প্রাভিনের বিশ্বকাপ শেষ, দলে শ্রীশান্ত
আশঙ্কাটাই শেষ পর্যন্ত সত্যি হলো। কনুইয়ের ইনজুরির কারণে শেষ হয়ে গেছে প্রাভিন কুমারের বিশ্বকাপ। তাঁর দুর্দিনে কপাল খুলেছে শ্রীশান্তের। প্রাভিনের জায়গায় বিশ্বকাপ দলে নির্বাচকেরা দলে এনেছেন এই পেসারকে।প্রাভিনের জায়গায় শ্রীশান্তকে দলে নেওয়ার আনুষ্ঠানিক ঘোষণাটা এসেছে আজ। কিন্তু কাল বিকেলে শ্রীশান্তের ফিটনেস পরীক্ষা হওয়ায় ইঙ্গিত পাওয়া গিয়েছিল সেখানেই। টেস্ট ক্রিকেটের নিজের জায়গাটা পাকাপোক্ত করেছেন। ওয়ানডেতে নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি শ্রীশান্ত। পাঁচ বছরের বেশি সময়ে ওয়ানডে খেলেছেন মাত্র ৫১টি। প্রাভিনের ইনজুরিটা তাই আশীর্বাদ হয়ে দেখা দিয়েছে শ্রীশান্তের।দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে অনুশীলনের সময় কনুইয়ে চোট পেয়েছিলেন প্রাভিন। বিশ্বকাপের কথা মাথায় রেখে সঙ্গে সঙ্গে দেশে ফেরত পাঠানো হয় তাঁকে। নিবিড় পুনর্বাসন-প্রক্রিয়া চলছিল একাডেমিতে। প্রত্যাশিত উন্নতি না হওয়ায় এই পেসারকে জরুরি ভিত্তিতে পাঠানো হয় লন্ডনে বিখ্যাত শল্যচিকিত্সক অ্যান্ড্রু ওয়ালেসের কাছে। কিন্তু সেখান থেকে আশার কথা শুনে আসতে পারেননি প্রাভিন। ক্রিকইনফো।