প্রিমিয়ার লিগের ফাঁকে জাতীয় লিগ
ক্লাব রাজনীতির সামনে বিসিবির দৌড়টা বোঝা গেল। বড় দলগুলো খেলতে চায় না বলে আপাতত বন্ধই থাকছে লিগ। তবে এই ফাঁকে ১৩তম জাতীয় লিগের শেষ তিনটি ম্যাচ আয়োজন করে ফেলবে টুর্নামেন্ট কমিটি। ২০ থেকে ২৩ এপ্রিল অনুষ্ঠিত হবে দ্বিতীয় পর্বের বাকি দুটি ম্যাচ, ২৬ থেকে ৩০ এপ্রিল ফাইনাল।ফতুল্লা স্টেডিয়ামে খেলবে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা খুলনা ও চতুর্থ স্থানে থাকা ঢাকা। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মুখোমুখি হবে দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা সিলেট আর রাজশাহী।কাল সংবাদ সম্মেলনে বিসিবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী ব্যাখ্যা করেছেন অসমাপ্ত প্রিমিয়ার লিগ এখনো শুরু না হওয়ার কারণ, ‘সমস্যার গ্রহণযোগ্য সমাধানের জন্য বোর্ড কাজ করছে। এ ব্যাপারে আইনি পরামর্শের জন্য বিষয়টি আমরা আইন বিশেষজ্ঞদের কাছে দিয়েছি। তবে আমরা জাতীয় লিগ শুরু করে দেব। এর মধ্যে প্রিমিয়ার লিগের ব্যাপারে সিদ্ধান্ত হলে প্রিমিয়ার লিগের ম্যাচও হবে।’স্থগিত প্রিমিয়ার লিগের ফাঁকে জাতীয় লিগ হওয়ার সিদ্ধান্ত সিসিডিএমের ভারপ্রাপ্ত প্রধান হানিফ ভূঁইয়া প্রথমে জেনেছেন টেলিভিশনের খবরে, পরে জেনেছেন ভারপ্রাপ্ত প্রধান নির্বাহীর কাছ থেকে। প্রিমিয়ার লিগের ভবিষ্যৎ নিয়ে অন্য সবার মতো তিনিও অন্ধকারে। হানিফ ভূঁইয়া তাই তাকিয়ে আছেন বিসিবি সভাপতির দিকে, ‘আশা করি দুবাই থেকে ফিরে বোর্ড সভাপতি ক্লাবগুলোকে নিয়ে বসে একটা কিছু করবেন। তবে আমার মনে হয় না, জাতীয় লিগ শেষ হওয়ার আগে প্রিমিয়ার লিগের ম্যাচ হবে।’