প্রীতি ম্যাচের চেয়েও বেশি কিছু

ফিফা র্যাঙ্কিংয়ে এক দল ১৩৯তম, অন্যটি ১৬৭। এমন দুই দলের প্রীতি ম্যাচ নিয়ে কারই-বা আগ্রহ থাকতে পারে! কিন্তু এই ম্যাচেই কানায় কানায় পূর্ণ স্টেডিয়াম। ধারণক্ষমতা মাত্র ৬ হাজার, তবে টিকিট না পেয়ে বিফল মনোরথ দর্শকের সংখ্যা আরও কয়েক গুণ। আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বড় খবর, সামাজিক যোগাযোগমাধ্যমেও এ ম্যাচ নিয়ে অনেক কথাবার্তা।
এটি যে শুধুই একটি প্রীতি ম্যাচ নয়, আফগানিস্তান ও পাকিস্তানের দীর্ঘ বৈরী সম্পর্কে শান্তির বার্তাও। প্রায় এক দশক পর দেশের মাটিতে প্রথম আন্তর্জাতিক ফুটবল ম্যাচে শেষ পর্যন্ত র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা আফগানিস্তান জিতল ৩-০ গোলে। কিন্তু দুই শত্রুভাবাপন্ন প্রতিবেশী দেশকে কাছে আনা এই ম্যাচে আসল জয়ী তো ফুটবল। যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান যে ক্রমেই স্বাভাবিক জীবনে ফিরছে, সেই ইঙ্গিতও তো মিলল এই ম্যাচে।
দুই দেশের রাজনৈতিক সম্পর্কটা সাপে-নেউলে বললেও কম বলা হবে। এই ম্যাচের আগে তাই ৩৬ বছর আফগানিস্তানে গিয়ে কোনো ফুটবল ম্যাচ খেলা হয়নি পাকিস্তানের। একদিকে তালেবানকে আলোচনার টেবিলে বসানোর কথা বলা এবং অন্যদিকে গোপনে তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডে প্ররোচিত করার দায়টা অনেক দিন ধরে পাকিস্তানের ওপর চাপিয়ে আসছে আফগানিস্তান। সীমান্তের এপার-ওপারে রক্তারক্তি নিয়েও দুই দেশের মধ্যে চাপান-উতোর অনেক দিনের। আফগান ফুটবল ফেডারেশন স্টেডিয়ামে এই ম্যাচ এসেছে তাই শান্তির সুবাতাস হয়ে। নতুন এই স্টেডিয়াম কাবুলের ঐতিহ্যবাহী গাজি স্টেডিয়ামের খুব কাছে। যে গাজি স্টেডিয়াম তালেবান শাসনামলে ছিল প্রকাশ্যে শিরশ্ছেদ, পাথর মারা আর অঙ্গছেদের জায়গা! সে পরিস্থিতিতে যে এখন অনেকখানি বদলেছে, সেটি বোঝা যায় ম্যাচ দেখতে আসা তরুণ আহমাদজাই ফাজেলির কথায়, ‘স্টেডিয়ামে আসার পথে আমাকে তালেবান থামিয়েছিল। আমি ওদের বলেছি, ফুটবল খেলা দেখতে যাচ্ছি। ওরা আমাকে হাসি মুখে পথ ছেড়ে দিয়েছে।’ স্বস্তিতে ম্যাচ দেখতে পারার আনন্দটা টুইটারেও ভাগাভাগি করেছেন অনেক আফগান তরুণ, ‘তালেবান শাসনামলে এ রকম ম্যাচে বিরতির সময় নামাজ না পড়লে ধরে নিয়ে শাস্তি দেওয়া হতো।’ অথচ পরশুর ম্যাচে বিরতির সময় দর্শকেরা আনন্দ-উল্লাস করেছে, চিৎকার করে গলা ফাটিয়েছে দেশের ফুটবলারদের নৈপুণ্যে। কে বলবে, কিছুদিন আগেও এই কাবুলই ছিল মৃত্যুপুরী। আফগান তরুণ হারুন শিরজাদ তাই খেলা শেষে বললেন, ‘আমি এমন আরও আন্তর্জাতিক ম্যাচ দেখতে চাই এখানে।’
একটা প্রীতি ম্যাচ থেকে এর চেয়ে বেশি আর কী চাওয়ার থাকতে পারে! এএফপি।