প্রিমিয়ার ক্রিকেট লিগ হবে তো?
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ কি আদৌ হবে এবার? সিসিডিএমের চেয়ারম্যান জালাল ইউনুসের উত্তর শুনে মনে হলো, ঘরোয়া ক্রিকেটে অভিভাবকত্ব করার জায়গাটাই হারিয়ে ফেলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড! ‘আমি এখনো আশাবাদী। ক্লাব ও খেলোয়াড়দের সহযোগিতা পেলে লিগ হবে’—বলেছেন সিসিডিএমের প্রধান।
হ্যাঁ, প্রিমিয়ার লিগ নিয়ে সংকট এখন যে জায়গায়, ক্লাব আর খেলোয়াড়দের ওপরই নির্ভর করছে এর ভবিষ্যৎ। বিসিবির করার নেই কিছুই। ঢাকার ক্লাব রাজনীতির সামনে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বরাবরই মেরুদণ্ডহীন। এবার সেটি একটু বেশিই প্রকাশ্য।
গ্রেডিং পদ্ধতি এবং খেলোয়াড়দের পারিশ্রমিক দেওয়ার প্রক্রিয়া নিয়ে ক্লাব ও খেলোয়াড়েরা এখনো দুই বিপরীত মেরুতে। বোর্ড সূত্রের খবর, ক্লাবগুলো প্রস্তাবিত যে গ্রেডিং পদ্ধতি বোর্ডে জমা দিয়েছে, তাতে খেলোয়াড়দের পারিশ্রমিক খুবই কম। ‘এ’ প্লাস ২০ লাখ টাকা, ‘এ’ ১৫ লাখ, ‘বি’ প্লাস ১০ লাখ, ‘বি’ পাঁচ লাখ ও ‘সি’ মাত্র তিন লাখ টাকা করে।
ক্লাবগুলোর প্রস্তাবিত মূল্য নিয়ে কাল খেলোয়াড়দের সংগঠন কোয়াবের সহসভাপতি খালেদ মাহমুদ ও সাধারণ সম্পাদক দেবব্রত পালের সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনা করেছেন সিসিডিএমের প্রধান জালাল ইউনুস। আলোচনায় কোয়াবের নেতারা ক্লাবের প্রস্তাবিত মূল্য প্রত্যাখ্যান করেছেন বলে জানা গেছে। দেবব্রত পালের কথায়ও সেটা স্পষ্ট, ‘আমরা গ্রেডেশন পদ্ধতি মানি না। খেলোয়াড়েরা এই পদ্ধতি নিয়ে ক্ষুব্ধ। তারা পারিশ্রমিক নিয়ে আগের মতো ক্লাবের সঙ্গে স্বাধীনভাবে আলোচনা করতে চায়। একই সঙ্গে চায় যার যার ক্লাব বাছাইয়ের স্বাধীনতাও।’ তবে সূত্র জানিয়েছে, সর্বোচ্চ পারিশ্রমিক ৩০ লাখ ও সর্বনিম্ন পাঁচ লাখ টাকা হলে গ্রেডেশন পদ্ধতিতে আপত্তি নেই বলে জানিয়েছে কোয়াব।
ক্লাবগুলোর প্রস্তাবে কোয়াবের অসন্তুষ্টির কথা জানিয়েছেন জালাল ইউনুসও। তবে বলেছেন, প্রস্তাবিত এই পারিশ্রমিকই চূড়ান্ত নয়, ‘আমি এ নিয়ে বোর্ড সভাপতির সঙ্গে কথা বলব। চূড়ান্ত সিদ্ধান্তটা বোর্ডই নেবে।’
কিন্তু কবে? আগামী ১ জুলাই শুরু হওয়ার কথা লিগ। তার আগে খেলোয়াড় নিলাম হওয়ার কথা ২০ জুন। কিন্তু ক্লাব ও খেলোয়াড়দের পরস্পরবিরোধী অবস্থান এখনো পর্যন্ত লিগের সম্ভাবনাকে প্রশ্নবিদ্ধ করে রেখেছে। প্রস্তাবিত অবাস্তব মূল্যতালিকায় ক্লাবগুলোর লিগ খেলার সদিচ্ছার প্রকাশ পায় না বলে মনে করছেন অনেকেই।