প্রেমিক বিশ্বকাপ দলে নেই, ক্ষোভ প্রেমিকার

যার সঙ্গে হৃদয়টা বাঁধা, তাঁর সুখে যেমন পুলক, দুঃখেও বয় যাতনার স্রোত। প্রিয় মানুষটার দুঃসময় এখন, আনারা আটানেসের অন্তরের গভীর প্রদেশে বয়ে যাচ্ছে যাতনার স্রোত। ফ্রান্স বিশ্বকাপ দলে জায়গা হয়নি সামির নাসরির। এতেই রীতিমতো ফুঁসেছেন ফরাসি স্ট্রাইকারের প্রেমিকা আটানেস। প্রেমিকপ্রবরের প্রতি এমন ‘অবিচার’ সইতে না পেরে টুইটারে অকথ্য ভাষায় গালাগালি করেছেন ফরাসি কোচ দিদিয়ের দেশমকে!
‘দেজাভ্যু’ বলে একটি ফরাসি শব্দ রয়েছে। নাসরির ক্ষেত্রে এ শব্দটি খুব যায়। দেশমের দলে ঠাঁই না পাওয়া যে ২০১০ সালের পুনরাবৃত্তি! গত বিশ্বকাপে রেমন্ড ডমেনেখের দলেও জায়গা হয়নি। এবারও হলো না। বিশ্বকাপ মানে একটা ফুটবলারের আজন্ম আরাধ্য স্বপ্ন। এমন নয়, ফর্মও খারাপ। তার পরও দলে জায়গা না পাওয়ার যন্ত্রণা সহ্য করা সত্যিই কঠিন।
বিশ্বকাপের স্বপ্ন পূরণ না হওয়ায় স্বাভাবিকভাবেই মুষড়ে পড়েছেন ২৬ বছর বয়সী এই স্ট্রাইকার। তবে এ মুহূর্তে তাঁর বাদ পড়ার চেয়ে যে ঘটনা আলোচনা ঝড় তুলেছে সেটি হচ্ছে, তাঁর প্রেমিকার তীব্র ক্ষোভ। টুইটারে যাচ্ছেতাই ভাষায় ফ্রান্স ও দেশমকে গালাগাল করেছেন ব্রিটিশ মডেল আটানেস। শেষ পর্যন্ত প্রেমিকাকে সামলাতে হয়েছে ‘শোকাহত’ নাসরিকেই! টুইটারে তিনি প্রিয়তমাকে লিখেছেন, ‘আনারা, ভালোবাসি তোমায়। হতাশ হয়ো না। জীবনে কখনো কখনো এমন অন্যায্য ঘটনা ঘটে। কিন্তু এটা স্বীকার করে নিতেই হবে এবং তা মোকাবিলা করতে হবে।’
এর আগে এক সাংবাদিককে গালাগালি করে নাসরি নিজেও হয়েছিলেন সংবাদ শিরোনাম। ২০১২ ইউরো কাপের কোয়ার্টার ফাইনালে স্পেনের কাছে ২-০ গোলে হারের পর এক সাংবাদিককে গালাগাল করেছিলেন এ ফরাসি স্ট্রাইকার। কিন্তু এবার যেন তাঁকে পেছনেই ফেলে দিয়েছেন তাঁর প্রিয়তম প্রেমিকা! ছাপার অযোগ্য সব গালি যে দিয়েছেন!
নাসরির বাদ পড়া প্রসঙ্গে ফ্রেঞ্চ টিভি চ্যানেল টিএফওয়ানকে দেশম বলেছেন, ‘ম্যানচেস্টার সিটির জন্য সামির খুবই গুরুত্বপূর্ণ খেলোয়াড়। কিন্তু ফ্রান্সের হয়ে খুব ভালো খেলতে পারেনি। সে সিটির নিয়মিত একাদশে থাকতে পারে। ফ্রান্স দলে তা প্রযোজ্য নয়।’ শুধু খেলোয়াড়ি কারণে নয়, জায়গা না পাওয়ার পেছনে যে ব্যক্তি নাসরির ভূমিকাও আছে, সেটিও বলেছেন দেশম, ‘আমি সেরা স্কোয়াড তৈরি করেছি কিন্তু ফ্রান্সের ২৩ জন সেরা খেলোয়াড় বেছে নিইনি।’