প্রাপ্তিটাকেই বড় করে দেখছেন সাকিব
সাকিব আল হাসানের হয়ে অন্যরাই বলে দিলেন বেশির ভাগ কথা। পুরস্কার বিতরণীর মঞ্চে ধারাভাষ্যকার বব উইলিস প্রশংসায় ভাসালেন টেস্টটাকে পঞ্চম দিনে নিয়ে যাওয়ার সাফল্যকে। ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে ইংল্যান্ড অধিনায়ক অ্যালিস্টার কুকও স্বীকার করে গেলেন, কপালে চিন্তার ভাঁজ পড়ার কথা। বাংলাদেশ অধিনায়কের এরপর আর কী বলার থাকে?বাংলাদেশ-ইংল্যান্ড টেস্টের ফলাফল ম্যাচের আগেই অনুমান করতে খুব বড় ক্রিকেট-পণ্ডিত হতে হয় না। পাঁচ দিনের খেলায় উত্থান-পতন থাকতেই পারে, কিন্তু অসম এই লড়াইয়ে যে জয়ী দলটার নাম শেষ পর্যন্ত ইংল্যান্ডই হবে, সেটা আজ থেকে খেলা শুরু করা কোনো কিশোরও বলতে পারবে। ১৮৭৭ সাল থেকে টেস্ট খেলা শুরু করা ইংল্যান্ডের বিপক্ষে ২০০০ সালে টেস্ট অভিষিক্ত বাংলাদেশের সর্বোচ্চ চাওয়া হতে পারে ভালো খেলা। এরপর কিছু পেলে সেটা বোনাস। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সাকিবরা বোনাস না পেলেও ভালো ক্রিকেট খেলার কৃতিত্ব দাবি করতেই পারেন। ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক জানালেন সেই প্রাপ্তির কথা, ‘দ্বিতীয় ইনিংসে আমরা খুব ভালোভাবে ফিরে এসেছি। প্রথম ইনিংসে আছে মুশফিক ভাই, রিয়াদ ভাই, তামিমের ব্যাটিং...। আগে একজন রান করত, এখন দুই-তিনজন রান করছে, এটাও একটা বড় দিক। পেস বোলাররা ভালো জায়গায় বোলিং করার চেষ্টা করেছে। ফলাফল কী হলো সেটা বড় কথা নয়। এত ওভার ফিল্ডিং করার পরও ফিল্ডার ডাইভ দিয়ে বল ঠেকানোর চেষ্টা করেছে। এসবই তো এগিয়ে যাওয়া।’ প্রাপ্তির সঙ্গে অপ্রাপ্তিও আছে কিছু। ‘এক জায়গায় বল ফেলে গেলে যে চাপ তৈরি হয় সেটা আমরা করতে পারিনি। তবে দ্বিতীয় ইনিংসে প্রথম ইনিংসের তুলনায় এটা ভালো করেছি’—বলেছেন সাকিব।টেস্টের শুরুটা বিভ্রম দিয়েই হয়েছিল। টসে হেরেও ব্যাটিং-স্বর্গ উইকেটে ইংল্যান্ডকে প্রথমে ব্যাটিং করার সুযোগ দেওয়াটা যেন বাঙালির চিরন্তন আতিথেয়তার আরেকটা প্রমাণ। তবে টেস্ট শেষ হওয়ার পর টস জিতে আগে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্তকে আরেকবার ঠিক বললেন সাকিব, ‘চট্টগ্রামে প্রথম দিনে সব সময়ই স্পিনারদের জন্য কিছু থাকে। ভেবেছিলাম হয়তো একই উইকেট হবে। তবে উইকেটের আচরণ এবার অন্য রকমই দেখলাম। ব্যাটিংয়ের জন্য খুব ভালো উইকেট ছিল এটা। পঞ্চম দিনে যদি উইকেটে খুব বেশি টার্ন থাকত, তাহলে হয়তো হতাশ হতাম। আমরা যেটা ভেবেছিলাম সেটা শুধু প্রথম ইনিংসেই হয়নি। কাজেই এ নিয়ে কোনো হতাশা নেই।’মুশফিকুর রহিম-জুনায়েদ সিদ্দিকের ১৬৭ রানের জুটিতে টেস্ট শুধু পঞ্চম দিনের মুখই দেখেনি, বাংলাদেশকে দেখিয়েছে ড্রয়ের স্বপ্নও। সাকিব জানিয়েছেন, কাল খেলা শুরুর আগে কোচ জেমি সিডন্সও তাঁদের সেই মন্ত্রেই উজ্জীবিত করার চেষ্টা করেছেন, ‘সকালে ওয়ার্ম আপের আগে যে ছোট মিটিংটা হয় ওখানে জেমি (সিডন্স) বলছিল, আমাদের আর যে তিনজন ব্যাটসম্যান আছে তারা সেঞ্চুরি করার সামর্থ্য রাখে। আমরাও জানতাম এটা সম্ভব। জুনায়েদ এর আগেও বড় ইনিংস খেলেছে, মুশফিক ভাই সেঞ্চুরি করেছে। নাঈম ভাই এখনো সেটা না করলেও বড় রান করার ক্ষমতা আছে তাঁর।’ মুশফিকুর-জুনায়েদ সম্ভাবনাটাকে আরও এগিয়ে নিতে না পারলেও পাচ্ছেন অধিনায়কের প্রশংসা, ‘শেষ পর্যন্ত বড় কিছু না হলেও আমি বলব ওনারা দুজন খুবই ভালো ব্যাটিং করেছেন। ১৪০ ওভার কিপিং করেও মুশফিক ভাই দারুণ ব্যাটিং করেছেন। চতুর্থ দিনের শেষ আর পঞ্চম দিনের প্রথম সেশনে এ রকম ব্যাটিং করতে পারাই বুঝিয়ে দেয় আমরা কতটা উন্নতি করছি।’একটা সেঞ্চুরি আর একটা ৯৫ রানের ইনিংস। দ্বিতীয় ইনিংসের স্কোরবোর্ডে ৩৩১ রান—এমন ব্যাটিংয়ের পর শেষটা বিস্ময় দিয়ে না হওয়ার আফসোস আর থাকে না। তা ছাড়া ১৮১ রানের পরাজয়ের পেছনে নিজেদের ব্যর্থতার চেয়ে সাকিব ইংল্যান্ডের অভিজ্ঞতারই কৃতিত্ব দেখছেন বেশি, ‘প্রথম সেশনের পর ড্রেসিংরুমে আমাদের মনে হয়েছিল, পরের এক ঘণ্টা কোনো উইকেট না পড়লে ম্যাচটা অন্য রকম হতে পারে। কিন্তু ইংল্যান্ড এরপর খুব ভালোভাবে ম্যাচে ফিরে এসেছে। ওরা পেশাদার, ভালো জায়গায় বল ফেলে গেছে। সেটাই চাপ তৈরি করেছে আমাদের ওপর। আর ইংল্যান্ড খুব ভালো টেস্ট দল, টেস্ট ক্রিকেটের সবচেয়ে পুরোনো দল। খেলাটাও আমাদের চেয়ে ভালো বোঝে। তার পরও আমি মনে করি আমরা খুব ভালো লড়াই করেছি।’মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ২০ মার্চ থেকে শুরু দ্বিতীয় টেস্টে এটাই হবে বাংলাদেশের সবচেয়ে বড় প্রেরণা। পঞ্চম দিন লাঞ্চের পরও সম্ভাবনার আলো জ্বালিয়ে রাখার সাফল্য যে খুব বেশি নেই বাংলাদেশের!