প্রিয় দলকে হারতে দেখে
দর্শক হাঙ্গামায় সেনেগাল ও আইভরি কোস্টের আফ্রিকান নেশনস কাপের বাছাইপর্বের ম্যাচটি পণ্ড হয়ে গেছে। ২০১৩ আফ্রিকান নেশনস কাপ থেকে নিজেদের দলের বাদ পড়া নিশ্চিত হতে দেখেই হাঙ্গামা বাধিয়ে দেয় সেনেগালিজ সমর্থকেরা। প্রথম লেগে আইভরি কোস্টের মাঠ থেকে ৪-২ গোলে হেরে আসে সেনেগাল। দক্ষিণ আফ্রিকার টিকিট পেতে হলে তাই পরশু দ্বিতীয় লেগে সেনেগালকে জিততে হতো বড় ব্যবধানে। উল্টো দিদিয়ের দ্রগবার জোড়া গোলে আইভরি কোস্টই এগিয়ে যায় ২-০ গোলে। দুই লেগ মিলিয়ে আইভরি কোস্ট তখন ৬-২ ব্যবধানে এগিয়ে। আশা শেষ বুঝতে পেরেই ৭৫ মিনিটে পেনাল্টি থেকে দ্রগবা দ্বিতীয় গোলটি করতেই সমর্থকেরা বাধিয়ে দেয় লঙ্কাকাণ্ড। গ্যালারিতে আগুন ধরিয়ে দেয়, খেলোয়াড়দের লক্ষ্য করে ছুড়তে থাকে পাথর, চেয়ার ও বোতল। মাঠের মাঝখানে দুই দলের খেলোয়াড়দের ঘিরে পুলিশ নিরাপত্তাবর্ম তৈরি করে। কাঁদানে গ্যাসও ছোড়ে। খেলা ৪০ মিনিট বন্ধ থাকার পর ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়।অবশ্য বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। সেনেগালের ক্রীড়ামন্ত্রী এল হাজি মালিক গাকোউ জানিয়েছেন, ১০ জন হালকা চোট পেয়েছেন। সমর্থকদের ছোড়া পাথরের আঘাতে আহত হয়েছেন গাকোউ নিজেও। এএফপি।