প্রেমাদাসায় বিদায়ের রাগিণী
ধারণাটাই সত্যি হলো। হ্যামস্ট্রিংয়ের সঙ্গে হাঁটুর চোট, টসের কয়েক ঘণ্টা আগেও নিশ্চিত নয় মাঠে নামা। কিন্তু বছরের পর বছর তাঁকে যাঁরা কাছ থেকে দেখে এসেছেন, এমন অনেকেই বললেন, কোনো কিছুই আজ ওকে দমাতে পারবে না। ও খেলবেই। এবং হলোও তা-ই। চোট-টোট ফুৎকারে উড়িয়ে মাঠে নামলেন মুত্তিয়া মুরালিধরন। দেশের জার্সিতে, দেশের মাটিতে শেষবার। হয়তো ক্যারিয়ারেও!মাত্র ২০ বছর বয়সে হালকা-পাতলা গড়নের তরুণ এক অফ স্পিনারের টেস্ট অভিষেক হয়েছিল প্রায় ১৯ বছর আগে, এই প্রেমাদাসা স্টেডিয়ামেই অস্ট্রেলিয়ার বিপক্ষে। বছর খানেক পর রঙিন জার্সিতে অভিষেকও এখানে। এবার প্রতিপক্ষ ভারত। তখনো পায়ের তলায় মাটি নেই। জানতেন না আরেকটি ম্যাচ খেলা হবে কি না। কাল সেই একই স্টেডিয়ামে খেললেন দেশের মাটিতে শেষ ম্যাচ। মাঝে খেলেছেন আর ‘মাত্র’ ৩৪৭টি ওয়ানডে! নিজেকে এমন এক উচ্চতায় নিয়ে গেছেন, যা ধরাছোঁয়া তো বটেই, উত্তরসূরিদের দৃষ্টিসীমারও বাইরে।‘দেশের মাটিতে শেষ ম্যাচ, এটা তো আর মিস করতে পারি না। আমার ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনগুলোর একটি। আমি মাঠে নামতামই। ক্যারিয়ারের শেষ টেস্টে ৮ উইকেট নিয়েছিলাম, ওই মুহূর্তটি ছিল আবেগময়। আজও তা-ই’—স্টারইএসপিএনের ক্যামেরায় মুরালি এটা বলতেই গ্যালারি যেন গর্জে উঠল। এর আগে ছুটির দিনেও যেখানে গ্যালারি ভরতে সন্ধ্যা হয়ে যেত, কাল কার্যদিবসেও খেলা শুরুর ঘণ্টা খানেক আগেই টইটম্বুর গ্যালারি। একে তো শ্রীলঙ্কার মাটিতে প্রথম বিশ্বকাপ সেমিফাইনাল। সেই ম্যাচটি আবার দেশের ইতিহাসের সেরা তারকাকে মাঠে দেখার শেষ সুযোগ। গ্যালারি টইটম্বুর না হয়ে উপায় আছে!দুপুর ১২টার দিকে মাঠে ঢুকছিলেন চারিথা গামাগে। লিবার্টি প্লাজার জুতার দোকানের মালিক এত আগে আসার কারণ জানালেন, ‘আজ অনেক ভিড় হতে পারে। মুরালির একটা বলও মিস করতে চাই না আমি।’ বেলা দুইটার দিকে হন্তদন্ত হয়ে মাঠে ঢুকছিলেন মহেশ গুণারত্নে, এক হাজার রুপির টিকিট আট হাজারে কিনেছেন। ব্যাংক অব সিলনে কাজ করেন। অফিস? ‘ফাঁকি দিয়েছি। যা হওয়ার হবে। মুরালির শেষ ম্যাচ ফ্রেন্ড!’‘মুরালি মানে চ্যাম্পিয়ন। ও আমাদের গর্ব, দেশের ক্রিকেটে ওর যা অবদান...’ ডব্লুএফপি ফার্নান্ডোর মুখের কথা কেড়ে নিল পাশে দাঁড়ানো ১৫-১৬ বছরের ছেলে স্টিফেন, ‘মুরালি হলো বোলিংয়ের টেন্ডুলকার। আশা করি, বিশ্বকাপের সর্বোচ্চ উইকেটের রেকর্ডটা ও ভেঙে ফেলবে।’ পাশে দাঁড়িয়ে কথোপকথন শুনছিলেন নাম না জানা একজন। যাওয়ার আগে নিজে থেকেই বলে গেলেন, ‘শ্রীলঙ্কা ফাইনালে উঠলে দারুণ হয়। কিন্তু আমাদের জন্য আজ দুঃখের দিন। আমরা মুরালিকে হারাতে চাই না। ইচ্ছা করলেই আরও তিন-চার বছর খেলতে পারত। আমি নিশ্চিত, যাওয়ার আগে ও ম্যাকগ্রাকে পেছনে ফেলবে।’ খেলা শুরুর আগে স্বয়ং মুরালির প্রতিক্রিয়াতেও ছিল ওই চাওয়া, ‘শেষ ম্যাচটায় আমি ভালো করতে চাই। দলের ফাইনালে উঠতে হলেও আমার ভালো করা জরুরি। তা ছাড়া বিশ্বকাপের সর্বোচ্চ উইকেটশিকারি হতে পারলে ভালোই লাগবে।’পারবেন কি না, কে জানে। ম্যাকগ্রাকে (৭১) পেছনে ফেলতে প্রয়োজন ছিল ৬ উইকেট। পুরো ফিট ছিলেন না, তার পরও কাল পেয়েছেন ২ উইকেট। ক্যারিয়ারে অসংখ্যবার যা করেছেন, তেমনি দেশের মাটিতে ক্যারিয়ারের শেষ বলটিতেও গ্যালারিকে আনন্দে ভাসালেন। টেস্ট ক্যারিয়ারের শেষ বলটিতে উইকেট পেয়েছিলেন, দেশের মাটিতে শেষ বলটিতেও পেলেন। ৪ উইকেট নেওয়া এখনো তাঁর জন্য খুব কঠিন কিছু নয়। ফাইনালে সেটা যদি হয়ে যায়, আর দেশও যদি জেতে বিশ্বকাপ, চ্যাম্পিয়নের বিদায় তাহলে চ্যাম্পিয়নের মতোই হবে!