প্রেমাদাসায় ক্রিকেট রোমাঞ্চের প্রতীক্ষা
হাত মকশো করার ব্যাপারটা দুদলই দারুণ করেছে। প্রথম ম্যাচে দুর্বল প্রতিপক্ষকে যাচ্ছেতাইভাবে হারিয়েছে পাকিস্তান ও শ্রীলঙ্কা। প্রতীক্ষা এখন আজকের ‘বিগ’ ম্যাচের...।বিগ ম্যাচ! শব্দটাকে কেমন যেন স্পোর্টস চ্যানেলের রংচং মাখানো বিজ্ঞাপন মনে হচ্ছে। এবার টুর্নামেন্টের ফরম্যাটটাই এমন যে, গ্রুপ পর্বে বড় ম্যাচ-জাতীয় কিছু হওয়ার সম্ভাবনা খুব একটা নেই। হ্যাঁ, বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট আসরের এক ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই প্রতিষ্ঠিত শক্তি, সেদিক থেকে এটা বড় ম্যাচ। বড় ম্যাচ বলেই মানুষের আগ্রহ অনেক। টিকিট তো সব শেষই, মানুষের আগ্রহ কাজে লাগিয়ে সুবিধাবাদী ক্রিকেটপ্রেমীদের (পড়ুন কালোবাজারি) পকেট নাকি ফুলে-ফেঁপে উঠছে। কিন্তু গুরুত্বের দিক থেকে কি আসলেই বড় ম্যাচ? আজকের ম্যাচে কোনো দল যদি জঘন্যভাবেও হারে, তার পরও কোয়ার্টার ফাইনালে উঠতে কোনো সমস্যা হওয়ার কথা নয়!তবু দুদলই আজ জয় চাইছে তীব্রভাবে। কারণ, ‘মোমেন্টাম!’ শব্দটার একদম আক্ষরিক বাংলা করা মুশকিল। সবচেয়ে কাছাকাছি হতে পারে গতি। প্রথম ম্যাচ থেকে পাওয়া গতিটা ধরে রাখতে চায় দুদলই, ধরে রাখতে চায় জয়ের ধারা। ক্রিকেটে এই গতিটা ভীষণ গুরুত্বপূর্ণ। মোমেন্টামের হাত ধরে আসে আত্মবিশ্বাস। আর কে না জানে, আত্মবিশ্বাস আকাশছোঁয়া হলে অনেক সময় অসাধ্যও অনায়াসে চলে আসে হাতের মুঠোয়।পাকিস্তান কোচ ওয়াকার ইউনুসকেই মনে হলো মোমেন্টামের জাদুর ছোঁয়া পাওয়ার জন্য বেশি উদ্গ্রীব। কিন্তু এটা যে পাকিস্তান ক্রিকেটের জন্যই বেশি বেমানান! জয়ের ধারা, আগের ম্যাচ থেকে পাওয়া আত্মবিশ্বাস পরের ম্যাচে নিয়ে যাওয়ার ব্যাপার-ট্যাপার পাকিস্তান ক্রিকেটের ক্ষেত্রে খুব একটা খাটে না। বড় জয়ের পরের ম্যাচেই যেমন বাজেভাবে হারতে পারে, তেমনি ধ্বংসস্তূপ থেকে সবাইকে চমকে দিয়ে মাথাছাড়া দিতে পারে। যেমন দিচ্ছে এখন!গত কিছু দিনে কী হয়নি পাকিস্তান ক্রিকেটে! স্পট ফিক্সিং বিতর্ক, দ্বন্দ্ব, অভ্যন্তরীণ কোন্দল, অধিনায়কত্ব, দলের ওপেনার আর সেরা দুই পেসারকে হারানো...এত কিছুর পরও নিউজিল্যান্ডে গিয়ে টেস্ট ও ওয়ানডে সিরিজ জয়, বিশ্বকাপের সবচেয়ে বিপজ্জনক দলের তকমা পাওয়া, সাঙ্গাকারার সম্ভ্রমে মোড়া উক্তি ‘একজন-দুজন নয়, ওদের দলে অনেক ম্যাচ উইনার, দারুণ ব্যালান্সড দল’—এই হলো পাকিস্তান ক্রিকেট! ওয়াকার তাই যতই বলুন মোমেন্টাম, পাকিস্তান খেলবে পাকিস্তানের মতোই!তবে সাঙ্গাকারার জন্য অবশ্যই মোমেন্টাম বড় একটা ব্যাপার। তবে কালকের সংবাদ সম্মেলনের পর অবশ্য তাঁর জয়ের আকাঙ্ক্ষা তীব্রতর হওয়ার কথা আরও একটি কারণে। বিশ্বকাপে ৬ ম্যাচ খেলেও পাকিস্তানকে হারাতে পারেনি শ্রীলঙ্কা, তথ্যটা যে জানলেন এখানেই! ‘সত্যিই আমি এটা জানতাম না। তাহলে তো ইতিহাস বদলে দেওয়ার সময় এসেছে’—আকাঙ্ক্ষাটাকে ক্রিকেটীয় কূটনীতির আড়াল দিয়ে গোপন করলেন না সাঙ্গাকারা।তবে সাঙ্গাকারা শুধু ইতিহাসটা জানলেন আবছাভাবে। বিশ্বকাপে পাকিস্তান-শ্রীলঙ্কার সব কটি লড়াই-ই হয়েছে শ্রীলঙ্কা বিশ্ব ক্রিকেটের বড় শক্তি হয়ে ওঠার আগে। ১৯৯২ বিশ্বকাপের পর বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় আসরে কখনোই দেখা হয়নি দুদলের। মুখোমুখি লড়াইয়ে ইতিহাস বলছে যোজন যোজন এগিয়ে পাকিস্তান। কিন্তু সাম্প্রতিক ইতিহাস? পাকিস্তান ক্রিকেটের অনিশ্চয়তাও এখানে ভীষণ রকম নিশ্চিত। গত চার বছরে সর্বশেষ ১১ ম্যাচের ৮টিতেই জিতেছে শ্রীলঙ্কা! ইতিহাস বদলে দেওয়া নিয়ে সাঙ্গাকারার আত্মবিশ্বাসের উৎসটা বুঝতে তাই কষ্ট হওয়ার কথা নয়।তবে বিস্ময়করভাবে আরেকটা সাম্প্রতিক ইতিহাস শ্রীলঙ্কার বিপক্ষে। কলম্বোর এই প্রেমাদাসা স্টেডিয়ামে সর্বশেষ তিন ম্যাচেই তাদের হারিয়েছে পাকিস্তান! শ্রীলঙ্কার জন্য অস্বস্তি হতে পারে আরেকটা ব্যাপারও। নিজেদের মাঠ হলেও গত দেড় বছরে এখানে কোনো ম্যাচ খেলেনি শ্রীলঙ্কা। বিশ্বকাপের জন্য প্রেমাদাসা নতুন সাজে সেজেছে নতুন উইকেট নিয়েও। সেই উইকেটের আচরণ কেমন হবে, নিশ্চিত বলতে পারলেন না স্বয়ং সাঙ্গাকারাও।এসব কিছুকে অবশ্য নিজেদের সুবিধা মানছেন না ওয়াকার। পাকিস্তান কোচের মতে, বিশ্ব ক্রিকেটের সবচেয়ে কঠিন কাজগুলোর একটি দেশের মাটিতে শ্রীলঙ্কাকে হারানো। তবে এটাও আবার স্বীকৃত, সহজ কাজগুলোর চেয়ে কঠিন কাজগুলোই পাকিস্তান করতে পারে সহজে। কাজেই মোমেন্টাম, ইতিহাস, পরিসংখ্যান, টুর্নামেন্টের পথচলায় এই ম্যাচের প্রভাব—সব ভুলে শুধু ক্রিকেটের রোমাঞ্চ নিয়ে বসে যান। এই ম্যাচ হয়তো মেটাবে আপনার তৃষ্ণার পুরোটাই!