শেষ মিনিটের গোলে ইংল্যান্ডকে হারিয়েছে হল্যান্ড, জার্মানির বিপক্ষে জিতেছে ফ্রান্স। তবে সবচেয়ে বড় চমক ইতালির বিপক্ষে যুক্তরাষ্ট্রের জয়
প্রীতি ম্যাচে ঘটন-অঘটনের রাত
বেজে গেল ২০১২ ইউরো চ্যাম্পিয়নশিপের ক্ষণগণনার ঘণ্টা। আর পরশু ১০০ দিনের ক্ষণগণনা শুরুর মধ্য দিয়ে যেন শুরু হয়ে গেল মাঠের উত্তেজনাও। প্রীতি ম্যাচের আড়ালে ‘ইউরোর প্রস্তুতি’ বাজিয়ে দেখতে একযোগে মাঠে নেমেছিল পোল্যান্ড-ইউক্রেনের টিকিট কাটা সবগুলো দেশই। কিন্তু আসল টুর্নামেন্ট শুরু হওয়ার ঠিক এক শ দিন আগের রাতটা ভালো কাটল না কয়েক পরাশক্তির।পোল্যান্ড-ইউক্রেন আসরে জার্মানি অন্যতম ফেবারিট। জোয়াকিম লোর দলের সাম্প্রতিক পারফরম্যান্সই তাদের ফেবারিট বানিয়েছে। কিন্তু সেই জার্মানিকে জার্মানির মাঠে ২-১ গোলে হারিয়ে দিয়েছে ফ্রান্স।সাম্প্রতিক ঘটনা বিবেচনায় এর চেয়েও বড় হয়ে উঠেছে ইংল্যান্ড-হল্যান্ড ম্যাচটি। ওয়েম্বলিতে শেষ মুহূর্তের চরম নাটকীয় ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডকে ৩-২ গোলে হারিয়েছে ২০১০ বিশ্বকাপ রানার্সআপ হল্যান্ড। ইউরো ও বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পরশু খেলতে নেমেছিল ৬০০তম ম্যাচ। ভিসেন্তে দেল বস্কের দল মাইলফলক ম্যাচটিকে স্মরণীয় করে রেখেছে ভেনেজুয়েলাকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে। ঘরের মাঠে এটি তাদের টানা ২৭তম জয়।আরেক ফেবারিট ইতালি মহা অঘটনের শিকার। নিজেদের মাটিতে সিজারে প্রানদেল্লির দল ১-০ গোলে হেরে গেছে যুক্তরাষ্ট্রের কাছে।২০১০ বিশ্বকাপে চরম ভরাডুবি এবং বিতর্কের পর দলের উজ্জ্বল ভাবমূর্তি ফেরানোর স্লোগান তুলে ফ্রান্সের দায়িত্ব নেন লরাঁ ব্লাঁ। ফ্রান্সের ১৯৯৮ বিশ্বকাপজয়ী ব্লাঁ যে দলকে ঠিক পথেই এগিয়ে নিচ্ছেন, জার্মানির বিপক্ষে জয় সে কথাই বলে। এই নিয়ে ১৮ ম্যাচে অপরাজিত ব্লাঁর ফ্রান্স। অন্যদিকে জার্মানির এটি গত ১১ ম্যাচে প্রথম হার। লোর দলের সর্বশেষ পরাজয় ২০১১ সালের মার্চে, অস্ট্রেলিয়ার বিপক্ষে এই একই ব্যবধানে।শুরুর দিকে সুযোগ পেয়েছে জার্মানিও। কিন্তু ২১ মিনিটে ফ্রান্সকে এগিয়ে দেন অলিভিয়ের জিরু। ৬৯ মিনিটে এই অলিভিয়েরের বানিয়ে দেওয়া বল পেয়েই ব্যবধান দ্বিগুণ করেন ফ্লোরেন্ত মালুদা। জার্মানির ব্রাজিলিয়ান বংশোদ্ভূত স্ট্রাইকার কাকাউ একটি গোল শোধ করেছেন অতিরিক্ত সময়ে। ম্যাচ শেষে ব্লাঁ ছিলেন উচ্ছ্বসিত, ‘দলের খেলায় আমি খুব খুশি। আমি দায়িত্ব নেওয়ার পর এটা আমাদের অন্যতম সেরা পারফরম্যান্স।’ জার্মানির কোচ লোর কথা, ২০১২ ইউরোতে ফ্রান্স অবশ্যই ফেবারিট, ‘পরিষ্কারভাবেই মাঠে ফ্রান্স ছিল আমাদের চেয়ে ভালো দল।’ওয়েম্বলি ম্যাচের শুরুতেই দেখে এক চমক। আগে ঘোষণা এসেছিল স্টিভেন জেরার্ড ইংল্যান্ডের অধিনায়ক, কিন্তু ম্যাচ শুরুর ঘণ্টা কয়েক আগে অধিনায়ক করা হয় টটেনহাম মিডফিল্ডার স্কট পার্কারকে। মাঠের লড়াইও এরই সমান্তরালে ছিল নাটকীয়তায় ভরা। পাঁচ গোলের ম্যাচটি ৫৭ মিনিট পর্যন্ত ছিল গোলশূন্য। ৫৭ ও ৫৮ দুই মিনিটে দুই গোল করে হল্যান্ডকে ২-০ এগিয়ে দেন আরিয়েন রোবেন ও ইয়ান-ক্লাস হান্টেলার। তবে বড় নাটকটা ঘটেছে শেষ মুহূর্তে। ৮৫ থেকে ৯০—এই পাঁচ মিনিটে দুই গোল করে ইংল্যান্ডকে সমতায় ফেরান গ্যারি কাহিল ও অ্যাশলি ইয়ং। ড্র মেনে নিয়ে সবাই যখন মাঠ ছাড়ার জন্য প্রস্তুত, ঠিক তখনই ইংলিশদের বুকে শেল বিঁধেছেন রোবেন।খেলোয়াড়ি জীবনে কখনো ইতালিকে হারাতে পারেননি ইয়ুর্গেন ক্লিন্সমান। জার্মানির ১৯৯০ বিশ্বকাপজয়ী নায়কের আক্ষেপটা বড় হয়েছে কোচ হিসেবেও। ২০০৬ নিজেদের মাটির বিশ্বকাপে ইতালির কাছে হেরেই ক্লিন্সমানের জার্মানি বিদায় নেয় সেমিফাইনাল থেকে। অবশেষে ক্লিন্সমানকে ইতালির বিপক্ষে জয়ের স্বাদ এনে দিলেন ক্লিন্ট ডেম্পসি। ফুলহামের এই স্ট্রাইকারের গোলেই পরশু ইতালির মাটিতে ইতালিকে হারিয়েছে ক্লিন্সমানের যুক্তরাষ্ট্র।চোটের কারণে ডেভিড ভিয়া নেই। ফর্ম হারিয়ে নিজেকে খুঁজে ফিরছেন ফার্নান্দো তোরেস। স্পেন কোচ অনেকটা নিরুপায় হয়েই স্মরণ করেন রবার্তো সলদাদোকে। ভ্যালেন্সিয়া স্ট্রাইকার পাঁচ বছর পর জাতীয় দলের জার্সি পরে মাঠে নেমেই করেছেন হ্যাটট্রিক। সেই হ্যাটট্রিকও দ্বিতীয়ার্ধে বদলি হিসেব নেমে। নিজেই আদায় করা পেনাল্টিটা মিস না করলে সলদাদোর গোল হয়ে যেতে পারত চারটি। তবে স্পেনের হয়ে ইউরো খেলাটা বুঝি নিশ্চিতই হয়ে গেল ২৬ বছর বয়সী স্ট্রাইকারের। ১০ জনের দল ভেনেজুয়েলার বিপক্ষে স্পেনের বাকি গোল দুটি আন্দ্রে ইনিয়েস্তা ও ডেভিড সিলভার।জ্লাতান ইব্রাহিমোভিচের পেনাল্টি গোল এবং বদলি হিসেবে নামা সেবাস্তিয়ান লারসনের জোড়া গোলে সুইডেন ৩-১ গোলে হারিয়েছে ক্রোয়েশিয়াকে। এএফপি, রয়টার্স।