অভিধানে কিছু শব্দ রদবদলের পরামর্শ দিয়েছিলেন আলেজান্দ্রো সাবেলা। স্প্যানিশ রয়্যাল একাডেমিকে অনুরোধ করেছিলেন, অবিশ্বাস্য শব্দটির সমার্থক হিসেবে যেন ‘মেসি’ নামটি অন্তর্ভুক্ত করা হয়। রয়্যাল একাডেমি শুনবে কিনা কে জানে। যদি শোনে, তবে আরও একটা প্রস্তাব ভেবে দেখতে পারে। ধারাবাহিকতা শব্দটির সমার্থক হিসেবেও রাখা যেতে পারে লিওনেল মেসির নাম!গত ৩ নভেম্বর সেল্টা ভিগোর বিপক্ষে নিজেদের মাঠে ম্যাচটিতে গোল পাননি। পরশু সেই সেল্টা ভিগোর সঙ্গেই হলো ফিরতি খেলা। মাঝখানে ১৯টি ম্যাচ। স্প্যানিশ লিগ ধারাবাহিকভাবে হয়। ফলে এই ১৯টি ম্যাচে মেসি লিগের ১৯ প্রতিপক্ষের বিপক্ষেই খেলেছেন। প্রতিটি ম্যাচেই পেলেন গোল। ফলে পরশু দুটি রেকর্ড বোতলবন্দী হয়ে গেল তাঁর। লিগে টানা ম্যাচে গোল করার বিশ্ব রেকর্ডটি ১৯ নম্বর ম্যাচে নিয়ে গেলেন। আর ছুঁয়ে ফেললেন স্প্যানিশ লিগের সব দলের বিপক্ষে গোলের রেকর্ড। এই রেকর্ড গতবার ক্রিস্টিয়ানো রোনালদোও করেছিলেন। তবে রোনালদোর তুলনায় মেসির রেকর্ডটির পার্থক্য হলো, আর্জেন্টাইন কিংবদন্তি এই গোলগুলো করেছেন টানা ম্যাচে।অবশ্য পরশু এমন উজ্জ্বল রাতেও হতাশা নিয়েই মাঠ ছেড়েছেন। দলকে এগিয়ে দেওয়া গোলটির পরও শেষ পর্যন্ত সেল্টার বিপক্ষে ২-২ ড্র নিয়ে মাঠ ছেড়েছে বার্সা। রিয়াল মাদ্রিদ প্রথমে রিয়াল জারাগোজার বিপক্ষে গোল খেয়ে পিছিয়ে পড়লেও ১-১ ড্র করেছে। রিয়ালের গোলটি? রোনালদো ছাড়া আর কার!দুই দলের খেলাতেই একটা জিনিস পরিষ্কার, মন তাদের পড়ে ছিল চ্যাম্পিয়নস লিগে। দুই দলই গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের যথাসম্ভব বিশ্রামে রেখে নেমেছিল। তবে চ্যাম্পিয়নস লিগের শেষ আটে ওঠা স্পেনের তৃতীয় দল মালাগা রায়ো ভায়োকানোকে ৩-১ গোলে হারিয়েই প্রস্তুতি নিয়ে রেখেছে। কার্লোস পুয়োল, জর্ডি আলবা, জাভি—এই তিন খেলোয়াড়কে ইনজুরির কারণে পায়নি বার্সা। আন্দ্রেস ইনিয়েস্তা, সার্জিও বুসকেটস আর ডেভিড ভিয়াকে বিশ্রাম দেওয়ার কারণে রাখা হয়নি প্রথম একাদশে। পুঁচকে সেল্টা সেই সুযোগে ৩৮ মিনিটে এগিয়ে যায়। মেসির বানিয়ে দেওয়া বলে বিরতির আগেই সমতা ফেরান ক্রিস্টিয়ান তেয়ো। ৭৩ মিনিটে ২-১ করেন মেসি। কিন্তু ৮৮ মিনিটে আরেকটি গোল খেয়ে বসে বার্সা।নিজেদের মাঠে জারাগোজা রিয়ালের জালে বল জড়িয়েছিল ষষ্ঠ মিনিটেই। মাঝেমধ্যেই রিয়ালকে চোখ রাঙানো দলটি অবশ্য জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি। ৩৮ মিনিটে লিগে নিজের ২৮ নম্বর গোলটি করেন রোনালদো। এবার মেসি তাঁর নাগালের অনেক বাইরে। গত মৌসুমে লিগে গোলের ফিফটি করা মেসি এরই মধ্যে করে ফেলেছেন ৪৩টি গোল। লিগে আরও নয়টি ম্যাচ বাকি। ম্যাচ শেষে ভারপ্রাপ্ত কোচ জর্ডি রৌরা অবশ্য দাবি করলেন, ‘আমি মনে করি না মঙ্গলবারের ভাবনা আমাদের মাথায় ছিল। লিগ এখনো আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ।’ তবে হোসে মরিনহো কোনো রাখঢাক না করেই বলেছেন, ‘আমাদের লক্ষ্য হলো কিংস কাপের ফাইনাল, চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল আর প্রথম তিনে থেকে লিগ শেষ করা। আমরা প্রতিটি ম্যাচই জেতার চেষ্টা করব। তবে সামনের দিকে তাকিয়ে বলতে পারি, এই ম্যাচের প্রভাব বুধবার পড়বে না।’ রয়টার্স। মেসিনামা লিগের ১৯ দলের সবার বিপক্ষেই গোল করলেন। এই ১৯ দলের বিপক্ষে গোল করেছেন টানা ১৯ ম্যাচে। টানা ম্যাচে গোলের যা বিশ্ব রেকর্ড। এই ১৯ ম্যাচে মেসির ২৯ গোল। লিগে মেসির গোল ৪৩টি, গত স্প্যানিশ লিগে করেছিলেন ৫০ গোল। এই মৌসুমে ক্লাবের হয়ে ৪৪ ম্যাচে মেসির ৫৬ গোল। গতবার ৬০ ম্যাচে করেছিলেন ৭৩টি।