প্রীতি ম্যাচ খেলতে ঢাকায় আসছে পাকিস্তান
সাফ ফুটবলের প্রস্তুতির জন্য থাইল্যান্ডে যাওয়ার কথা বাংলাদেশ দলের। কিন্তু আপাতত স্থগিত করা হয়েছে সফরটি। যদিও কাল বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিনের সঙ্গে দেখা করে ১৫-১৬ জুলাইয়ের দিকে দল থাইল্যান্ডে পাঠাতে অনুরোধ করেছেন কোচ ডি ক্রুইফ। এরই মধ্যে মেঘ না চাইতেই বৃষ্টির মতো পাকিস্তান জাতীয় দল প্রস্তুতি ম্যাচ খেলতে ঢাকায় আসতে চায়। বাফুফের পক্ষ থেকে সবুজ সংকেতও দেওয়া হয়েছে।
সবকিছু ঠিক থাকলে আগামী ১১ আগস্ট ঢাকায় আসার কথা পাকিস্তান জাতীয় দলের। ১৩ আগস্ট বাংলাদেশ-পাকিস্তান প্রীতি ম্যাচ হবে বঙ্গবন্ধু স্টেডিয়ামে। ১৬ আগস্ট পাকিস্তান আরেকটি প্রীতি ম্যাচ খেলতে চায় বাংলাদেশের সঙ্গে। তবে কোচ লোডভিক ডি ক্রুইফ পাকিস্তানের সঙ্গে সাফের আগে একটির বেশি প্রস্তুতি ম্যাচ খেলতে রাজি নন বলে জানা গেছে।
১-১১ সেপ্টেম্বর কাঠমান্ডুতে অষ্টম সাফ ফুটবল সামনে রেখে আরও অন্তত গোটা তিনেক প্রস্তুতি ম্যাচের ব্যবস্থা করা হবে বাংলাদেশ দলের জন্য। জাতীয় দলকে থাইল্যান্ডে পাঠানো মোটামুটি নিশ্চিতই, এ ছাড়া কাতারেও দল পাঠানোর চিন্তাভাবনা চলছে।
উল্লেখ্য, বাংলাদেশ-পাকিস্তান শেষবার মুখোমুখি হয়েছিল দুই বছর আগে, বিশ্বকাপ বাছাইপর্বে। দুই লেগের প্রথমটিতে বঙ্গবন্ধু স্টেডিয়ামে পাকিস্তানকে ৩-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। লাহোরে ফিরতি লেগ গোলশূন্য।