প্রিমিয়ার লিগ নিয়ে আশায় বসতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিসিডিএম প্রধান জালাল ইউনুস আশাবাদী, সব অনিশ্চয়তা কেটে যাবে ১৫ জুনের মধ্যে। আশাবাদী খেলোয়াড়দের সংগঠন কোয়াবের সাধারণ সম্পাদক দেবব্রত পালও। এবারের ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের ভবিষ্যৎ আপাতত এই আশা নিয়েই বেঁচে আছে।

লিগ নিয়ে কাল আবার কোয়াবের সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনা হয়েছে সিসিডিএম প্রধানের। কোয়াবের পক্ষে সাধারণ সম্পাদক দেবব্রতের সঙ্গে ছিলেন জাতীয় দলের খেলোয়াড় জহুরুল ইসলাম। গত ৪ জুন মিরপুরের একটি রেস্টুরেন্টে হওয়া খেলোয়াড়দের সভার সিদ্ধান্ত অনুযায়ী লিগের জন্য নতুন গ্রেডিং প্রস্তাব করেছেন তাঁরা। ‘এ’ প্লাস শ্রেণীর খেলোয়াড়দের জন্য ৩০ থেকে ৩৫ লাখ টাকা, ‘এ’ শ্রেণীর জন্য ১৮ থেকে ২২ লাখ, ‘বি’ প্লাসের জন্য ১৫ থেকে ১৮ লাখ, ‘বি’ শ্রেণীর জন্য ১০ থেকে ১৪ লাখ, ‘সি’ শ্রেণীর জন্য ৬ থেকে ৯ লাখ, ‘ডি’ শ্রেণীর জন্য ৩-৬ লাখ এবং ‘ই’ শ্রেণীর জন্য ১ থেকে ৩ লাখ টাকা প্রস্তাব করা হয়েছে। কোয়াব সাধারণ সম্পাদক জানিয়েছেন, আজকালের মধ্যেই প্রতিটি শ্রেণীর জন্য তারা সম্ভাব্য খেলোয়াড় তালিকা জমা দেবেন সিসিডিএমের কাছে। এ ছাড়া বিদেশি ক্রিকেটার ৩ জনের পরিবর্তে ২ জন এবং দল বাছাইয়ের ক্ষেত্রে খেলোয়াড়দের স্বাধীনতা দেওয়ার দাবিও আছে কোয়াবের পক্ষ থেকে।

এর আগে ক্লাবগুলোর কাছ থেকেও প্রস্তাবিত একটি গ্রেডিং তালিকা পেয়েছেন জালাল ইউনুস। তাঁর আশা সব পক্ষের সাহায্য পেলে অচিরেই সমাধান হয়ে যাবে সব সমস্যার, ‘এসিসির সভা শেষে বোর্ড সভাপতি মালয়েশিয়া থেকে দেশে ফিরলে তাঁর সঙ্গে বিষয়টা নিয়ে চূড়ান্ত আলোচনা করব। আমার বিশ্বাস ১৫ জুনের মধ্যে সবকিছু ফাইনাল করে ফেলতে পারব। সে ক্ষেত্রে ১ জুলাই লিগ শুরু করা সম্ভব হবে।’

একই আশা দেবব্রত পালেরও। সব পক্ষ মিলিয়ে আলোচনায় বসলে দ্রুত সমাধান সম্ভব বলে বিশ্বাস তাঁর। কিন্তু ক্লাবগুলো যদি না মানে খেলোয়াড়দের দাবি? কোনো কোনো ক্লাবের ইচ্ছানুযায়ী লিগটা যদি এবার সত্যি সত্যি নাই হয়? ‘খেলোয়াড়েরা কোয়াবের ওপর সব দায়দায়িত্ব ছেড়ে দিয়েছে। কাজেই কোয়াবের নির্বাহী কমিটিই পরবর্তী সিদ্ধান্ত নেবে। তবে কোনো দাবিই না মানার অর্থ হবে ক্রিকেটারদের হাত-পা ছুড়ে নদীতে ফেলে দেওয়া’—বলেছেন কোয়াব সাধারণ সম্পাদক।