প্রীতি ম্যাচে জাভেদের বিদায়

সেই একই পোশাক, লাল-সবুজ। সেই একই জুটি, মেহরাব হোসেন ও জাভেদ ওমর বেলিম! একসময় নিয়মিতই ছিল দৃশ্যটি। ১০ বছর পর কাল আবার লাল-সবুজ গায়ে একসঙ্গে ব্যাটিং শুরু করলেন জাভেদ-মেহরাব। তিন নম্বরে সেই পরিচিত মুখ, হাবিবুল বাশার!
না জাতীয় পর্যায়ের ম্যাচ, না ক্লাব ম্যাচ। একটি প্রীতি ম্যাচ। তবে উপলক্ষ ছোট নয়। জাভেদ ওমর বেলিমের বিদায়ী ম্যাচ! একসময় বাংলাদেশ দলের অবিচ্ছেদ্য অংশ, দেশের দ্বিতীয় সফলতম টেস্ট ওপেনার ও চতুর্থ সর্বোচ্চ টেস্ট খেলা ক্রিকেটার আনুষ্ঠানিকভাবে ক্রিকেটকে বিদায় জানালেন এই ম্যাচ দিয়েই। দ্য লিজেন্ডস একাদশ নাম নিয়ে খেলেছেন জাভেদের নানা সময়ের সতীর্থরা, প্রতিপক্ষ ছিল বাংলাদেশ ক্রীড়া সাংবাদিক সংস্থা (বিএসজেএ)।
প্রতিযোগিতামূলক ম্যাচ থেকে বিদায় নিতে না পারলেও জাভেদ বিদায় নিলেন তারার মেলায়। ৪০ টেস্ট খেলা ওপেনারের বিদায়ী ম্যাচে কাল মিরপুরের একাডেমি মাঠ পরিণত হয়েছিল সত্যিকারের মিলনমেলায়। দ্য লিজেন্ডস একাদশ ছিল যেন একসময়কার বাংলাদেশ দলেরই প্রতিচ্ছবি। জাভেদ, মেহরাব, হাবিবুলদের পাশাপাশি আবার একসঙ্গে মাঠে নেমেছিলেন আমিনুল ইসলাম, খালেদ মাসুদ, খালেদ মাহমুদ, এনামুল হক, সানোয়ার হোসেন, হাসিবুল হোসেন, নিয়ামুর রশীদ, মোর্শেদ আলী খান, হাসানুজ্জান ও মিজানুর রহমান। ওই প্রজন্মের সঙ্গে বর্তমান প্রজন্মের সেতুবন্ধ হতেই যেন সাবেক না হয়েও মাঠে নেমেছিলেন মাশরাফি বিন মুর্তজা। না খেললেও মাঠে ছিলেন ফারুক আহমেদ, মঞ্জুরুল ইসলাম ও বিকাশ রঞ্জন দাস ওরফে মাহমুদুল হাসান। পূর্বসূরিকে বিদায়ী শ্রদ্ধা জানাতে এসেছিলেন তামিম ইকবাল, রকিবুল হাসান ও এনামুল জুনিয়রের মতো বর্তমান ক্রিকেটাররাও। পরিবার-পরিজন নিয়ে এসেছিলেন জাভেদ। ক্যারিয়ারের শুরু থেকেই যিনি জাভেদের ছায়াসঙ্গী, সেই ওয়াহিদ এসেছিলেন মাঠে প্রিয়বন্ধুর শেষ দিনটিতেও।
৩৭ বছর বয়সেও ব্যাট হাতে নিজের পুরোনো কিছু ঝলক দেখালেন জাভেদ। ছক্কা হাঁকালেন সোজা ব্যাটে, ‘ট্রেডমার্ক’ স্কয়ার কাট তো ছিলই। ছিল আমিনুলের সেই প্যাডল সুইপ আর ইনসাইড আউট শট, মাহমুদের শর্ট আর্ম পুল, উইকেটের পেছনে আর স্লিপ থেকে মাসুদ ও হাবিবুলের স্লেজিংয়ের তোড়। সাংবাদিকদের হয়ে ৪৪ বলে ১০৬ রানের ইনিংস খেলে জমিয়ে দিলেন রোহান। সব মিলিয়ে জাভেদের বিদায় হলো উৎসবের আবহে। তিনি নিজেও দারুণ আপ্লুত, ‘জাতীয় লিগ বা ঢাকা লিগ থেকে বিদায় নিতে পারলাম না দেখে খানিকটা আক্ষেপ ছিল। কিন্তু যে আয়োজনে বিদায়টা হলো, তাতে আক্ষেপ ঘুচে গেছে। এর চেয়ে ভালো কিছু আর চাইতে পারতাম না।’