প্রি-কোয়ার্টারেই বিদায় মেয়েদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চোখের জলে বিশ্বকাপ থেকে বিদায়! প্রি-কোয়ার্টার ফাইনালে কাল সেনেগালের কাছে হারের পর কেঁদেই ফেললেন বাংলাদেশ নারী রোলবল দলের দুই খেলোয়াড় নাসিবা (বাঁয়ে) ও রোদসী। কাল মিরপুর ইনডোরে l প্রথম আলো
চোখের জলে বিশ্বকাপ থেকে বিদায়! প্রি-কোয়ার্টার ফাইনালে কাল সেনেগালের কাছে হারের পর কেঁদেই ফেললেন বাংলাদেশ নারী রোলবল দলের দুই খেলোয়াড় নাসিবা (বাঁয়ে) ও রোদসী। কাল মিরপুর ইনডোরে l প্রথম আলো

রোলবল বিশ্বকাপে কাল পুরুষ দলের কোনো খেলা ছিল না। কোচ সুনীল ধাগে কোনো অনুশীলনও রাখেননি। সারা দিন বিশ্রামে থাকার পর সন্ধ্যায় মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোরে দল বেঁধে ছেলেরা সবাই এলেন মেয়েদের দলের খেলা দেখতে। গ্যালারিতে বসে সমানে উৎসাহ জুগিয়ে গেলেন আসিফ-হৃদয়রা। কিন্তু তাতে কাজ হলো না। কাল প্রি-কোয়ার্টার ফাইনালে মেয়েরা ৬-৩ গোলে হেরে গেছে সেনেগালের কাছে। শেষ ষোলোতেই বিশ্বকাপ থেকে বিদায় নিতে হলো মেয়েদের।
প্রথম ম্যাচে মেয়েরা ৮-২ গোলে হারিয়েছিল নেপালকে। কিন্তু পরের ম্যাচে ওয়াকওভার পায় ফিলিপাইনের বিপক্ষে। কাল বাংলাদেশ হেরেছে আসলে সেনেগালি মেয়েদের উচ্চতা ও বয়সের কাছেই। দুর্দান্ত ড্রিবলিং, জমাট রক্ষণও কাজে আসেনি জান্নাত জেভিন হিয়াদের। বাংলাদেশের বেশির ভাগ মেয়েই খাটো। বয়সও কম। দলের বেশির ভাগ মেয়েই সপ্তম ও অষ্টম শ্রেণির ছাত্রী। সেই তুলনায় দীর্ঘাঙ্গি সেনেগালি মেয়েরা সহজেই বল বের করে বাংলাদেশের জালে গোল দিয়েছে। বাংলাদেশের গোলরক্ষক বর্ষা চোট পেয়ে কিছুটা সময় খেলার বাইরে ছিলেন। পরে অবশ্য চিকিৎসা নিয়ে ফিরে আসেন কোর্টে। দুটি গোল করেছেন নুসরাত জাহান ও অন্যটি হিয়ার।
ছেলেরা আজ প্রি-কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে চীনা তাইপের। এর আগে কখনোই চীনা তাইপের সঙ্গে খেলেনি বাংলাদেশ। দারুণ ছন্দে থাকা বাংলাদেশ জয়ের জন্যই আজ মাঠে নামবে। অধিনায়ক নওসিফ হোসেন দীপ্রর কণ্ঠে আত্মবিশ্বাসের অনুরণন, ‘এ মুহূর্তে দলের সবাই খুব ফুরফুরে মেজাজে রয়েছে। যেভাবে গত তিনটি ম্যাচ খেলে এসেছি সেভাবেই খেলব আমরা। আমরা সবাই আত্মবিশ্বাসী। আশা করি, জিতেই কোয়ার্টার ফাইনালে যাব।’ প্রতিপক্ষ সম্পর্কে কোনো ধারণা না থাকলেও দীপ্রদের মধ্যে জয়ের ইচ্ছাটা দেখা গেল তীব্র।