গত উইম্বলডনের আগে একচোট উত্তপ্ত বাক্যবিনিময় হয়ে গিয়েছিল তাঁদের। লোকে বলে, সেরেনা উইলিয়ামস ও মারিয়া শারাপোভার এই দ্বন্দ্বটা ‘প্রেমঘটিত’ কারণে। শারাপোভার সঙ্গে মন দেওয়া-নেওয়া যাঁর সেই গ্রিগর দিমিত্রভের সঙ্গে একসময় সম্পর্ক ছিল সেরেনার। তো সাবেক বন্ধুর সঙ্গে কোর্টের প্রতিদ্বন্দ্বী একজনের ঘনিষ্ঠ হতে দেখা কীভাবে মেনে নেন সেরেনা?
সেই ঘটনার পর আর দেখা হয়নি দুজনের। ব্রিসবেন ওপেনের সেমিফাইনালে সেটা হয়ে যাচ্ছে আজই। এমন বড় কোনো টুর্নামেন্ট এটা নয়। মূলত অস্ট্রেলিয়ান ওপেনের প্রস্তুতির সুযোগই দেয় এটা। তবে সাম্প্রতিক বৈরিতার কারণেই দ্বৈরথটা নিয়ে চলছে আলোচনা।
শীর্ষ বাছাই সেরেনা অবশ্য সহজেই উঠে গেছেন শেষ চারে। কোয়ার্টার ফাইনালে নবম বাছাই দিমিনিকা চিবুলকোভাকে হারিয়েছেন ৬-৩, ৬-৩ গেমে। কিন্তু শারাপোভা বিস্তর ঘাম ঝরিয়ে জিতেছেন শেষ আটে। ২০১২-এর চ্যাম্পিয়ন কাইয়া কানেপির সঙ্গে প্রথম সেটে তো হেরেই গিয়েছিলেন। শেষ পর্যন্ত জিতেছেন ৪-৬, ৬-৩, ৬-৩ গেমে। ওয়েবসাইট।
দুজনের এই বৈরিতা কোর্টে কোনো প্রভাব ফেলবে না তো? সেরেনা ইঙ্গিত দিয়েছেন ফেলবে না, ‘চরম কোনো প্রতিদ্বন্দ্বীর সবচেয়ে ভালো বন্ধু হয়ে যাওয়াটা আসলে খুবই কঠিন। কিন্তু আমার সঙ্গে কারও সমস্যা নেই। আমি কোনো বৈরিতা পুষে রাখিনি। আমি আমার মতোই, কোনো কিছু লুকাতে পছন্দ করি না।’
দুজনের মধ্যে দ্বৈরথটা আসলে কেমন? শারাপোভার উত্তরটা শুনে মজাই পাবেন, ‘দ্বৈরথ বলতে গেলে তো আমাকে আরও কিছু ম্যাচ জিততে হবে! আগে ওর বিপক্ষে খুব একটা সাফল্য আমি পাইনি।’ সেরেনার মুখোমুখি হওয়া ১৬ ম্যাচে শারাপোভা জিতেছেন মাত্র দুটিতে, শারাপোভার কথায় তাই যুক্তি আছে! দুজনের সম্পর্কটা কেমন সেটা নিয়ে অবশ্য কিছু বলেননি।