প্রেমই বদলে দিয়েছে ওয়ার্নারকে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মডেল ক্যান্ডিস ফ্যালজনের সঙ্গে প্রেমই নাকি বদলে দিয়েছে ওয়ার্নারকে!
মডেল ক্যান্ডিস ফ্যালজনের সঙ্গে প্রেমই নাকি বদলে দিয়েছে ওয়ার্নারকে!

মে মাসে অস্ট্রেলীয় এক ক্রীড়া সাংবাদিককে নিয়ে যাচ্ছে তা-ই টুইট করে আলোচনার জন্ম দিলেন। ধিক্কার আর নিন্দার তিরে হতে হলো বিদ্ধ। গত জুনে আইসিসি চ্যাম্পিয়নশিপ চলাকালীন বার্মিংহামের পানশালায় ইংলিশ ক্রিকেটার জো রুটকে ঘুষি মেরে বসলেন। নিষিদ্ধ হলেন কয়েক ম্যাচ। সঙ্গে জরিমানা গুনতে হলো সাড়ে ১১ হাজার অস্ট্রেলিয়ান ডলার। জাতীয় দলেও জায়গা হারালেন। শাস্তি হিসেবে খেলতে হলো অস্ট্রেলিয়ার গ্রেড ক্রিকেটে। সেখানেও এক ম্যাচে অনুপস্থিত থেকে জন্ম দিলেন আরেক আলোচনার!

চলতি অ্যাশেজে চলাকালীন ‘অবসাদজনিত অসুস্থতা’য় ভোগা ইংলিশ ব্যাটসম্যান ট্রটকে ‘দুর্বল ও নড়বড়ে’ আখ্যা দিয়ে দুর্নাম কুড়ালেন আরেকবার। মাঠের বাইরে একের পর এক বিতর্কের জন্ম দেওয়া অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নারের গায়ে ‘ব্যাড বয়’ তকমা সেঁটে গিয়েছিল ভালোভাবেই।

মাঠেও ঠিক নিজের জাতটা চেনাতে পারছিলেন না। কিন্তু নিজেকে তো এভাবে গড্ডলিকা প্রবাহে ভাসিয়ে দেয়া যায় না! হঠাত্ ঘুম থেকে জেগে উঠলেন ওয়ার্নার। নিজের অমিত প্রতিভাকে বোঝাতে বেছে নিলেন চলতি অ্যাশেজকেই। ১২৪, ৪৯, ৮৩*, ২৯, ৬০, ১১২—গত তিন টেস্টের ছয় ইনিংসে ওয়ার্নারের রান। বোঝাই যাচ্ছে, অস্ট্রেলিয়ান ওপেনারের বৃহস্পতি তুঙ্গে। ২২ গজে নামা মাত্র তাঁর ব্যাট চওড়া হচ্ছে অস্বাভাবিকভাবেই। ঠান্ডা মাথায় স্টিমরোলার চালাচ্ছেন ইংলিশ বোলারদের ওপর।

ওয়ার্নারের ব্যক্তিজীবনেও এসেছে ঢের পরিবর্তন। ঘড়িতে ১০টা বাজতেই নাকি ঘুমিয়ে পড়েন। সুরাসক্তি কমেছে অনেকখানি। সুফলটাও পাচ্ছেন হাতেনাতে। পরপর তিন টেস্টে দুর্দান্ত দুটি সেঞ্চুরি। সেঞ্চুরির সংখ্যা তিন হতে পারত। হয়নি তাঁকে সেঞ্চুরি থেকে ১৭ রান দূরে রেখেই মাইকেল ক্লার্ক ইনিংস ঘোষণা করে দেওয়ায়। বকেয়া সেই সেঞ্চুরিটাই যেন তুলে নিলেন আজ।

এই অ্যাশেজে ’ব্র্যাডম্যানীয়’ গড়ে (৯১.৪০) সিরিজ সর্বোচ্চ ৪৫৭ রান এসেছে তাঁর ব্যাট থেকেই। মাঠের বাইরের খ্যাপা ওয়ার্নার এখন মাঠের বাইরে শান্তই। খ্যাপামির যা কিছু সব যে ব্যাট হাতে ২২ গজেই করছেন!
হঠাত্ই ‘সুবোধ বালক’ হওয়ার রহস্য কী? কদিন আগেই রহস্যটা ফাঁস করেছেন ওয়ার্নারের বাবা সিনিয়র ওয়ার্নার। গল্পটা সিনেমার নায়কদের মতোই। উচ্ছৃঙ্খল নায়করা যেমন নায়িকার প্রেমে পড়ে কক্ষপথে ফিরে আসেন, দিব্যি দেন—আর ‘ও পথে’ পা বাড়াবেন না। ওয়ার্নারের ক্ষেত্রেও নাকি তা-ই ঘটেছে! মডেল ক্যান্ডিস ফ্যালজনের সঙ্গে সম্পর্কে জড়ানোর পরেই ওয়ার্নারের এই বদল!