প্রীতি ম্যাচে গোল-উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যাচটার গায়ে ছিল প্রীতি ম্যাচের মোড়ক। কিন্তু দুই দলের লড়াই দেখে কে বলবে এটি প্রীতি ম্যাচ! প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচের মতো উত্তেজনা, হার না-মানার মানসিকতা, দর্শকদের কখনো হাততালি, কখনো গালাগাল, রেফারির সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ—কী ছিল না এই ম্যাচে! মাঠে দুই দলের খেলোয়াড়েরা করলেন গোল-উৎসব। গোল হলো ৮টি। সদ্য বাংলাদেশ লিগ চ্যাম্পিয়ন আবাহনী করল পাঁচটি, তিন গোল করে হার ঠেকাতে পারেনি ঢাকার ব্যাংকের জার্সি গায়ে খেলা বাংলাদেশ লিগের অবশিষ্ট একাদশ। ম্যাচের পর মাঠে ঢুকে আবাহনীর সমর্থকেরা উৎসব করল। চার দিন আগেই এই সমর্থকেরা বঙ্গবন্ধু স্টেডিয়ামে ‘আবাহনী’, ‘আবাহনী’ স্লোগান দিয়ে বাংলাদেশ লিগ জয়ের আনন্দ করেছে। কালকের সন্ধ্যায় আবাহনী পরিবারের শির উন্নতই রইল মর্যাদার প্রীতি ম্যাচ জয়ে। এতে একটা দুয়ার যেন খুলল। লিগের পর এই প্রথম প্রীতি ম্যাচ হওয়ায় ভবিষ্যতেও এমন আয়োজন হতে পারে। এবার উপলক্ষটা এনেছে ঢাকা ব্যাংক। তারা তাদের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষেই এই আয়োজনে নামে। দেশের ফুটবলে এটা যোগ করেছে নতুন মাত্রা। ঢাকা ব্যাংক আরও বড় পরিসের ফুটবল পৃষ্ঠপোষণায় আসতে পারে।সেই বার্তা নিয়েই যেন ঢাকা ব্যাংকের কর্মকর্তারা কাল মাঠে এলেন। গ্যালারিতে ব্যাংকের ছোট প্ল্যাকার্ড-সংবলিত পতাকা ছড়ানো হলো। দর্শকও মোটামুটি হাজার পাঁচেক। তবে এমন প্রশংসনীয় আয়োজনেও যথারীতি বিশৃঙ্খলা থাকল। মাঠে লোক ঢুকে পড়ার প্রতিরোধে ব্যবস্থা ছিল না। বিটিভিতে ম্যাচ দেখানো হলো, অথচ কোনো পূর্বঘোষণাও দেওয়া হয়নি। ম্যাচে আবাহনীর দুই ঘানাইয়ান ইব্রাহিম আর সামাদ ইউসুফের মধ্যে একপর্যায়ে প্রায় হাতাহাতি লেগে যায়! ব্যাংক একাদশে ডাক পাওয়া ২০ খেলোয়াড়ের আটজনকেই পাওয়া গেল না! নানা কারণে গোলরক্ষক মোস্তাক, আরিফ, এমিলি, ইমন বাবুরা খেলতে পারেননি। পরে নতুন খেলোয়াড় ডেকে একাদশ তৈরি হয়—টিটু, মিশু, সুইট, সৈকত, মামুনুল, মারুফ, কেষ্ট, কমল, শাকিল, মিঠুন, জামাল।ব্যাংক একাদশের কোচ মারুফুল হক ম্যাচের পর বললেন, ‘ঢাল-তলোয়ারবিহীন নিধিরাম সর্দার ছিলাম! লেফটব্যাক নেই, স্টপার নেই...দলই তো নামাতে পারছিলাম না।’ ওদিকে আবাহনী ছিল পুরো শক্তির। জিয়া, ওয়ালি, সামাদ, সুজন, লিংকন, তৌহিদ, ইয়োকো, জাহিদ, প্রাণতোষ, সিলভা, ইব্রাহিম ছিলেন সেরা একাদশে।আবাহনীকে ২-০ গোলে এগিয়ে নেন ইব্রাহিম, দ্বিতীয় গোলটা পেনাল্টি থেকে। তবে গোল না করলেও তিনটি গোল তৈরি করে উইঙ্গার জাহিদ ছিলেন সমর্থকদের উৎসবের কেন্দ্রে। ওদিকে ঢাকা ব্যাংক দলের মিঠুন ও শাকিল ২-২ করলেও শেষ রক্ষা হয়নি আবাহনীর জয়ের তৃষ্ণার কাছে। মূলত আবাহনীর বিদেশিরাই গড়েছেন ম্যাচের ভাগ্য। ফ্রাঙ্ক ৩-২, এরপর রনি করেন ৪-২। ব্যাংক দলের বদলি খেলোয়াড় দিদার ৪-৩ করলেও শেষ দিকে আবার রনির গোল। প্রীতি ম্যাচে হলো গোল-উৎসব!