প্রিমিয়ার লিগে শীর্ষে ওঠার লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ এক অদ্ভুত সমস্যা। যার মুখোমুখি হয়ে হোসে মরিনহোর মতো কোচকেও স্বীকার করতে হচ্ছে তিনি চাপে আছেন!
কী সমস্যা? গোল করতে পারছেন না চেলসি স্ট্রাইকাররা। ফার্নান্দো তোরেস, স্যামুয়েল ইতো আর ডেম্বা বা—তিন স্ট্রাইকার মিলে এই মৌসুমে প্রিমিয়ার লিগে গোল করেছেন মাত্র পাঁচটি! অন্যদের লক্ষ্যভেদে এ পর্যন্ত উৎরে গেলেও এভাবে যে লিগের লম্বা রেস জেতা যাবে না সেটা মরিনহো বুঝতে পারছেন ভালোই। মৌসুম মধ্যবর্তী দলবদলের জানালা খোলার আগেই তাই চেলসি কোচ নজর দিয়েছেন জেনিতের হাল্ক ও অ্যাটলেটিকো মাদ্রিদের ডিয়েগো কস্তাদের ওপর।
শেষ পর্যন্ত তাদের কেউ এসে মরিনহোর এই সমস্যা দূর করে দিতে পারেন কি না সেটা দেখার অপেক্ষায় থাকতে হবে। কিন্তু তার আগে সোমবার আর্সেনালের বিপক্ষে ম্যাচে মরিনহোকে আস্থা রাখতে হচ্ছে তোরেস-ইতোদের ওপরই।
নগর প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে দ্বৈরথে এমনিতেই উত্তাপ থাকে। সেটি এবার আরও বেড়ে গেছে পয়েন্ট তালিকায় দুই দলের অবস্থানের কারণে। ১৬ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা আর্সেনাল জিতে গেলে তৃতীয় স্থানে থাকা চেলসির চেয়ে এগিয়ে যাবে পাঁচ পয়েন্টে। অন্যদিকে এমিরেটস স্টেডিয়ামে চেলসি জিতলে আর্সেনালের চেয়ে তারা এগিয়ে যাবে এক পয়েন্টে। তবে তার পরও শীর্ষস্থানটা অবশ্য এককভাবে মরিনহোর দলের নাও হতে পারে। অ্যানফিল্ডে আজ কার্ডিফ সিটির সঙ্গে জিতলে পয়েন্ট তালিকার এক নম্বরে চলে যাবে লিভারপুল। সে ক্ষেত্রে আর্সেনালকে হারাতে পারলে পয়েন্ট সমান হবে চেলসি ও লিভারপুলের।
জিতেও শীর্ষে ওঠার সম্ভাবনা নেই ১৬ ম্যাচে ৩২ পয়েন্ট পাওয়া ম্যানচেস্টার সিটির। তবে ফুলহামের সঙ্গে সিটির আজকের ম্যাচটার গুরুত্ব অন্য জায়গায়। লিগে এই মৌসুমে নিজের মাঠে কোনো ম্যাচে হারেনি সিটি। কিন্তু প্রতিপক্ষের মাঠে ৮ ম্যাচ খেলে জিতেছে মাত্র দুটিতে। তার ওপর চোটের কারণে ছিটকে যাওয়ায় ক্র্যাভেন কটেজে আজ খেলতে পারবেন না সিটির বড় ভরসা সার্জিও আগুয়েরো। সিটিজেন সমর্থকদের এই অস্বস্তি কিছুটা দূর করতেই যেন এগিয়ে এলেন আরেক স্ট্রাইকার এডিন জেকো, ‘ও আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তার অভাব পূরণ করাটা কঠিন। তবে আমিও স্ট্রাইকার এবং গোল করাটা আমারও পছন্দের। সুযোগ পেলে আমি সেরাটা দেখাতে চাই।’
আর্সেনালের চেয়ে ১০ পয়েন্ট পিছিয়ে থাকায় আপাতত শীর্ষে ওঠার লড়াইয়ে নেই ম্যানচেস্টার ইউনাইটেড। তবে মাসের শুরুর দিকে এভারটন আর নিউক্যাসলের সঙ্গে পরপর দুটি হারের ধাক্কা সামলে আবারও ঘুরে দাঁড়িয়েছে ডেভিড ময়েসের দল। শাখতার, অ্যাস্টন ভিলা আর স্টোক সিটির সঙ্গে টানা তিনটি জয় ইউনাইটেডকে করে তুলেছে আত্মবিশ্বাসী। আরেকটা সুসংবাদ হলো, চোটের কারণে লিগ কাপে স্টোকের বিপক্ষে খেলতে না পারা ওয়েইন রুনি সুস্থ হয়ে উঠেছেন পুরোপুরি।
ওল্ড ট্রাফোর্ডে আজ ওয়েস্ট হামের বিপক্ষেই তাই মাঠে নামতে পারেন এই মৌসুমে লিগে ইউনাইটেডের সর্বোচ্চ গোলদাতা। এএফপি, রয়টার্স।