প্রিমিয়ার কাবাডির শ্রেষ্ঠত্ব বদল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিমিয়ার কাবাডি লিগ যেন বাংলাদেশ রাইফেলসের একক সম্পত্তি হয়ে গিয়েছিল। ১৯৯২-৯৩ মৌসুমে লিগ শুরুর পর থেকে গত ১২টি লিগে ১১ বারই চ্যাম্পিয়ন রাইফেলস। পঞ্চম লিগে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ পুলিশ। কাল শেষ হওয়া ১৩তম লিগ পেল নতুন চ্যাম্পিয়ন—বাংলাদেশ সেনাবাহিনী। বাংলাদেশ রাইফেলস এখন নাম পাল্টে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এই বিজিবিকে কাল ঢাকার কাবাডি স্টেডিয়ামে ১৩-১০ পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সেনাবাহিনী। সুপার লিগে সর্বোচ্চ ৫ পয়েন্ট তাদের। টানা সাতটি লিগে চ্যাম্পিয়ন বিজিবি শ্রেষ্ঠত্ব হারিয়ে এবার রানার্সআপ। চ্যাম্পিয়ন দলের সেরা খেলোয়াড় হয়েছেন রোকন। বিজিবির সেরা খেলোয়াড় জাতীয় দলের সাবেক অধিনায়ক জিয়াউর রহমান।সেনাবাহিনী-বিজিবির অলিখিত ফাইনালে উত্তেজনা ছিল। বিজিবির কোচ আবদুল জলিলের অভিযোগ, ‘আমাদের পারসুতে ২ পয়েন্ট থেকে বঞ্চিত করেছে। আমাদের বোনাস পয়েন্ট না দিয়ে উল্টো রেইডারকে আউট দিয়েছে। এক মিনিট থাকতে অফিশিয়াল টাইম আউট নিয়েছেন রেফারি-আম্পায়াররা। এর মানে খেলার চলার কথা। কিন্তু তারা খেলা শেষ করে দিয়েছেন। এটা পক্ষপাতমূলক রেফারিং।’রেফারি আবদুল হকের বক্তব্য, ‘একটা দল হারলে বিভিন্ন রকম কথা বলে। আমরা কোনো পক্ষপাতিত্ব করিনি। পুরো সময়ই খেলা হয়েছে।’ এ ব্যাপারে কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক মুনীর হোসেনের ভূমিকার সমালোচনা করেছে বিজিবি। মুনীর হোসেনের বক্তব্য পাওয়া যায়নি।