প্রেম আর বলিউডে বিরক্ত কোহলি?

মুম্বাইয়ে একটি বিলাসবহুল ঘড়ি নির্মাণ প্রতিষ্ঠানের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন। সাংবাদিকেরা প্রশ্নটাও করল ঘড়ি নিয়েই। কিন্তু আপাত নিরীহ প্রশ্নের ভেতরেই লুকোনো ছিল বিষ। বিরাট কোহলি কি আর তা না বোঝার পাত্র?
সদ্যই আনুশকা শর্মার সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পর এই প্রথম সংবাদমাধ্যমের মুখোমুখি হলেন ভারতের টেস্ট অধিনায়ক। কোহলির চড়া মেজাজটা জানেন বলেই সাংবাদিকেরা আনুশকা নিয়ে একটি প্রশ্নও করলেন না। তবে প্রশ্নের মারপ্যাঁচে ফেলার চেষ্টা চলল। কোহলির কাছে জানতে চাওয়া হলো, ‘বলিউডের কোনো তারকাকে যদি ঘড়ি উপহার দিতে চান, কোহলি কাকে দেবেন?’
সেই বয়সভিত্তিক ক্রিকেট থেকেই ভারতীয় মিডিয়া সামলানোর অভিজ্ঞতা আছে বলেই কোহলি প্রশ্নকর্তার গোপন উদ্দেশ্যটা পরিষ্কার দেখতে পেলেন। জানিয়ে দিলেন, পুরস্কারটা বলিউডের কাউকেই দিতেন না, ‘আগে অবশ্যই আমার পরিবারের কাউকে দেব। আচ্ছা এই প্রশ্ন কেন করলেন বলুন তো? সম্পর্কটা কোথায়? যাই হোক, হয়তো ক্রিকেট দলের কোনো সতীর্থকে দিতাম। দেখুন, এখানে আমরা যে জন্য এসেছি, সেটার মধ্যেই থাকুন। খামোখা অন্য দিকে প্রসঙ্গ টেনে নিয়ে যাওয়ার দরকার কী?’
আবারও জানতে চাওয়া হলো সম্পর্ক ব্যাপারটা কোহলি কীভাবে দেখেন বা সামলান। এবারও কড়া জবাব, ‘কার সঙ্গে সম্পর্ক? কোনো বিশেষ সম্পর্ক নাকি যে কেউ? দেখুন, আমি তো আর ব্যক্তিগত সম্পর্কের পরামর্শক নই। এটা আমাকে জিজ্ঞেস না করে বরং কোনো বিশেষজ্ঞকে করুন না।’ সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।