প্রিয় ক্লাবের বিপক্ষে তোরেস
ফার্নান্দো তোরেসের আজ বড় এক পরীক্ষার রাত। নিজেকে উজাড় করে দিতে হবে এমন এক ক্লাবের বিপক্ষে, যে ক্লাব আছে তাঁর মনপ্রাণজুড়ে! উয়েফা সুপার কাপে তোরেসের চেলসি আজ মুখোমুখি তোরেসের বেড়ে ওঠার ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদের।১১ বছর বয়সে ট্রায়াল দিতে গিয়ে মুগ্ধ করলেন স্কাউটদের। অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে বন্ধনের সেই শুরু, যা টিকে ছিল প্রায় এক যুগ। কাগজে-কলমে বন্ধনটা ছিঁড়ে গেছে ২০০৭ সালে। লিভারপুল হয়ে তোরেস এখন চেলসিতে। কিন্তু আত্মার বন্ধনটা আছে এখনো। নিজেকে এখনো অ্যাটলেটিকোরই একজন মনে করেন এই স্ট্রাইকার।তবে তার মানে এই নয় যে স্মৃতিকাতরতায়ই ডুবে থাকবেন তোরেস। প্রিয় ক্লাবকে হতাশ করে আজ জয় দেখতে চান বর্তমান ক্লাবেরই, ‘অ্যাটলেটিকোয় আমি ১২ বছর কাটিয়েছি, ওখানে অধিনায়ক ছিলাম এবং আমি ওদেরই একজন। আমি অ্যাটলেটিকোর একজন ভক্ত, একজন সমর্থক। কিন্তু শুক্রবার রাতে সর্বস্ব দিয়েই আমি চাইব চেলসির জয়। আমার জন্য ব্যাপারটা হবে খুব অদ্ভুত, কারণ ৯০ মিনিটের জন্য আমি অ্যাটলেটিকোর সমর্থক থাকব না। তবে ম্যাচ শেষেই আবার সমর্থক হয়ে যাব।’অ্যাটলেটিকো ছেড়ে এসে চার মৌসুম বেশ দাপটেই কাটিয়েছেন লিভারপুলে। এরপর ইংলিশ ফুটবলের সবচেয়ে বেশি ট্রান্সফার ফিতে (৫০ মিলিয়ন পাউন্ড) পাড়ি জমালেন চেলসিতে। কিন্তু স্টামফোর্ড ব্রিজে এসেই যেন খেই হারিয়ে ফেললেন। জায়গা হলো তাই বেঞ্চে। দীর্ঘ গোলখরার পর অবশেষে গত মৌসুমের শেষ দিকে খুঁজে পান নিজেকে। এ মৌসুমেও শুরুটা হয়েছে দারুণ।তোরেসের দাবি, কঠিন সময়টা তাঁকে আরও পরিণত করে তুলেছে, ‘লিভারপুল থেকে চেলসিতে আসার পর মানিয়ে নেওয়াটা আমার ভাবনার চেয়েও কঠিন হয়ে দাঁড়িয়েছিল। তবে আমার মানসিকতা এখন আরও শক্ত। লিভারপুলের দিনগুলোর চেয়েও এখন আমি ভালো ফুটবলার, বক্সের বাইরে ভালো খেলি, যোগাযোগটাও ভালো করতে পারি।’ রয়টার্স।