প্রীতি ম্যাচে প্রতিশোধ
প্রীতি ম্যাচ। কিন্তু এ ম্যাচের দুই প্রতিপক্ষ বার্সেলোনা আর ম্যানচেস্টার ইউনাইটেড বলেই প্রীতির আড়ালে প্রতিশোধের গন্ধটাও ছিল। গত মে মাসে বার্সেলোনার কাছে হেরেই আরেকটি চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বপ্ন বিসর্জন গেছে ম্যানইউর। বার্সাকে পেয়ে ম্যানইউর কি তাই প্রতিশোধ-স্পৃহা না জেগে পারে? চ্যাম্পিয়নস লিগের ফাইনাল আর প্রাক-মৌসুম প্রস্তুতির প্রীতি ম্যাচ কখনোই এক সারির নয়। তবু এ ম্যাচে বার্সেলোনাকে ২-১ গোলে হারিয়ে কিছুটা হলেও প্রতিশোধের তৃপ্তি পেল ম্যানইউ। নিরপেক্ষ ভেন্যু ওয়াশিংটনের ফেডএক্স স্টেডিয়ামে প্রায় ৮২ হাজার দর্শকের সামনে ম্যানইউকে প্রথম এগিয়ে দিয়েছেন নানি। ২২ মিনিটে তাঁর দেওয়া গোলটি ৭০ মিনিটে শোধ করে বার্সাকে ম্যাচে ফেরান থিয়াগো আলকানতারা। এর ৬ মিনিট পর মাইকেল ওয়েন করেন ম্যানইউর জয়সূচক গোল। ওয়েম্বলির চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ম্যানইউর যে দলটি বার্সেলোনার কাছে উড়ে গিয়েছিল, সেই দলের মাত্র তিনজনই ছিলেন পরশুর একাদশে। এই তিনজনের একজন ওয়েম্বলিতে ম্যানইউর গোলদাতা ওয়েইন রুনি। তবে এদিন ম্যানইউকে গোল এনে দিতে পারেননি ইংলিশ স্ট্রাইকার।বার্সা কোচ পেপ গার্দিওলা অবশ্য চ্যাম্পিয়নস লিগজয়ী দলের ৬ জনকেই রেখেছিলেন দলে। ফাইনালের তিন গোলদাতার দুজন ডেভিড ভিয়া ও পেদ্রো রদ্রিগেজ ছিলেন। ছিলেন না শুধু মেসি। আর্জেন্টাইন তারকার অনুপস্থিতিতেই হয়তো বার্সেলোনার জাদুকরি পাসিং ফুটবল দেখা যায়নি। শুরু থেকেই বার্সেলোনার ওপর ছড়ি ঘোরাতে থাকে ম্যানইউ। ‘রেড ডেভিল’রা চেপে বসে পুয়োল-পিকেবিহীন বার্সার রক্ষণভাগের ওপর। ২২ মিনিটে এর ফলও পেয়ে যায় তারা। ব্যক্তিগত নৈপুণ্যের ঝলক দেখিয়ে ম্যানইউকে এগিয়ে দেন নানি।কিন্তু বার্সেলোনা দলে যে একজন থিয়াগো আছেন! প্রাক-মৌসুম প্রস্তুতি পর্বে দুর্দান্ত ফর্মে থাকা এই তরুণ কাতালান দারুণ এক গোল করে দলকে ফিরিয়েছিলেন ম্যাচে। কিন্তু দুর্দান্ত এক ভলিতে ম্যানইউর প্রতিশোধের জ্বালা কিছুটা হলেও মিটিয়েছেন শেষের শুরু দেখতে থাকা এই ইংলিশ স্ট্রাইকার। এএফপি, ওয়েবসাইট।