প্রিমিয়ার লিগ বয়কটের হুমকি কোয়াবের
এবারের আসর থেকেই লিস্ট ‘এ’ ক্রিকেটের মর্যাদা পেতে যাচ্ছে প্রিমিয়ার লিগের ম্যাচগুলো। কিন্তু এই সুখবরের আনন্দ মাটি হয়ে যাচ্ছে প্রতিযোগিতা থেকে দেশের শীর্ষ ক্রিকেটারদের দূরে থাকার হুমকি। দলবদলের চিরাচরিত প্রথা বাতিল করে গ্রেডিং পদ্ধতিতে পারিশ্রমিক নির্ধারণ করার প্রতিবাদে লিগ বয়কটের হুমকি দিয়েছে কোয়াব।গতকালই গ্রেডিং পদ্ধতিতে ক্রিকেটারদের পারিশ্রমিক নির্ধারণের ঘোষণা দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আজ সোমবার এ বিষয়ে নিজেদের মধ্যে দীর্ঘ আলোচনা করেছে খেলোয়াড়দের সংগঠন কোয়াব। আলোচনা শেষে প্রিমিয়ার লিগ বর্জনের হুমকি দিয়েছেন বাংলাদেশের শীর্ষস্থানীয় ক্রিকেটাররা। বলা হচ্ছে অধিনায়ক মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহও নাকি আছেন বিদ্রোহী এই খেলোয়াড়দের মধ্যে। তাঁদের অভিযোগ, বিসিবি বিষয়টি নিয়ে সবার সঙ্গে আলোচনা না করে একতরফাভাবে সিদ্ধান্ত নিয়েছে। কোয়াবের সেক্রেটারি দেবব্রত পাল বলেছেন, ‘আমরা আমাদের দাবিদাওয়াগুলো লিখিতভাবে জানিয়েছিলাম সিসিডিএমকে। কিন্তু তারা কোন জবাব দেয়নি। আমাদেরকে গণমাধ্যমের কাছ থেকে জানতে হয়েছে যে, তারা গ্রেডিং পদ্ধতি চালু করতে যাচ্ছেন। ফলে আজ আমরা খেলোয়াড়দের সঙ্গে কথা বলে প্রতিযোগিতা থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছি।’ক্রিকেটারদের উচ্চমূল্যের পারিশ্রমিক ঠেকাতে চিরাচরিত দলবদল প্রথা বাদ দিয়ে গ্রেডিং পদ্ধতিতে পারিশ্রমিক নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এখন কোয়াবের এই প্রিমিয়ার লিগ বর্জনের হুমকির পর বিসিবি কী পদক্ষেপ নিতে যাচ্ছে তা এখনো জানা যায়নি। বিসিবির ভারপ্রাপ্ত সভাপতি নিজামুদ্দিন আহমেদ বলেছেন, ‘খেলোয়াড়েরা এখনো তাদের সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে আমাদের জানাননি। সেটা জানার পর আমরা পরিস্থিতি নিয়ে আলোচনা করব।’আগামী ৩ জুলাই থেকে শুরু হওয়ার কথা এবারের প্রিমিয়ার লিগ।— ক্রিকইনফো