প্রীতি ম্যাচে হারল জার্মানি-হল্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসন্ন ইউরোতে স্পেনের সঙ্গে জার্মানি এবং হল্যান্ডও শিরোপার অন্যতম দাবিদার। কিন্তু প্রতিযোগিতা শুরুর দরজায় দাঁড়িয়ে প্রস্তুতি ম্যাচে হেরে গেছে এই দুই দলই।পরশু বাসেলে জার্মানি ৫-৩ গোলে হেরেছে স্বাগতিক সুইজারল্যান্ডের কাছে। আমস্টারডামে হল্যান্ডকে হারের লজ্জা দিয়েছে বুলগেরিয়া। নিজেদের মাঠে প্রথমে এগিয়ে গিয়েও ডাচরা হেরেছে ২-১ গোলে। তবে বর্তমান চ্যাম্পিয়ন ও বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ঠিকই তাদের দলের গভীরতা প্রমাণ করেছে। দ্বিতীয় সারির দল নামিয়েও ভিসেন্তে দেল বস্কের দল ২-০ গোলে হারিয়েছে সার্বিয়াকে। ইংল্যান্ডের নতুন কোচ রয় হজসনের যাত্রাও শুরু হলো জয় দিয়ে। অসলোতে ইংল্যান্ড অ্যাশলি ইয়াংয়ের একমাত্র গোলে হারিয়েছে নরওয়েকে।ড্রয়ের পরই জার্মানি, হল্যান্ড, ডেনমার্ক ও পর্তুগালকে নিয়ে গড়া ‘বি’ গ্রুপটি পেয়ে গেছে ‘গ্রুপ অব ডেথ’-এর তকমা। শুধু জার্মানি-হল্যান্ডই নয়, পরশুর দিনটা আসলে খারাপ গেছে গ্রুপ অব ডেথের সব দলেরই। হামবুর্গে ডেনমার্ক ৩-১ গোলে হেরেছে ব্রাজিলের কাছে। ব্রাজিলের পক্ষে ২ গোল করেছেন পোর্তো স্ট্রাইকার হাল্ক, অন্য গোলটি আত্মঘাতী। ডেনমার্কের পক্ষে একটি গোল শোধ করেছেন নিকলাস বেন্টনার। পর্তুগাল না হারলেও নিজেদের মাটিতে মেসিডোনিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করায় সমর্থকদের দুয়োই কুড়িয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদোরা।বায়ার্ন মিউনিখের খেলোয়াড়দের বিশ্রাম দিয়েছিলেন জোয়াকিম লো। চেলসির কাছে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে হারের ধকল সামলে ওঠার বিষয়টি তো ছিলই, জার্মান কোচ লাম-গোমেজদের বিশ্রাম দেন অতিরিক্ত খেলোয়াড়দের শেষবারের মতো পরখ করে নেওয়ার জন্য। লো তাই নামিয়েছিলেন দ্বিতীয় সারির দল। কিন্তু পরীক্ষায় ফেল করেছেন জার্মান কোচ। জার্মানদের সর্বনাশটা করেছেন বুন্দেসলিগাতেই খেলা সুইস স্ট্রাইকার ইরেন দারদিউক। বেয়ার লেভারকুসেন থেকে সদ্যই হফেনহেইমে নাম লেখানো ২৩ বছর বয়সী করেছেন হ্যাটট্রিক। ২০১২ ইউরোতে জায়গা করে নিতে না পারা সুইজারল্যান্ড পেয়েছে বড় জয়। ১৯৫৬ সালের পর সুইজারল্যান্ডের কাছে এটাই জার্মানির প্রথম পরাজয়। ১৯০৮ সালের পর সুইসদের হাতে সবচেয়ে বাজে হারের শিকার হয়ে জার্মান কোচ গোপন করেননি তাঁর হতাশা, ‘আমরা এমন ফল প্রত্যাশা করিনি, যদিও আমি জানি এ পর্যন্ত অনেক অনুশীলন করেছি। আমাদের খেলোয়াড়েরা হয়তো সজীবও ছিল না।’ মাত্রই চার দিন আগে বায়ার্ন মিউনিখের কাছে হারের পর বুলগেরিয়ার বিপক্ষে দ্বিতীয় হারের স্বাদ পেল হল্যান্ড। পরশু অবশ্য ৪৫ মিনিটে হল্যান্ডই প্রথম এগিয়ে যায় রবিন ফন পার্সির গোলে। দ্বিতীয়ার্ধের চার মিনিটে পেনাল্টি থেকে বুলগেরিয়াকে সমতায় ফেরান ইভেলিন পোপভ। যোগ করা সময়ে পাল্টা-আক্রমণে গোল করে স্বাগতিকদের হতাশায় ডুবিয়েছেন ইলিয়ান মিজানস্কি। ‘ফলটা হতাশাজনক। শেষ দিকে অনেক ঝুঁকি নিয়েছি আমরা এবং প্রতি-আক্রমণে হার মেনেছি’—এই ছিল ডাচ কোচ বার্ট ফন মারউইকের প্রতিক্রিয়া।অসলোতে হজসনও দল নামিয়েছিলেন সেরা একাদশের চার-পাঁচজনকে ছাড়াই। তার পরও নরওয়ের বিপক্ষে ৩২ বছর পর ইংল্যান্ড জিতেছে তরুণ ইয়াংয়ের কারণে। দলের পারফরম্যান্সে হজসন খুশি। যদিও হতাশার খবরও আছে। চোট পেয়ে মাঠ ছেড়েছেন গারেথ ব্যারি। এই মিডফিল্ডারের ইউরোতে খেলাই এখন সংশয়ে।সুইজারল্যান্ডের সেন্ট গ্যালেনে স্পেন কোচও নামিয়েছিলেন দ্বিতীয় সারির দল। দুই দিন আগে কোপা ডেল রের ফাইনাল খেলে আসা বার্সেলোনা ও অ্যাথলেটিক বিলবাওয়ের খেলোয়াড়দের বিশ্রাম দিয়েছিলেন দেল বস্ক। ফলে সুযোগ পেয়ে যান অ্যাটলেটিকো মাদ্রিদের স্ট্রাইকার আদ্রিয়ান লোপেজের মতো তরুণেরা। হতাশ করেননি লোপেজ। অভিষেকেই গোল করেছেন। দলের দ্বিতীয় গোলের উৎসও তিনিই। তাঁর এনে দেওয়া পেনাল্টি থেকেই ব্যবধান দ্বিগুণ করেছেন সান্তি কাজোরলা।লেইরিয়ায় পর্তুগালের সব আক্রমণ বাধা পেয়েছে মেসিডোনিয়ার রক্ষণদেয়ালে। না জিতলেও তাই দলের পারফরম্যান্সে অখুশি নন অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো। এএফপি, রয়টার্স।