প্রাপ্তি শুধু জয়ই নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার ফুটবলে এক সময় খুব চালু ছিল ব্যাপারটা। আবাহনী বা মোহামেডানের জন্য কোনো ছোট দল ‘গেরো’ হয়ে গেলে প্রতিপক্ষ গ্যালারি থেকে আওয়াজটা উঠত। আশির দশকে যেমন মোহামেডান-সমর্থকেরা ‘ওয়ারী আইলো’ চিৎকার করে বিস্তর জ্বালাতন করেছে আবাহনীকে। সিরিজের প্রথম তিন ম্যাচে যা হলো, তাতে বাকি দুই ম্যাচে চট্টগ্রামের দর্শকেরা না জিম্বাবুয়ে ব্যাটিংয়ে নামতেই ‘রাজ্জাক আইলো’ বলে চিৎকার শুরু করে!তিন ম্যাচে ১৩ উইকেট, গড় মাত্র ৬.৫৩। আগের ম্যাচে হ্যাটট্রিক। কাল ১৪ রানে ৪ উইকেট নিয়ে আবারও ম্যাচ-সেরা রাজ্জাক। তবে সিরিজে এগিয়ে দেওয়ার জন্য এই বাঁহাতি স্পিনারের কাছে কৃতজ্ঞতা জানিয়েও বলতে ইচ্ছে করছে, এই ম্যাচের আসল মহিমা মা-মুকে ফিরে পাওয়া!এই মামুটা আবার কে? ‘মামু’ হলো দুটি নামের আদ্যক্ষর। ‘মা’ মাশরাফি। ‘মু’ মুশফিকুর। দাপুটে জয়ের চেয়ে এই দুজনের হাস্যোজ্জ্বল মুখও এই ম্যাচ থেকে বাংলাদেশের কম প্রাপ্তি নয়।প্রেক্ষাপট ছিল ভিন্ন। মুশফিকুরের ব্যাটে খারাপ সময়। আর মাশরাফির তো অনেক দিন খারাপ সময়েই বসবাস। সর্বশেষ ১২ ইনিংসে মুশফিকুরের সর্বোচ্চ ৩০, সর্বশেষ ফিফটি ১৩ ইনিংস আগে। ৭১ রানে ৪ উইকেট পড়ে যাওয়ার পর উইকেটের দিকে আগুয়ান ব্যাটসম্যান অতি আশাবাদীর মনেও তাই আশা জাগাতে ব্যর্থ। পরের ৮৬ মিনিট অবিশ্বাসীর বিশ্বাসে ফেরার গল্প। মুশফিকুরেরও নিজের ব্যাটে বিশ্বাস ফিরে পাওয়ার। ৭৩ বলে ৬৩ করার পথে সাকিবের সঙ্গে ১১৬ রানের জুটি—ক্রেমারকে স্লগ সুইপ করে যে ছক্কাটি মারলেন, সেটি যেন দুঃসময়কে ঝেঁটিয়ে বিদায় করা।মুশফিকুর কী করেছেন, স্কোর কার্ডেই তার প্রমাণ। মাশরাফির ক্ষেত্রে যেটি ‘আস্ত গাধা’ বলে সাব্যস্ত। ২০ রানে ১ উইকেটের সাধ্য কি মাশরাফির বোলিং বোঝায়! চোট-আঘাত আর কাটাছেঁড়ায় ক্ষতবিক্ষত এক শরীর যেন সেফটিপিন দিয়ে জোড়া লাগানো। অসম্ভব মনের জোরে আবারও ঠিকই ফিরেছেন মাঠে। তবে মাশরাফিই ফিরেছেন, নাকি তাঁর রূপ ধরে অন্য কেউ—প্রথম দুই ম্যাচ তুলে দিয়েছিল এই প্রশ্ন। বোলিং নিয়ে প্রশ্ন ছিল, প্রশ্ন ছিল ফিটনেস নিয়েও। জিম্বাবুইয়ান ব্যাটসম্যানদের নাচিয়ে প্রথমটির উত্তর দিলেন, নতুন বলে টানা ৮ ওভার করে দ্বিতীয়টির।এই বোলিং করে কীভাবে একটিমাত্র উইকেট, তা একটা বিস্ময় বটে। সেই উইকেটটি পাওয়ার পর মাশরাফিকে ঘিরে যে উৎসবটা হলো, প্রেক্ষাপট জানা না থাকলে সেটিও যে কারও মনে বিস্ময় জাগাবে। এর আগে ওয়ানডেতে যাঁর ১৪৩টি উইকেট, শিকার তালিকায় অনেক রথী-মহারথী—ম্যাচের পরিস্থিতি বিবেচনায় প্রায় গুরুত্বহীন টাটেন্ডা টাইবুর উইকেট কীভাবে তাঁর সঙ্গে পুরো বাংলাদেশ দলকেই এমন উদ্বেল করে তোলে! তুলেছে, কারণ এটি শুধুই একটি উইকেট নয়। সর্বশেষ আন্তর্জাতিক উইকেট গত জুলাইয়ে। মাঝখানে আরও ৫টি ম্যাচ, উইকেটশূন্য ২৯.৩ ওভার, ক্যারিয়ার নিয়ে আবারও অনিশ্চয়তা—মাশরাফির আবেগের তারে টোকা তো পড়বেই। বাকিদের মনেও যে তার অনুরণন, এটিকেও রাখুন প্রাপ্তির খাতায়। দল হয়ে উঠতে হলে একের সুখে সবাইকে সুখী হতে হয়, এটা যে বুঝতে পারছেন সাকিবরা।বোলিং বিশ্লেষণটা সুবিচার করেনি, তার পরও সেটিতে তৃপ্তি পাওয়ার আছে মাশরাফির। ১১৭ ম্যাচের ক্যারিয়ারে যে ৪৬ বার পুরো ১০ ওভার বোলিং করেছেন, কম রান দেওয়ার বিচারে এটি দ্বিতীয় সেরা (সেরা: ১৮ রান, বিপক্ষ শ্রীলঙ্কা, ঢাকা, ২০০৯)।এক বলের খেলা, ক্রিকেটাররা তাই খুব ভাগ্যে বিশ্বাসী হন। তা ক্রিকেটে ভাগ্যের ছোঁয়া একটু লাগে বৈকি। সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক বলে বিবেচিত রিচি বেনো অধিনায়কত্ব নিয়ে একবার বলেছিলেন, ‘ক্যাপ্টেনসি ৯০ ভাগই ভাগ্য আর ১০ ভাগ স্কিল। তবে দোহাই লাগে, ওই ১০ ভাগ ছাড়া ওটা চেষ্টা করতে যেয়ো না।’ব্যাটিং-বোলিংয়ের ক্ষেত্রে অনুপাতটা বোধ হয় এমন নয়। তার পরও ভাগ্য তো একটু লাগেই। মাশরাফি-মুশফিকুর পেলেন সেটির ছোঁয়াও। ১৪ রানে স্টাম্পিংয়ের সুযোগ দিয়েও বেঁচে গেছেন মুশফিকুর। মাশরাফি নিজেকে ভাগ্যবান ভাবতে পারেন প্রথম দুই ম্যাচে নিজেকে হারিয়ে খোঁজার পরও তৃতীয় ম্যাচে সুযোগ পাওয়ায়। প্রকৃতিও যেন বন্ধুত্বের হাত বাড়িয়ে দিল তাঁর দিকে। সকাল থেকে আকাশ মেঘলা, সারা দিনই তা-ই। মাঝে মাঝে ঝিরিঝিরি বৃষ্টিও। সব মিলিয়ে পেসারদের জন্য স্বপ্নের পরিবেশ। মাশরাফির আউট সুইঙ্গারও তাই অমন ডানা মেলতে পারল।এমন সকালে টসে হারা মানেই ব্যাটিং অবধারিত। একটু ভয়ও অবধারিত সঙ্গী। প্রথম ওভারেই তামিমের পর চতুর্থ ওভারে জুনায়েদকেও হারিয়ে সেই ভয়টা দাঁতমুখ খিঁচিয়েই তেড়ে আসছিল। তাতে কী, ভয়কে জয় করার জন্য বাংলাদেশের সাকিব আছে না!৯১ বলে ৭৩ রানের ইনিংসটি তা তো করলই, সঙ্গে আরও দুটি আনন্দের উপলক্ষও এনে দিল সাকিবকে। এ বছর ওয়ানডেতে সবচেয়ে বেশি উইকেট ছিল আগেই, কাল অলরাউন্ডারদের মধ্যে সবচেয়ে বেশি রানও হয়ে গেল তাঁর। অধিনায়কের ভূমিকায় এক হাজার রানও। অধিনায়কত্বটা যে চাপের বদলে উল্টো প্রেরণা—পরিসংখ্যানেই এর প্রমাণ। ক্যারিয়ার ব্যাটিং গড় যেখানে ৩৫.২৮, অধিনায়ক হিসেবে তা ৪০.০৩।কালকের আবহাওয়া আর মিরপুরের উইকেট মিলিয়ে বাংলাদেশ ২৪৬ করার পরই আসলে ম্যাচ প্রায় শেষ! রাজ্জাকের প্রথম ৪ ওভারের পর তো ‘প্রায়’ শব্দটাও উধাও। চতুর্থ ওভারেই আক্রমণে, চতুর্থ বলেই উইকেট। প্রথম ৪ ওভারে ৪ রানে ৩ উইকেট। ৪ ওভারের দ্বিতীয় স্পেল শেষে রাজ্জাকের বোলিং ফিগারটা রীতিমতো বাঁধিয়ে রাখার মতো—৮-২-৭-৪!রাজ্জাকের ৪ নম্বর উইকেটে ১৯ ওভার শেষে জিম্বাবুয়ে ৪৭/৬—বক্সিং হলে রেফারি তখনই খেলা থামিয়ে দিতেন!