প্রীতি ম্যাচে আয়ারল্যান্ডকে হারাল আর্জেন্টিনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জার্মানির কাছে হেরে বিদায় নেওয়ার পর আর্জেন্টাইন ফুটবলে ঘটে গেছে অনেক ঘটনা। কোচের পদ থেকে বিদায় নিয়েছেন ডিয়েগো ম্যারাডোনা। দলেও এসেছে বেশ কিছু পরিবর্তন। ভারপ্রাপ্ত কোচ সার্জিও বাতিস্তার অধীনে কাল ডাবলিনে প্রথম মাঠে নেমেই জয় তুলে নিয়েছে মেসি-হিগুয়েইনেরা। ডাবলিনে বুধবার আয়ারল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে বাতিস্তাকে অনেকটাই স্বস্তি এনে দিয়েছেন আর্জেন্টাইন ফুটবলাররা।খেলার প্রথমার্ধে অ্যাঙ্গেল ডি মারিয়ার গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। গোল করার আগে-পরে সব মিলিয়ে ডাবলিনের আভিভা স্টেডিয়ামে কাল ছিল মেসিদেরই দাপট। গত মাসে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জার্মানির বিপক্ষে খেলা আটজন খেলোয়াড় গতকাল আয়ারল্যান্ডের বিপক্ষে খেলেছেন।ইতালীয় কোচ জিওভান্নি ত্রপাত্তনির কোচিংয়ে আইরিশ দল দ্বিতীয়ার্ধে খেলায় ফিরে আসার চেষ্টা করে। আয়ারল্যান্ডের হয়ে শততম ম্যাচ খেলতে নামা অধিনায়ক রুবি কিয়ানের নেতৃত্বে বেশ কয়েকটি গোলের সুযোগ তৈরি করেও গোলের দেখা পায়নি আয়ারল্যান্ড। খেলা শেষ হওয়ার ১৫ মিনিট আগে রিয়াল মাদ্রিদের তারকা ফার্নান্দো গ্যাগো আর্জেন্টিনাকে আরও এগিয়ে দিতে পারতেন। কিন্তু তাঁর তৈরি করা সুযোগটি অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।খেলা শেষে কোচ সার্জিও বাতিস্তা বলেছেন, ‘বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পরাজয়ের পর আর্জেন্টিনার একটি ভালো জয় দরকার ছিল। আয়ারল্যান্ডকে তাদের মাটিতে হারিয়ে আমাদের নবযাত্রা হলো।’ প্রথমার্ধে আর্জেন্টাইন দলের খেলার প্রশংসা করে তিনি বলেন, প্রথমার্ধে দলকে পূর্ণমান দেওয়া যেতে পারে। সত্যিই তারা চমত্কার খেলেছে। রয়টার্স।