প্রিমিয়ার লিগ গুরুত্বপূর্ণ নয়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাজমুল হাসান
নাজমুল হাসান

গঠনতন্ত্র’, ‘নির্বাচন’, ‘এডহক কমিটি’ শব্দগুলো এই মুহূর্তে দেশের ক্রিকেটাঙ্গনের বহুল আলোচিত। কিন্তু যে ব্যাপারটির জন্য এত কিছু, সেই মাঠের ক্রিকেট অনুপস্থিত ফেব্রুয়ারি থেকে। জাতীয় লিগ, বিপিএল, বিসিএলের পর বহুল প্রত্যাশিত প্রিমিয়ার ক্রিকেট লিগ নিয়ে চলছে সময়ক্ষেপণ। আজ থেকে প্রিমিয়ার লিগের দলবদল শুরু হওয়ার কথা থাকলেও গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সেই দলবদলের তারিখ আগস্ট পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে। দলবদল পিছিয়ে যাওয়ায় প্রিমিয়ার লিগ নিয়েও দেখা দিয়েছে নতুন সংশয়। এই সংশয়-সন্দেহই প্রশ্নের তির হয়ে আজ ছুটে গিয়েছিল বিসিবির সভাপতি নাজমুল হাসানের দিকে। বিসিবির গঠনতন্ত্রে জাতীয় ক্রীড়া পরিষদের আনা সংশোধনী অনুযায়ী বোর্ডের নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের দেওয়া রায়ের ব্যাপারে কথা বলতে যে সংবাদ সম্মেলনটি ডাকা হয়েছিল, তাতে প্রিমিয়ার লিগ নিয়ে বিসিবির সভাপতিকে পড়তে হয়েছে বিব্রতকর কিছু প্রশ্নের সামনে। জাতীয় লিগ, বিসিএল, বিপিএল আয়োজনের পরও শুধু প্রিমিয়ার লিগ না হওয়ার ব্যাপারটি যে বিসিবির সভাপতির কাছেও এক ধরনের যন্ত্রণার ব্যাপার, সেটা তাঁর বিব্রতকর অভিব্যক্তিতেই প্রকাশ পেয়েছে বারবার।

দেশের শীর্ষ ক্লাবগুলোর কাছে ক্রিকেট বোর্ডের সভাপতিও যে অসহায়, সেটা আর অজানা কোনো বিষয় নয়। প্রিমিয়ার লিগ অনুষ্ঠিত না হওয়া বা এটি বারবার পিছিয়ে যাওয়ার ব্যাপারে বোর্ড সভাপতির আশপাশে থাকা মানুষদের অনেকেই যে দায়ী, সেই অপ্রিয় কথাটিও আজ সংবাদ সম্মেলনে শুনতে হয়েছে ক্রিকেট বোর্ডের সভাপতিকে। নাজমুল হাসান তাই যাবতীয় বিব্রত অবস্থাকে কাটান দিতেই কিনা বলে বসলেন, এই মুহূর্তে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনই বোর্ডের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু। এই মন্তব্যের সঙ্গে সম্পূরক প্রশ্নটিও আরও অপ্রিয়—তাহলে কী সাধারণ ক্রিকেটারদের রুটি-রুজির সংস্থানের ব্যাপারে উদাসীন দেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা!

এই প্রশ্নের কোনো উত্তর অবশ্য বোর্ড সভাপতি দেননি।