প্রিয় শিষ্যের ফেরার প্রতীক্ষায় সিডন্স
রকিবুল হাসান কেন ক্রিকেট ছাড়লেন, এ নিয়ে চলছে জোর জল্পনা-কল্পনা। অথচ খুব বেশি দিন হয়নি, যখন এই প্রশ্ন করার মতো লোকের অভাব ছিল না ‘রকিবুল কেন দলে আছে!’ অনেকে বলতেন, জেমি সিডন্সের প্রিয় বলেই নাকি দলে টিকে যাচ্ছিলেন রকিবুল। এ কথাটার সত্যাসত্য নিয়ে তর্ক হতে পারে। তবে রকিবুলকে যে পছন্দ করেন, এটা নিয়ে সিডন্স খুব একটা রাখঢাক করতেন না। প্রিয় শিষ্যের এমন চমকে বাংলাদেশের কোচের প্রতিক্রিয়া কী?‘আবেগ থেকেই ও এমন সিদ্ধান্ত নিয়েছে। ওর নিজের জন্য এবং পরিবারের জন্যও এটা একটা বাজে সিদ্ধান্ত। তবে এ মুহূর্তে খুব হতাশ ও দ্বিধান্বিত। ও খুব শক্ত মানসিকতার ছেলে। আশা করি ও ফিরে আসবে’—রকিবুলের মনস্তত্ত্বটা যেন খুব ভালোভাবেই বুঝতে পেরেছেন সিডন্স। কারণ হিসেবে রকিবুল নিজে যা বলেছেন, ঠিক একই রকম ধারণা কোচেরও, ‘ওয়ানডে দল থেকে যেভাবে বাদ দেওয়া হয়েছে, এটা ওর ভালো লাগেনি। টি-টোয়েন্টির ৩০ জনের দলেও ওকে রাখা হয়নি, আমারও মনে হয়, এটা ছিল “ব্যাড সিলেকশন”। সে মনে করে, ৩০ জনের দলে থাকার মতো যোগ্যতা অন্তত সে প্রমাণ করেছে এবং আমারও তা-ই ধারণা।’রকিবুলের প্রতি সহানূভূতি দেখালেও তাঁর জন্য বড় এক আঘাত হিসেবেই এসেছে, এটাও স্বীকার করেছেন সিডন্স, ‘প্রস্তুতি ম্যাচে ও সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরি করেছে, ওকে না পাওয়া অবশ্যই বড় একটা আঘাত। দুই বছর ধরেই ওকে আমরা গড়ে তুলছি। শুধু এই সিরিজ নয়, বিশ্বকাপের জন্যও তাই এটা একটা আঘাত।’ যার পেছনে এত বিনিয়োগ, তাঁকে খুব শিগগির ফিরে পাবেন বলে আশা করছেন সিডন্স, ‘আমি জানি না, সে কাকে কী বোঝাতে চায়, কিংবা কী প্রমাণ করতে চায়। তবে আশা করি, নিকট ভবিষ্যতেই ওর চিন্তাভাবনা পরিবর্তন হবে, ও ফিরে আসবে। আর আশা করি, বোর্ড কর্মকর্তারাও ওকে উষ্ণভাবে গ্রহণ করবেন।’