প্রীতি ম্যাচের মেলা
ক্লাব ফুটবলের উত্তেজনাকে সাময়িক থমকে দিয়ে আজ বিশ্বজুড়ে বসছে প্রীতি ম্যাচের মেলা। ব্রাজিল, আর্জেন্টিনার সঙ্গে মাঠে নামছে স্পেন, জার্মানি, ইতালি, ইংল্যান্ড, ফ্রান্স, হল্যান্ড, পর্তুগালের মতো ইউরোপের সব পরাশক্তি। তার পরও কি ফুটবলপ্রেমীদের মনে উত্তেজনা ছড়াচ্ছে?ক্লাব ফুটবলের আগুনে প্রতিদ্বন্দ্বিতার মাঝে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ যেন ‘বরফ টুকরো’। বিশ্বের নামীদামি ক্লাবগুলোর কোচরা তো প্রতিবাদের সুরে অনেক আগে থেকেই বলে আসছেন—প্রীতি ম্যাচ অপ্রয়োজনীয়, এমন গুরুত্বহীন ম্যাচ খেলে সময় অপচয় করার কোনো মানেই হয় না। এতে শুধু খেলোয়াড়দের চোটে পড়ার ঝুঁকিটাই বাড়ায়। আর্সেন ওয়েঙ্গার-অ্যালেক্স ফার্গুসন বরাবরই এ নিয়ে উচ্চকণ্ঠ।তবে মর্যাদার লড়াই হলে প্রীতি ম্যাচও আগুন ঝরায়। আজ হল্যান্ড ও জার্মানি, সুইডেন ও ইংল্যান্ড, ইতালি ও ফ্রান্স যেমন প্রীতি ম্যাচের আড়ালে মুখোমুখি হবে মর্যাদার লড়াইয়ে।ইতালি অধিনায়ক জিয়ানলুইজি বুফন যেমন বলছেন, ইতালি-ফ্রান্সের ম্যাচটা তাঁর কাছে ‘ডার্বি’ ম্যাচের মতো। ইংল্যান্ড অধিনায়ক স্টিভেন জেরার্ড ১০০তম ম্যাচ খেলার দুয়ারে দাঁড়িয়ে। সোলনাতে আজ সুইডেনের বিপক্ষে মাঠে নামলেই লিভারপুল অধিনায়ক গড়ে ফেলবেন ইংল্যান্ডের ফুটবল ইতিহাসের ষষ্ঠ খেলোয়াড় হিসেবে শততম ম্যাচ খেলার কীর্তি। আমস্টারডামে হল্যান্ডের সঙ্গে মর্যাদার লড়াইয়ে নামছে চোট-জর্জর জার্মানি। বিশ্ব ও ইউরো চ্যাম্পিয়ন স্পেন উড়ে যাচ্ছে পানামায়। তবে এর মধ্যেও ফুটবলপ্রেমীদের বিশেষ কৌতূহল থাকবে ব্রাজিল আর সৌদি আরবের দিকে।ব্রাজিলে স্বাগতিক ব্রাজিলের মুখোমুখি হবে কলম্বিয়া। যে ম্যাচটা এরই মধ্যে পরিচিতি পেয়ে গেছে ‘নেইমার-ফ্যালকাওয়ের লড়াই’। আর সৌদি আরবে সবচেয়ে বড় আকর্ষণ হয়ে থাকবেন লিওনেল মেসি। আর্জেন্টিনা আসছে সৌদি আরবের রিয়াদে খেলতে। গ্যাবনে আজ গ্যাবনের বিপক্ষে ম্যাচটিতে নেই চোখের ওপরে আঘাত পাওয়া পর্তুগাল অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো। এএফপি, রয়টার্স