শুরুতেই হুমকির মুখে পড়ল ‘লিস্ট এ’ প্রিমিয়ার ক্রিকেট লিগ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বৈঠক করে ক্রিকেটাররা কাল ঘোষণা দিলেন—দলবদলসহ প্রিমিয়ার ক্রিকেট লিগের সবকিছু আগের মতো না হলে এবং বিপিএলে খেলোয়াড়দের বকেয়া পাওনা পরিশোধের নির্দিষ্ট তারিখ ঘোষণা না হলে জাতীয় দলের ক্রিকেটারসহ সব খেলোয়াড় প্রিমিয়ার ক্রিকেট লিগে খেলা থেকে বিরত থাকবেন।‘আগের মতো’ প্রিমিয়ার লিগের দাবিতে ক্রিকেটারদের ঘোষণাটা সাম্প্রতিক ঘটনাপ্রবাহে অবাক করা সংযোজনই। গ্রেডিং পদ্ধতি নিয়ে শুরুতে আপত্তি জানালেও পরে সেটা মেনেই পারিশ্রমিক নিয়ে সিসিডিএমের প্রধান জালাল ইউনুসের সঙ্গে একাধিক সভা করেছেন ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সাধারণ সম্পাদক দেবব্রত পাল ও ক্রিকেটারদের প্রতিনিধিরা। প্রিমিয়ার লিগ নিয়ে সাম্প্রতিক আলোচনাও ছিল কোয়াবের দাবি করা পারিশ্রমিক ক্লাবগুলো কতটা মানছে না-মানছে, তা নিয়ে। গ্রেডিং অনুসারে পারিশ্রমিকের অঙ্ক এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা না হলেও জানা গেছে, খেলোয়াড়দের প্রস্তাব ক্লাবগুলো প্রত্যাখ্যান করেছে। পারিশ্রমিক নির্ধারণ হচ্ছে তাদের ইচ্ছা অনুযায়ী।ক্রিকেটারদের লিগ বর্জনের ঘোষণা সেটারই ধারাবাহিকতা বলে অনুমান। যদিও মিরপুরে কোয়াবের সাধারণ সম্পাদককে পাশে নিয়ে খেলোয়াড়দের প্রতিনিধি রাজিন সালেহ লিখিত বক্তব্যে তুলে ধরলেন শুরুর দিকের দাবি, ‘দলবদলসহ সবকিছু পূর্বের পদ্ধতিতে বহাল রেখে আগামী ৩ জুলাই থেকে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ শুরু এবং বিপিএলে খেলোয়াড়দের বকেয়া টাকা পরিশোধের নির্দিষ্ট সময় ঘোষণা না করা পর্যন্ত আমরা জাতীয় ক্রিকেটার, প্রথম শ্রেণীর ক্রিকেটার, বাংলাদেশ “এ” ও একাডেমি দলসহ সব ক্রিকেটার প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ থেকে দূরে থাকব।’ ক্রিকেটারদের সভায় চলমান কন্ডিশনিং ক্যাম্পে অংশ নেওয়া প্রায় সব ক্রিকেটারই ছিলেন। ছিলেন ঘরোয়া ক্রিকেটে খেলা আরও অনেকেই। সব মিলিয়ে সংখ্যাটা শ খানেক হবে।খেলোয়াড়দের বয়কটের সিদ্ধান্ত প্রিমিয়ার লিগের ভবিষ্যৎ আরও অনিশ্চিত করে তুলল। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় যদিও আশাবাদী হতে চেষ্টা করলেন বিসিবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী, ‘আমরা এখনো খেলোয়াড়দের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু পাইনি। তাদের সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানলে আলোচনা করে সমাধানের চেষ্টা করব। তারা কতটুকু ছাড় দিতে পারে বা আমরা কতটুকু সমাধান করতে পারি, সেগুলো আমরা দেখব।’ এ তো গেল বিকেলের খবর। সিসিডিএমের প্রধান জালাল ইউনুসের বক্তব্য অনুযায়ী, খেলোয়াড়দের অবস্থান নাকি তাঁরা কাল রাত পর্যন্ত আনুষ্ঠানিকভাবে জানতে পারেননি! তিনি বরং বিস্ময় প্রকাশ করেছেন, ‘গ্রেডিং পদ্ধতি নিয়ে তো কোয়াবের আপত্তি ছিল না! তারা গ্রেডিংয়ের টাকাপয়সা নিয়ে কথা বলছিল। আপত্তি থাকলে সেখানে থাকতে পারে।’খেলোয়াড়েরা লিগ বর্জনের হুমকি দেওয়ার আগে কালই সিসিডিএমের প্রধান নিজেদের মধ্যে এক সভা শেষে বলেছিলেন, এ প্লাস, এ, বি প্লাস, বি, সি, ডি এবং ই—এই সাত শ্রেণীতে মোট ১৮৪ জনের তালিকা করা হয়েছে, যার মধ্যে ঢাকা লিগে খেলা ৯৯ শতাংশ খেলোয়াড়ই আছেন। শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠেয় ২৩ জুনের লটারিতে তাঁদের মধ্য থেকেই খেলোয়াড় নেবে ক্লাবগুলো। তবে পারিশ্রমিক চূড়ান্তকরণ ও বাইলজ-সংক্রান্ত কিছু কাজ এখনো বাকি।কোয়াব ও বিসিবির কথা শুনে মনে হচ্ছে, লিগের নতুন পদ্ধতি নিয়ে কাল পর্যন্ত তাদের মধ্যে কোনো যোগাযোগই হয়নি! তা ছাড়া পুরো ব্যাপারটা যেখানে ক্লাব বনাম খেলোয়াড়দের, সেখানে কোয়াবের সাধারণ সম্পাদকের সব ক্ষোভ মধ্যস্থতাকারী বিসিবির ওপর কেন পড়ল, সেটিও একটি ব্যাপার। সবাই জানে, ক্লাবগুলোর দাবির কারণেই খেলোয়াড়দের পারিশ্রমিকের ওপর নিয়ন্ত্রণ আনার সিদ্ধান্ত, অথচ দেবব্রত পাল ঢোল পেটালেন ক্লাবের পক্ষেই, ‘ক্লাবকে আমরা প্রতিপক্ষ মনে করি না। ক্লাবের সঙ্গে আমাদের কোনো দ্বন্দ্ব নেই। আমরা মনে করি, বাংলাদেশ ক্রিকেটের উন্নয়নে ক্লাবগুলোর অনেক ভূমিকা আছে।’ক্লাব ও ক্রিকেটাররা একসঙ্গে কাজ করলে দেশের ক্রিকেট আরও এগিয়ে যাবে বলেও বিশ্বাস কোয়াবের সাধারণ সম্পাদকের। সেটাই যদি হবে, বিসিবিকে মাঝখানে না এনে ক্লাব আর কোয়াব মিলেই সমস্যার সমাধান করে ফেলা হয় না কেন?