া। ভারতকে দুবার হারানো বা অস্ট্রেলিয়া-বধ, বাংলাদেশের সব স্মরণীয় জয়ে শুরুর বারুদটা জ্বেলেছেন মাশরাফি। কিন্তু চোট কাটিয়ে ফেরা মাশরাফি এই সিরিজের প্রথম দুই ম্যাচে ছিলেন নিজের ছায়া হয়ে। তৃতীয় ম্যাচে তো একাদশ থেকে বাদ দেওয়ার গুঞ্জনও উঠেছিল। পরের দুই ম্যাচে দুর্দান্ত বোলিং করে মাশরাফি বুঝিয়ে দিলেন, এখনো তিনি নতুন বলে দলের সেরা অস্ত্র।কারণটা ভিন্ন, তবে অবস্থাটা একই রকম ছিল ওয়ানডেতে দেশের সফলতম বোলার রাজ্জাকেরও। নতুন অ্যাকশনে মানিয়ে নিতে সময়টা একটু বেশিই লাগছিল তাঁর, নিউজিল্যান্ডের বিপক্ষে সব পাওয়ার সিরিজেও বড় অপূর্ণতা ছিল রাজ্জাকের বোলিং। ফেরার জন্য রাজ্জাক বেছে নিলেন প্রিয় প্রতিপক্ষকেই, শেষ ম্যাচে উইকেট-শূন্য থাকার পরও তাই তিনিই সিরিজ-সেরা। মাশরাফি-রাজ্জাকের সঙ্গে সাকিব-শফিউলকে নিয়ে বাংলাদেশের বোলিং আক্রমণকে মনে হচ্ছে সত্যিই ধারালো।বাংলাদেশে গত দুটো সিরিজের মতো এবারও জয় দিয়ে শুরু করে পরের আর কোনো ম্যাচ জিততে পারল না জিম্বাবুয়ে। কোচ অ্যালান বুচার ব্যর্থতার দায়ভার মাথা পেতে নিলেন, ‘রাজ্জাক দুই দলের মাঝে ব্যবধান গড়ে দিয়েছে ঠিকই। তবে আমাদের সবচেয়ে বাধা ছিলাম আমরাই। নিজেরাই আমরা এমন সব ভুল করেছি, যেগুলোর কোনো ব্যাখ্যা নেই। ফিল্ডিংও তো খুব বাজে হয়েছে।’শুধু সিরিজের নয়, কালকের ম্যাচটি ছিল ২০১০-এ বাংলাদেশের শেষ ম্যাচ। ‘বছরের শেষ দিনে’ সাকিব তাই ফিরে তাকালেন পেছনে, ‘দলের জন্য বছরটা ভালোই গেল। হয়তো শুরুর দিকে আমরা বড় দলগুলোর বিপক্ষে জিতিনি। তবে খুব ভালো ক্রিকেট খেলছিলাম, উন্নতি করছিলাম। বছরের শেষ দিকে সেটাই কাজে লেগেছে। উন্নতির জায়গা এখনো অনেক আছে, তবে সব মিলিয়ে বছরটাকে ভালোই বলব।’প্রশ্ন উঠছে, জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজটা বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে কতটা ভালো হলো? সাকিব ‘ভালো’ বলছেন এই জয়ের অন্য তাৎপর্যের কারণে, ‘২০০৬ সালের জিম্বাবুয়ে এখনকার চেয়ে খারাপ অবস্থায় ছিল। ওদের বিপক্ষে ১৩-১৪ ম্যাচ জিতে ২০০৭ বিশ্বকাপে গিয়ে আমরা ভালো করেছিলাম। জয়ের অভ্যাসটা একটা বিশাল ব্যাপার। জিততে থাকা দলের চেহারাটাই অন্যরকম থাকে, দেখলেই বোঝা যায় অনেক আত্মবিশ্বাস।’আত্মবিশ্বাসে টইটম্বুর বাংলাদেশ কি তবে এবারও ঝড় তুলবে বিশ্বকাপে? আশায় বুক বাঁধুন আর অপেক্ষায় থাকুন উত্তরের।