প্রিয় মাঠে চেনা স্ট্রাউস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন্ধুত্বের শুরু সেই মিডলসেক্সের দিনগুলো থেকেই। টেস্ট অভিষেকে এখানেই করেছিলেন সেঞ্চুরি, দ্বিতীয় ইনিংসে ৮৩ রানে রানআউট না হলে পেয়ে যেতে পারতেন জোড়া সেঞ্চুরিও। কালকের আগে এখানে ছিল চারটি টেস্ট সেঞ্চুরি, গড় ৫৫। চরম দুঃসময়ে আবারও পরম বন্ধুর ভরসায় হাত বাড়িয়ে দিল লর্ডস। রানের দেখা পেলেন প্রচণ্ড চাপে থাকা অ্যান্ড্রু স্ট্রাউস। চাপকে পুরোপুরি জয় করে ধারাবাহিকতায় ফিরতে পারবেন কি না, সেটি সময়ই বলবে। তবে পেয়ে গেছেন কাঙ্ক্ষিত সেই সেঞ্চুরি। ২০তম টেস্ট সেঞ্চুরি পেলেন ১৯তম সেঞ্চুরির ২৫ ইনিংস পর! সেঞ্চুরি উদ্যাপনটাও তাই হলো দেখার মতো! স্ট্রাউসের সেঞ্চুরির সুবাদে ৩ উইকেটে ২৫৯ রান তুলে দ্বিতীয় দিন শেষ করেছে ইংল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজের চেয়ে এগিয়ে ১৬ রানে। দল আর নিজের দুই রকম চ্যালেঞ্জ নিয়ে সিরিজটা শুরু হয়েছিল স্ট্রাউসের। দলের এক নম্বর জায়গাটা ধরে রাখা নিয়ে সংশয় সামান্যই। নিজের চ্যালেঞ্জে জয়ী হওয়ার ইঙ্গিত দিয়ে রাখলেন সিরিজের প্রথম ইনিংসেই। শুরুতে কিছুটা জড়তা ছিল। তুলনায় সপ্রভিত ছিলেন বরং অ্যালিস্টার কুক। তবে ভালো শুরুর পর উইকেটটা তিনি ছুড়ে এসেছেন। উইকেট থেকে ইংলিশ বোলারদের মতো বাউন্স পাচ্ছিলেন না ক্যারিবীয় বোলাররা। ওই বাউন্স না পাওয়াই শাপে বর হলো তাদের। কেমার রোচের একটু নিচু হওয়া বল কাট করতে গিয়ে উইকেটে টেনে আনলেন কুক।কুকের বিদায় যেন স্ট্রাউসকে জাগিয়ে তুলল। অনেক দিন পর প্রিয় কাট শটটা নিখুঁতভাবে খেললেন বেশ কয়েকটি। ছিল চেনা ফ্লিক আর ড্রাইভগুলো। জোনাথন ট্রটকে তো বাজে ফর্ম ব্যাপারটা এখনো স্পর্শই করেনি টেস্ট ক্রিকেটে। কালও খেলেছেন নিজের মতোই। ৫৮ রানে আউট হওয়ার আগে দ্বিতীয় উইকেটে দুজন গড়েন ১৪৭ রানের জুটি। এরপর পিটারসেন ফেরেন ৩২ রানে। চার পেসার নিয়ে নামা ক্যারিবীয় বোলিং আক্রমণকে মনে হয়েছে নখদন্তহীন। না পেয়েছেন বাউন্স, না সুইং। ওটিস গিবসনের ‘সারপ্রাইজ প্যাকেজ’ অভিষিক্ত শ্যানন গ্যাব্রিয়েলকেও আহামরি কিছু মনে হয়নি। ট্রটকে ফেরানো স্যামির আউটসুইঙ্গারটি অবশ্য ছিল দারুণ। স্ট্রাউস সেঞ্চুরি ছুঁয়েছেন ২১৩ বলে, স্যামিকে কাট করে চার মেরে। ইনিংসটার পথে অ্যালেক স্টুয়ার্টকে (১৪৭৬) ছাড়িয়ে লর্ডসে সর্বোচ্চ রানসংগ্রহকারীর তালিকায় উঠে এসেছেন দুইয়ে।সকালে ওয়েস্ট ইন্ডিজের শেষ উইকেটটা নিতে মাত্র এক বল লেগেছে ইংল্যান্ডের। ক্যারিয়ারে প্রথমবার ৭ উইকেট পেয়েছেন স্টুয়ার্ট ব্রড, আগের দিন শেষ বিকেলে টানা দুই বলে উইকেট নেওয়ায় দ্বিতীয় ইনিংসে বল হাতে নেবেন হ্যাটট্রিকের সামনে দাঁড়িয়ে। তথ্যসূত্র: ওয়েবসাইট।