প্রার্থনা আজ শেখ জামালের জন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেখ জামালের খেলোয়াড়দের জন্য দেশবাসীর প্রার্থনা থাকবেই। ছবি: সৌজন্য
শেখ জামালের খেলোয়াড়দের জন্য দেশবাসীর প্রার্থনা থাকবেই। ছবি: সৌজন্য

ম্যাচটা নিয়ে তেতে আছে কলকাতা মোহামেডান-শেখ জামাল দুই দলই। একটু বেশি বোধ হয় ওই ভারতীয় মোহামেডানই। তারা এই লড়াইকে দেখছে ভারতীয় ফুটবলের মানসম্ভ্রম রক্ষার লড়াই হিসেবেই।

বাংলাদেশের শেখ জামাল ধানমন্ডি ক্লাবও হঠাত্ই যেন এক ঐতিহাসিক মুহূর্তের সামনে দাঁড়িয়ে। দলটি যেন বহন করে চলেছে বাংলাদেশের ফুটবলের জীয়নকাঠি। জিতলে ফুটবল বিপ্লবের শুরু, হারলে হয়তো আবার পূর্বাবস্থা। ঝিমিয়ে পড়া ফুটবলের আড়মোড়া ভাঙতে আইএফএ শিল্ডের সাফল্য যে যথেষ্ট সহায়তা করবে, সেটা জানেন শেখ জামালের প্রতিটি ফুটবলারই।

ফাইনালটা আবার ফেব্রুয়ারি মাসে। বাংলাদেশের মানুষের জীবনে ফেব্রুয়ারি, মার্চ আর ডিসেম্বর একটু অন্য রকমই। এই তিনটি মাসেই যেকোনো সাফল্যের সঙ্গে বাংলাদেশের জাতীয় জীবনের গৌরবের উপলক্ষগুলো মিলিয়ে ফেলা হয়। এই তিন মাসে হারাটাও তাই একটু যেন অসম্মানের। জয়টাও যেন তাই যথেষ্ট অন্য রকমই।

শেখ জামাল অধিনায়ক মামুনুল ইসলামও জানেন, খেলাটা হচ্ছে ভাষা শহীদদের রক্তে রঞ্জিত ফেব্রুয়ারি মাসেই। তাই ফাইনালে কলকাতা মোহামেডানকে হারালে বিজয়টা যে তিনি ভাষা শহীদদেরই উত্সর্গ করবেন, সংবাদমাধ্যমকে তা স্পষ্টই জানিয়ে দিয়েছেন তিনি। আর ভাষা শহীদরাও হবেন শেখ জামালের ফুটবলারদের অনুপ্রেরণার ভান্ডার। মোহনবাগান ও ইস্ট বেঙ্গলকে হারানো হয়ে গেছে। কলকাতা মোহামেডানকে হারিয়ে দিতে পারলে যে ভারতীয় ফুটবলের জমিটাও জয় করা হয়ে যায় তাদের, মামুনুল তা জানেন। আর জানেন বলেই জয়টা তাঁর কাছে এতটাই গুরুত্বপূর্ণ।

কলকাতা মোহামেডান কোচ সঞ্জয় সেন তো বলেই ফেলেছেন, ‘আমাদের তিনটে দলকে হারিয়ে (ইস্ট বেঙ্গল, মোহনবাগান, মোহামেডান) ঢাকার একটি ক্লাব শিল্ড নিয়ে চলে যাবে, ব্যাপারটি মেনে নেওয়া যায় না।’ উক্তির মধ্যেই আছে পুরো গল্পটা। মোহনবাগান, ইস্ট বেঙ্গলকে নাস্তানাবুদ করে ফুটবলপ্রিয় কলকাতাবাসীর আঁতে ঘা দিয়ে ফেলেছে শেখ জামাল। ফাইনালে জিতে গেলে হয়তো পত্রিকা মারফত দু-একটা আত্মহননের সংবাদও পেয়ে যেতে পারেন।

কলকাতার পত্রপত্রিকাগুলোয় চোখ বুলালে একটি ব্যাপার খুব স্পষ্ট হয়ে যায়। আজ যুবভারতী ক্রীড়াঙ্গনে লড়াইটা কেবলই ‘এপার’ আর ‘ওপার’ বাংলার। এ দেশে যেমন আবাহনী, মোহামেডান-নির্বিশেষে সবাই আজ ‘শেখ জামাল’, ঠিক একই চিত্র ওপারেও। কিসের ইস্ট বেঙ্গল, কিসের মোহনবাগান। ভারতীয় ফুটবলের ইজ্জতের সওয়াল। ঢাকার ক্লাব এ মাটি থেকে জিতে ফিরবে, তা হতে দেওয়া যায় নাকি !

নিশ্চিত ধরে রাখুন, আজ যুবভারতীতে ৬০-৭০ হাজার দর্শক ভারতীয় ফুটবলের পক্ষেই গগনবিদারী চিত্কারে ফাটিয়ে দেবে চারিদিক। আমাদের ফুটবলারদের আবার গ্যালারি-ভর্তি দর্শকের সামলে খেলার অভ্যেস নেই। এ দেশের ফুটবলপ্রেমীরা এখন আর মাঠে যান না। কিন্তু শেখ জামাল কোচ জোসেফ আফুসির মন্তব্যে অনুপ্রাণিত হতে পারেন মামুনুল-নাসির-লিংকন, নর্দে, এমেকারা। মাঠে ৬০-৭০ হাজার দর্শক ওদের সমর্থনে গলা ফাটাতে পারে, কিন্তু আমাদের জন্য প্রার্থনায় বসবে দেশের ১৬ কোটি মানুষ। সেই প্রার্থনার শক্তি অনেক।’

কী বুঝলেন? এই একটি উক্তিতেই তো বোধ হয় সবকিছু পেয়ে গেলেন শেখ জামাল কোচ।

তা হলে দেশবাসী, প্রার্থনায় বসছেন তো!