প্রায় অসম্ভবকে তাড়া ইংলিশদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়ের জন্য চাই ২২৯ রান, হাতে ৮ উইকেট, ম্যাচের চতুর্থ দিন। সাধারণ হিসাব বলছে, ব্যাটিং দল মানে ইংল্যান্ডই খানিকটা এগিয়ে।কিন্তু এই টেস্ট তো আর সাধারণ হিসাব মেনে চলছে না! উইকেটে স্পিন তো ধরছেই, মাঝেমধ্যেই দেখা যাচ্ছে অসমান বাউন্স। প্রথম ইনিংসে ১৯৩ রানে গুটিয়ে গেছে ইংল্যান্ড, সেটাও শেষ চার ব্যাটসম্যান মিলে ৮৮ রান তুলেছিলেন বলে। স্পিনের বিপক্ষে ইংলিশ ব্যাটসম্যানদের সামপ্রতিক রেকর্ড ভয়াবহ। মধ্যপ্রাচ্যে আজমল-রেহমানের স্পিনে নাকানি-চুবানি খেয়ে ধবলধোলাই হতে হয়েছে। এখানেও জেরবার হতে হচ্ছে হেরাথ-রণদিভের আপাত সহজ-সরল স্পিনে।সাম্প্রতিক ইতিহাস থেকে এবার সার্বিক ইতিহাসে যাওয়া যাক। গলের ১৮ টেস্টে চতুর্থ ইনিংসে আড়াই শ ছোঁয়ার ঘটনা একটিই। গত বছর ২৫৩ করেও অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই ম্যাচে ১২৫ রানে হেরেছে শ্রীলঙ্কা। এক শর বেশি তাড়া করে জিততে পারেনি কোনো দল! জিততে হলে শুধু গলের নয়, নিজেদের টেস্ট ইতিহাসের সর্বোচ্চ রান তাড়া করার রেকর্ডও নতুন করে লিখতে হবে ইংলিশদের। রেকর্ডটা ৩৩২ রানের, সেটাও ৭৪ বছর আগের ঘটনা। উপমহাদেশে সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের রেকর্ড মাত্র ২০৯—একবার পাকিস্তান (১৯৬১) ও একবার বাংলাদেশের (২০১০) বিপক্ষে। এই সবকিছু বলছে, ম্যাচটা আসলে শ্রীলঙ্কার পকেটে চলে গেছে।তবু সেটা বলা যাচ্ছে না। বলতে দিচ্ছে না জোনাথন ট্রট ও কেভিন পিটারসেনের জুটি। স্পিন-ছোবল যথারীতি নাড়িয়ে দিয়েছিল ইংলিশদের। সতর্ক শুরুর পরও দুই ওপেনারকে ফিরিয়েছেন রঙ্গনা হেরাথ। বাকি প্রায় ২২ ওভার অবিচ্ছিন্ন থেকে পিটারসেন-ট্রট গড়েছেন ৬৩ রানের জুটি। রানসংখ্যার চেয়েও ইংলিশদের বেশি সাহস জোগাচ্ছে এই দুজনের ব্যাটিংয়ের ধরন। রণদিভের বলে শর্ট লেগে পিটারসেনের ক্যাচ ছেড়েছেন সাঙ্গাকারা, কিন্তু বাকি সময়টা আস্থার সঙ্গেই খেলেছেন দুজন। তবে আরও বড় পরীক্ষা আজ। প্রায় অসম্ভবকে সম্ভব করতে হলে ট্রট-পিটারসেনের একজনকে আজ হতে হবে প্রথম ইনিংসের জয়াবর্ধনে, বাকিজন বা অন্য কাউকে দ্বিতীয় ইনিংসের জয়াবর্ধনে।ম্যাচের সময় যত গড়াচ্ছে, প্রথম ইনিংসে মাহেলা জয়াবর্ধনের ১৮০ রানের ইনিংসের মাহাত্ম্য ততই বাড়ছে। বোলারদের সৌজন্যে ম্যাচে ফেরার যে সুযোগটা ইংল্যান্ড তৈরি করেছিল, দ্বিতীয় ইনিংসে সেটিকে ধ্বংস করে দিলেন আরেক জয়াবর্ধনে—প্রসন্ন। উইকেটের পেছনে তাঁকে কেন এখন বিশ্বসেরা মনে করা হয়, সেটা দেখিয়েছেন ম্যাচজুড়েই। উইকেটের সামনে কাল খেললেন অপরাজিত ৬১ রানের অমূল্য এক ইনিংস। ভেলেগেদারা ও লাকমলকে নিয়ে শেষ দুই উইকেটজুটিতে ৪০ ও ৪৭ রান তুলে ম্যাচটাকে ইংল্যান্ডের প্রায় নাগালের বাইরেই নিয়ে গেছেন প্রসন্ন।সোয়ান ৬ উইকেট নিয়েছেন। শেষ পর্যন্ত হয়তো স্পিনই থাকবে এই টেস্টের মূল আলোচনায়। তবে দুই ইনিংসে দুই জয়াবর্ধনের ব্যাটই হয়তো গড়ে দিল পার্থক্যটা! তথ্যসূত্র: টেন ক্রিকেট ও ক্রিকইনফো।