প্রিমিয়ার লিগে রুনির ১০০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 ‘এই জয়ে আমি দারুণ খুশি। কারণ জয়টা এসেছে এমন এক স্টেডিয়ামে, ঐতিহ্যগতভাবেই রিয়ালকে যেখানে কঠিন লড়াইয়ের মুখোমুখি হতে হয়েছে।’ ‘এটা আমাদের জন্য খুবই ভালো ফল, কারণ আমরা এমন এক স্টেডিয়ামে খেলেছি, যেখানে খুব কম দলই জিতেছে।’প্রথম উক্তিটি রিয়াল মাদ্রিদ কোচ ম্যানুয়েল পেলেগ্রিনির, পরেরটি বার্সেলোনা কোচ পেপ গার্দিওলার। বোঝাই যাচ্ছে, প্রতিপক্ষ দলের চেয়ে রিয়াল-বার্সা দুই দলেরই বড় প্রতিপক্ষ ছিল স্টেডিয়াম। করুনিয়ার মাঠ রিয়াজরে প্রায় দুই দশক জয়ের মুখ দেখেনি রিয়াল, আর এ মৌসুমে স্পোর্টিং গিজনের মাঠে জয় পাওয়া দুষ্কর হয়ে উঠেছে প্রতিপক্ষ দলগুলোর জন্য। সেই লড়াইয়ে জয়ী দুই দলই, লিগে নিজেদের ৫০তম গোল করে বার্সা হারিয়েছে গিজনকে, করিম বেনজেমার জোড়া গোলে দেপোর্তিভো লা করুনিয়াকে রিয়াল হারিয়েছে ৩-১ গোলে। আর মাঠের বাইরের বিতর্ককে পাশ কাটিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে বার্নলির বিপক্ষে চেলসিকে জিতিয়েছেন জন টেরি।গিজনের মাঠে বার্সার একমাত্র গোলটি করেছেন পেদ্রো রদ্রিগেজ। ৩০ মিনিটে আন্দ্রেস ইনিয়েস্তার ডিফেন্স-চেরা পাসে নিখুঁত ফিনিশিংয়ে বল জালে পাঠান পেদ্রো। তাতে বার্সেলোনার সঙ্গে রিয়ালের পয়েন্ট ব্যবধান থাকল ৫। করুনিয়ার মাঠে রিয়াল নেমেছিল ক্রিস্টিয়ানো রোনালদো, গঞ্জালো হিগুয়েইনদের ছাড়া। ১৩ মিনিটে এস্তেবান গ্রানেরোর হেড এগিয়ে দেয় রিয়ালকে। ৪০ মিনিটে গুতির বানিয়ে দেওয়া বলে দলের দ্বিতীয় আর নিজের প্রথম গোলটি করেন ফ্রেঞ্চ স্ট্রাইকার বেনজেমা। ৮৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ম্যাচে সাময়িক উত্তেজনা ফিরিয়েছিলেন করুনিয়ার রিকি। কিন্তু ৯০ মিনিটে আবার গোল করে সহজ জয় নিশ্চিত করেন বেনজেমা।আনেলকার গোলে এগিয়ে যাওয়া চেলসির সঙ্গে বার্নলি সমতা আনে ফ্লেচারের গোলে। ৮২ মিনিটে অ্যাশলি কোলের কর্নারে হেড করে জয়সূচক গোল করেন টেরি। এই জয়ে ২৩ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে শীর্ষেই থাকল চেলসি। একই দিনে লিভারপুল ২-০ গোলে হারিয়েছে বোল্টনকে। আর কাল আর্সেনালকে ৩-১ গোলে হারিয়ে ৫৩ পয়েন্ট নিয়ে চেলসির কাছে চলে গেছে ম্যানইউ। এ ম্যাচেই প্রিমিয়ার লিগে নিজের শততম গোল করেছেন ম্যানইউর ওয়েইন রুনি। এএফপি।