প্রেক্ষাপটে বাজছে অনিশ্চয়তার গানও
‘বিগ থ্রি’র প্রস্তাব কি তাহলে বাংলাদেশের ক্রীড়া সাংবাদিকদেরও চ্যালেঞ্জের মধ্যে ফেলে দিচ্ছে? সাকিব আল হাসানের প্রশ্নটা সে রকমই, ‘বাংলাদেশ যদি টেস্ট না খেলে, তাহলে আপনাদের কী হবে?’ সাংবাদিকদের জটলা থেকে গা বাঁচানো উত্তর, ‘কেন, ক্রিকেট ছাড়া অন্য খেলাও তো আছে...।’
ক্রিকেটে সাকিবের অগ্রজ তো বটেই, খেলাটেলা ছেড়ে এখন খেলোয়াড় নির্বাচকও। হাস্যরসেও হাবিবুল বাশার সাকিবের চেয়ে কিছুটা এগিয়ে থাকবেন স্বাভাবিক। পাশ থেকে টিপ্পনী কাটলেন, ‘সাংবাদিকদের বিদেশ্য ট্যুরটা কমে যাবে আর কি...।’ সাংবাদিকেরা সেটাও মানতে নারাজ, ‘কেন আমরা কাবুল টেস্ট কাভার করব, উগান্ডায় সিরিজ কাভার করতে যাব...।’
ইনডোরের ব্যাটিং-বোলিং অনুশীলনের পাশাপাশি মিরপুরের একাডেমি মাঠে কাল বিকেলে চলছিল ম্যাচ পরিস্থিতিতে অনুশীলন। মাঠের বাইরে সাকিব-হাবিবুলের “বিগ্র থ্রি’র পজিশন পেপার ও ক্রীড়া সাংবাদিকদের ভবিষ্যৎ” সংক্রান্ত সংক্ষিপ্ত আলোচনাটা সেই অনুশীলন চলাকালীনই হচ্ছিল। তবে এই হাস্যরস বিচ্ছিন্ন ঘটনামাত্র। নইলে আইসিসিতে ভারত, ইংল্যান্ড আর অস্ট্রেলিয়ার তোলা প্রস্তাব ক্রিকেটারদের কাছে মোটেও রসিকতার বিষয় নয়।
ব্যাপারটা আসলে তাদের কাছে কী, বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিমের প্রতিক্রিয়াতেই তা স্পষ্ট। শ্রীলঙ্কা সিরিজের আগে বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে ছড়িয়ে পড়া অনিশ্চয়তার কোনো প্রভাব খেলোয়াড়দের মধ্যে পড়ছে কি না, জানতে চাইলে অধিনায়ক বললেন, ‘প্রভাব না পড়ার তো কিছু নেই। অনেক বড় একটা ইস্যু। কিন্তু এটা তো আমাদের হাতে নেই। আর গত দুই-তিনটি সিরিজ আমরা এ রকমই খেলছি, মাঠের বাইরে এই সমস্যা থাকে, নয়তো ওই সমস্যা। আমরা এতে অভ্যস্ত হয়ে গেছি।’
এটুকু শুনলে মনে হতে পারে ব্যাপারটাকে এখনই খুব একটা গায়ে মাখতে রাজি নন অধিনায়ক। কিন্তু পরের কথোপকথনের চৌম্বক অংশটা শুনুন—
দলের মধ্যে কি এ নিয়ে আলোচনা হয়?
মুশফিক: হ্যাঁ, তা তো অবশ্যই। শেষ পর্যন্ত যদি এ রকম হয়েই যায়, তাহলে আর এত কষ্ট করে লাভ কী। কষ্ট তো করি খেলার জন্যই। তার পরও যদি এ রকম হয়, তাহলে আমাদের জন্য সেটা অবশ্যই দুঃখজনক...।
আপনার কি মনে হয়, বিষয়টা নিয়ে খেলোয়াড়দেরও মতামত নেওয়া উচিত?
মুশফিক: অবশ্যই। যেহেতু মাঠে আমরাই খেলি, কোনো সিদ্ধান্ত হলে সেটা আমাদেরই ফেস করতে হয়, আমার মনে হয় আমাদের মতামতটাও অনেক জরুরি।
শুধু মুশফিক নন, বিষয়টার সঙ্গে সাংবাদিকদের ভবিষ্যৎ জড়িয়ে খুনসুটি করা সাকিব থেকে শুরু করে বাংলাদেশ দলের সব ক্রিকেটারের মনেই অবচেতনে কাজ করছে ‘বিগ থ্রি’র অদ্ভুত প্রস্তাব। তবে মাঠের বাইরের এসব আলোচনার প্রভাব সিরিজ চলাকালীন দলের মধ্যে না পড়াই ভালো মনে করেন সাকিব। অন্তত তাঁর ওপর নাকি সেটা পড়ছেও না। অবশ্য কেউ চাইলে হুট করে সামনে চলে আসা চ্যালেঞ্জটাকে প্রেরণার উৎস বানাতে পারেন, এমনটাই মনে হয় সাকিবের কাছে, ‘কেউ যদি প্রেরণা হিসেবে নিতে চায় অবশ্যই নিতে পারে। একেকজন একেকভাবে অনুপ্রাণিত হতে পারে। কারও যদি মনে হয় এটা আমাদের প্রমাণ করার সুযোগ, তাহলে এটাই হবে অনুপ্রেরণা।’
কিন্তু সাকিব নিজে কীভাবে নিচ্ছেন বিষয়টা? সংবাদ সম্মেলনে এসে গোপন করতে পারলেন না তাঁর অবস্থানটা, ‘আমার ব্যক্তিগত মতামত হলো, আমি সব ধরনের ক্রিকেট খেলতে চাই। সেটা যেভাবেই হোক, যে নিয়মেই হোক।’
সহ-অধিনায়ক তামিম ইকবাল, অভিজ্ঞ বাঁহাতি স্পিনার আবদুর রাজ্জাক, দুই বছর পর দলে ফেরা ইমরুল কায়েস কিংবা পেসার রবিউল ইসলাম—বাংলাদেশকে টেস্ট ক্রিকেট থেকে দূরে সরিয়ে দেওয়ার প্রস্তাবে সবাই কম-বেশি বিচলিত। তামিম যদিও একটু অন্যভাবে দিলেন উত্তরটা, ‘আলোচনা তো হয়ই এ নিয়ে খেলোয়াড়দের মধ্যে। তবে মিরপুরে যখন চলে আসি তখন আর হয় না। তখন আমরা শুধু খেলা নিয়ে ভাবি।’ একাডেমি মাঠ থেকে বোলিং করে ফেরার সময় রাজ্জাক বলছিলেন, ‘অবচেতনে হলেও বিষয়টা আসে মাথায়, আলোচনা হয়। কিন্তু আমাদের কিছু তো করার নেই। এই সিরিজটা ভালো খেলতে হবে, এখন শুধু এটাই মাথায় আছে।’ পেসার রবিউল বা ওপেনার ইমরুল কায়েসও খেলাটাকেই আগে রাখতে চাইলেন। ইমরুল বলছিলেন, ‘বিষয়টা আমাদের কথাবার্তায় আসে...তবে আমরা চেষ্টা করছি খেলায় মনোযোগ রাখতে।’
আগের দিন শেন জার্গেনসেন এ কথাটাই ধরিয়ে দিয়েছেন খেলোয়াড়দের—খেলার প্রতি মনোযোগী হও। কিন্তু সেটি কি এতই সহজ? গুঞ্জন ডালপালা মেলে ক্রিকেটারদের কানে এমন ‘খবর’ও যে পৌঁছে দিচ্ছে—‘বিগ থ্রি’র প্রস্তাব অনুমোদন হলে আপাতত এই শ্রীলঙ্কা সিরিজই হতে পারে বাংলাদেশ দলের শেষ টেস্ট সিরিজ!