প্রেমাদাসায় ‘স্পোর্টিং’ উইকেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯ বছরের ক্যারিয়ার। খেলোয়াড়ি ক্যারিয়ার নয়, তিনি কিউরেটর। দীর্ঘ ক্যারিয়ারে ৯০টি টেস্টের উইকেট বানিয়েছেন। ওয়ানডে ও প্রথম শ্রেণীর ক্রিকেট মিলিয়ে সংখ্যাটা কয়েক শ। দীর্ঘ এই পথচলা শেষ হচ্ছে এ মাসেই, ৩১ মার্চ অবসরে যাচ্ছেন অনুরুদ্ধ পোলোনোভিতা। এর আগে এবার জীবনের শেষ টেস্ট উইকেটটি বানালেন শ্রীলঙ্কার জাতীয় কিউরেটর। প্রেমাদাসা স্টেডিয়ামের যে উইকেট কাল সিরিজের দ্বিতীয় টেস্টে লড়বে বাংলাদেশ ও শ্রীলঙ্কা!গল টেস্টের মাঝামাঝি থেকেই আলোচনা প্রেমাদাসার উইকেট নিয়ে। এমনিতে স্পিনারদের মৃগয়া গল এবার ছিল ভীষণ রকম নিষ্প্রাণ। আগে এর চেয়ে নিষ্প্রাণ উইকেটেও আত্মঘাতী সব শটে উইকেট বিলিয়ে এসেছেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। কিন্তু এবার দেখা গেছে ভিন্ন এক বাংলাদেশকে। প্রেমাদাসার উইকেট নিয়ে তাই আগ্রহ সবার।কাল পোলোনোভিতা জানালেন, উইকেট হবে স্পোর্টিং, ‘অবশ্যই গলের চেয়ে ভিন্ন উইকেট হবে এটা। খুব বেশি কিছু বলার সুযোগ নেই আমার, তবে বলতে পারি প্রস্তুতি ভালোই হয়েছে। আমি নিশ্চিত খুব ভালো টেস্ট উইকেট হবে এটি।’ কালকের যা অবস্থা, তাতে হালকা ঘাসের স্তর আছে উইকেটে। ম্যাচের প্রথম দিকে তাই নিশ্চিতভাবেই পেসারদের সহায়তা করবে এই উইকেট। আজ উইকেট ন্যাড়া বানিয়ে ফেললে অবশ্য ভিন্ন কথা।তবে সেই সম্ভাবনা কমই। প্রেমাদাসার উইকেট বছর দুয়েক ধরেই পেসবান্ধব। ২০১১ ওয়ানডে বিশ্বকাপের আগে নতুন করে বানানো হয় উইকেট। এর পর থেকেই উইকেটে পেসাররা বেশ সহায়তা পেয়ে আসছে। বাউন্স ও মুভমেন্টও বেশ ভালো পাওয়া যায়। শুধু প্রেমাদাসাতেই নয়, বিশ্বকাপ উপলক্ষে বানানো শ্রীলঙ্কার নতুন দুই ভেন্যু পাল্লেকেলে ও হাম্বানটোটাতেও পেসবান্ধব উইকেট বানিয়েছেন পোলোনোভিতা। প্রেমাদাসা টেস্ট শেষে প্রবীণ এই কিউরেটরকে আনুষ্ঠানিকভাবে সম্মাননাও জানাবে লঙ্কান বোর্ড। ওয়েবসাইট।