প্রীতিম্যাচ খেলে বায়ার্নকে হল্যান্ডের ক্ষতিপূরণ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বছরের জুন মাসে বিশ্বকাপ ফুটবল মাঠে গড়ানোর মাত্র কিছুদিন আগে হল্যান্ডের এক প্রস্তুতি ম্যাচে আহত হয়েছিলেন ডাচ তারকা আরিয়েন রোবেন। এর পরও তিনি মোটামুটি সুস্থ হয়ে মাঠে ফিরেছিলেন; হল্যান্ডকে বিশ্বকাপের ফাইনালে তুলতেও রেখেছিলেন অনন্য অবদান। বিশ্বকাপ শেষ হওয়ার পর সেই ইনজুরি আবার মাথাচাড়া দিয়ে ওঠায় আবার মাঠের বাইরে চলে যেতে হয় তাঁকে। ফলে নিজের ক্লাব বায়ার্ন মিউনিখের হয়ে মৌসুমের অনেক খেলাতেই মাঠের বাইরে বসে থাকতে হয়েছে তাঁকে।কিন্তু, পেশাদারির চরম উত্কর্ষের যুগে বায়ার্ন মিউনিখও ব্যাপারটি এত সহজে ছেড়ে দেয়নি। হল্যান্ড ফুটবল ফেডারেশনের কাছে এ ব্যাপারে ক্ষতিপূরণও দাবি করে তারা। ক্ষতিপূরণটা হচ্ছে, এত দাম দিয়ে রোবেনের মতো তারকাকে দলে ভিড়িয়ে মাঠে তাঁর সেবা না পাওয়ার জন্য। বিষয়টি নিয়ে বেশ কিছুদিন বিতর্কের ডালপালা মেললেও শেষ পর্যন্ত তা মিটে গেছে বেশ চমত্কারভাবেই।জাতীয় দলের হয়ে মাঠে নেমে আহত হওয়া এবং সে কারণে বায়ার্নের হয়ে বুন্দেস লিগার বেশ কিছু ম্যাচ মিস করার ক্ষতিপূরণ হিসেবে আগামী বছরের যেকোনো সময়ে বেশকিছু প্রীতি ম্যাচে খেলতে বায়ার্নের মাঠে যাবে হল্যান্ড দল। আর সেই ম্যাচগুলোতে গেটমানি ও স্পন্সরশিপ বাবদ যা আয় হবে, তার পুরোটাই পাবে বায়ার্ন মিউনিখ—আজ বুধবার বায়ার্ন মিউনিখ ও হল্যান্ড ফুটবল ফেডারেশনের মধ্যে এমনই এক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আর পুরো ব্যাপারটিই হয়েছে আলাপ-আলোচনা সাপেক্ষে, সর্বোচ্চ ঐক্যমত্যের ভিত্তিতে।বায়ার্ন মিউনিখের প্রধান নির্বাহী ও সাবেক জার্মান তারকা কার্ল হেইঞ্জ রুমেনিগে জানিয়েছেন, আলাপ-আলোচনার মাধ্যমে একটি বিতর্ক ও দ্বন্দ্বের এর চেয়ে সুন্দর সমাধান আর আশা করা যায় না। ‘ব্যাপারটির সমাধান করতে পেরে আমরা খুবই খুশি। ইউরোপীয় ফুটবলের জন্য এটা চমত্কার একটি ব্যাপার যে আমরা একটি সন্তোষজনক সমাধানে আসতে পেরেছি।’এদিকে, সমস্যার সমাধানে স্বস্তি প্রকাশ করেছেন ডাচ ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী বার্ট ফন উস্টভিন। তিনি বলেছেন, ‘মতদ্বৈততা নিরসনে এর চেয়ে ভালো কিছু আর হতে পারত না।’ রয়টার্স।