প্রিমিয়ার লিগে নিষ্প্রাণ দিন
টানটান উত্তেজনার একটি দিনের পর প্রিমিয়ার লিগে কালকের দিনটা ছিল নিষ্প্রাণ। তিনটি ম্যাচই হয়েছে বলতে গেলে একতরফা। দিনের একমাত্র ‘বড়’ ম্যাচে সূর্যতরুণকে ৫ উইকেটে হারিয়েছে গাজী ট্যাংক ক্রিকেটার্স। ওরিয়েন্টকে ৫৪ রানে হারিয়ে বিকেএসপি পেয়েছে লিগে দ্বিতীয় জয়। অব্যাহত আছে প্রিমিয়ারে প্রথম আসা প্রাইম দোলেশ্বরের পরাজয়ের ধারা, কাল তাদের ৩৭ রানে হারিয়েছে ওল্ড ডিওএইচএস।মিরপুরে টস হেরে ব্যাটিংয়ে নামা সূর্যতরুণ ৫৪ রানের মধ্যে ৩ উইকেট হারানোর পর ৭২ রানে জুটি গড়েন রাজিন সালেহ ও দেবেন্দ্র সিং। তবে জুটিটায় লেগে যায় ২০ ওভার। রাজিন ৫৮ করেছেন ৯০ বলে, সমান বলে ৪০ দেবেন্দ্র। শেষদিকে দ্রুত রান বাড়ানোর চেষ্টায় সফল হননি কেউ। ৪ ওভার বোলিং করে ৩ উইকেট নেন অলক কাপালি, ৩ উইকেট পেয়েছেন সৈয়দ রাসেলও। ৬৫ রানে ৪ ও ১০০ রানে গাজীর ৫ উইকেট তুলে নিয়ে কিছুটা উত্তেজনা ছড়িয়েছিল সূর্যতরুণ। অধিনায়ক নাঈম ইসলাম ও সানজামুল ইসলামের অবিচ্ছিন্ন ৯৫ রানের জুটিতে ১৭ বল আগেই লক্ষ্যে পৌঁছে যায় গাজী।বিকেএসপিতে কুয়াশায় ৩৪ ওভারে নামা ম্যাচটি ছিল যেন পাকিস্তানিদের। টস হেরে আগে ব্যাটিং করা ডিওএইচএস ১৫৪ রান করে দুই পাকিস্তানির ব্যাটে। বাঁহাতি ওপেনার নাসির জামসেদ করেছেন ৫১, রাশেদ হানিফ অপরাজিত ৩৯। দোলেশ্বরের পাকিস্তানি স্পিনার কামরান ইউনুস নেন ৩ উইকেট, দুটি নেন আরেক পাকিস্তানি কায়সার আব্বাস। ব্যাটিংয়েও দোলেশ্বরের সর্বোচ্চ ৩৭ কায়সারের, রান পাননি কামরান (০)। নিয়মিত উইকেট হারিয়ে দোলেশ্বর তাই মুখ থুবড়ে পড়ে ১১৭ রানে। রাশেদ হানিফের পাশাপাশি ৩ উইকেট নিয়ে ম্যাচের সেরা বাংলাদেশের ফরহাদ রেজা।ফতুল্লায় ওপেনার লিটন দাসের ৫৬ রানের পর মোটামুটি রান পেয়েছেন পরের ব্যাটসম্যানরাও। শেষ দিকে সৌম্য সরকারের ৩৪ বলে ৫৩, ফুরকানের ১৪ বলে ৩০ বিকেএসপিকে এনে দেয় ২৪৭ রানের শক্ত ভিত্তি। ওরিয়েন্টের প্রথম চার ব্যাটসম্যান মিলে এক রান করার পরই মোটামুটি নিশ্চিত হয়ে গিয়েছিল ম্যাচের ফল। খুররম শাহজাদের ৭১ বলে ৮৫ রানের ইনিংসটায় দুই শর কাছাকাছি যেতে পেরেছে ওরিয়েন্ট, কিন্তু লিগের প্রথম জয়ের মুখ দেখা আর হয়নি।