প্রীতি ম্যাচের মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামনেই ক্লাব মৌসুম শুরু, আসছে বিশ্বকাপ বাছাইপর্ব। গা গরম করে নিতে আজ তাই মাঠে নামছে ইউরোপের অনেক দেশই। সর্বশেষ ইউরোতে মুখোমুখি হয়েছিল ইতালি-ইংল্যান্ড, ঠিক ৫২ দিন পর কিয়েভে আবার মাঠে নামছে দুই দল। সেবার পেনাল্টিতে ইংল্যান্ডের ইউরোযাত্রা শেষ আটেই থামিয়ে দিয়েছিল ইতালি, আজকের ম্যাচটা তাই রয় হজসনের দলের জন্য প্রতিশোধ নেওয়ার এক সুযোগ।ইংলিশ প্রিমিয়ার লিগ শুরুর ঠিক তিন দিন বাকি। এ অবস্থায় কিছুটা পরীক্ষা-নিরীক্ষা করছেন হজসন, তুলনামূলক অনভিজ্ঞ একটা দল নিয়েই যাচ্ছেন ইউক্রেনে। রুনি, জেরার্ড, টেরিদের বিশ্রাম দিয়েছেন, আর চেম্বারলেইন-হার্টরা চোটের কারণে খেলছেন না এই ম্যাচে। সিজার প্রানদেল্লিও নামছেন খর্বশক্তির দল নিয়ে। ইতালিয়ান সুপারকাপের জন্য জুভেন্টাস-নাপোলির কোনো খেলোয়াড়ই থাকছেন না ম্যাচে। ‘ব্যাড বয়’ বালোতেল্লিও অসুস্থতার কারণে দলের বাইরে। দুই দলের রিজার্ভ বেঞ্চের খেলোয়াড়েরা নিশ্চয় চাইবেন না নিজেদের প্রমাণের এমন সুযোগ হাতছাড়া করতে!ইউরো স্বপ্নভঙ্গের পর ফ্রাঙ্কফুর্টে জার্মানি মুখোমুখি হবে লিওনেল মেসির আর্জেন্টিনার। সামনেই লম্বা ক্লাব মৌসুম, লো তাই লাম ও শোয়েনস্টাইগারের মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের বিশ্রাম দিয়েছেন। আর গোলবারের প্রহরী নয়্যার চোটের কারণে দলের বাইরে। গোমেজও পায়ের চোট থেকে পুরোপুরি সেরে উঠেননি, দীর্ঘদিনের যোদ্ধা ক্লোসার ওপরই ভরসা করতে হবে লোকে। আর্জেন্টিনা কোচ আলেসান্দ্রো সাবেলা অবশ্য খুব একটা রদবদল করেননি, চোটগ্রস্ত ম্যাক্সি রদ্রিগেজের জায়গায় ডেকেছেন বেনফিকার এনজো পেরেজকে। ইউরোর পর ফ্রান্স নিজেদের মাঠে খেলবে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন উরুগুয়ের সঙ্গে।ইউরোতে বিতর্কে জড়ানো এমভিয়া ও বেন আরফাকে এই ম্যাচের জন্য ডাকেননি নতুন কোচ দিদিয়ের দেশম। আর নাসরি ও মেনেজ বাইরে আছেন নিষেধাজ্ঞার খড়গে। মাঠে নামছে ইউরো চ্যাম্পিয়ন স্পেনও, পুঁচকে পুয়ের্তোরিকোর মুখোমুখি হচ্ছে তারা। পুয়োল ও জাভিকে বিশ্রাম দিয়েছেন দেল বস্ক, আর অলিম্পিক ধকলের পর জর্ডি আলবাও পাচ্ছেন বিশ্রাম। এএফপি।