প্রেমিকা বলেছিলেন বলেই...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয়ের পর প্রেমিকার আলিঙ্গনে। কাল উইম্বলডনে উইলিস
জয়ের পর প্রেমিকার আলিঙ্গনে। কাল উইম্বলডনে উইলিস

জেনি বেইট। নামটি খুব সাধাসিধে, তিনি মানুষটাও তাই। পেশায় দন্তচিকিৎসক এই নারীর নামটি মনে রাখুন, টেনিসের অন্যতম সেরা রূপকথা যে লেখা গেল তাঁর কারণেই। মার্কাস উইলিস যে উইম্বলডনে ঝড় তুলছেন, তার পেছনে এ নারীরই সবচেয়ে বড় অবদান। না হলে তো আজ ফিলাডেলফিয়ার কোনো এক কোনায় পড়ে থাকতেন উইলিস।
উইলিসকে চিনতে পারেননি? দোষ দেওয়া যাচ্ছে না। গত সপ্তাহের আগে তাঁর নাম শুনেছেনই বা কে? বিশ্বের ৭৭৫ নম্বর টেনিস খেলোয়াড় তিনি। সর্বশেষ কোনো প্রতিযোগিতায় অংশ নিয়েছেন সেই জানুয়ারিতে। সেই উইলিসই প্রাকবাছাইয়ে টানা ৬ ম্যাচ জিতে চলে এসেছেন টেনিসের সবচেয়ে সম্মানজনক প্রতিযোগিতা উইম্বলডনে! শুধু তা-ই নয়, জিতে গেছেন প্রথম রাউন্ডেও। র‍্যাঙ্কিংয়ে তাঁর চেয়ে ৭২০ ধাপ এগিয়ে থাকা খেলোয়াড় রিকার্দাস বেরাঙ্কিসকে সরাসরি সেটে হারিয়ে উঠে গেছেন দ্বিতীয় রাউন্ডে। সেখানে তাঁর প্রতিপক্ষ কে জানেন? টেনিসের সর্বকালের সর্বোচ্চ গ্র্যান্ড স্লামজয়ী রজার ফেদেরার!

পৃথিবীটাই তো বদলে যাচ্ছে উইলিসের। অথচ ওয়ারউইক বোট ক্লাবে চার-পাঁচ বছর বয়সী শিশুদের টেনিস কোচ হয়েই জীবন কাটিয়ে দিচ্ছিলেন। ঘণ্টায় ৩০ পাউন্ড মাইনে দিয়ে দিন পার করছিলেন। অবসরের চিন্তাই শুরু করে দিয়েছিলেন উইলিস। ভাগ্যিস, বেইটের সঙ্গে পরিচয় হয়েছিল। বেইটই হাল ছাড়তে দিলেন না উইলিসকে। বান্ধবীর অনুপ্রেরণাই তাঁকে এমন রূপকথা লেখার সুযোগ করে দিল। খেলোয়াড়ি জীবন থেকে অবসর নেবেন, ঠিক করেই ফেলা ছিল। প্রেমিকা বলেছিলেন বলেই চূড়ান্ত সিদ্ধান্ত নেননি।
৭৭৫ নম্বরে থাকার কারণে উইম্বলডনের বাছাই পর্বেও সরাসরি জায়গা মেলেনি, আগে খেলেছেন প্রাকবাছাই। সেখান থেকে টানা ছয়টি ম্যাচ জিতে উইম্বলডনে। উইলিস রূপকথায় আরেক অধ্যায় যোগ হলো প্রথম রাউন্ডের জয়। এ যেন রূপকথা।
রূপকথা লিখতে এসেও তিনি নিজে কিন্তু বাস্তববাদী ছিলেন। উইম্বলডনই যে তাঁর ক্যারিয়ারের প্রথম এটিপি ট্যুর ছিল! সে জন্যই তো উইম্বলডনের সবুজ ঘাসে খেলতে এসেও ঝুঁকি নেননি। হোটেলের রুম ভাড়া করেছিলেন দিনভিত্তিক! কাল বেরাঙ্কিসের সঙ্গে প্রথম রাউন্ডে খেলতে নামার আগেই হোটেলের বিল চুকিয়ে এসেছিলেন। বিশ্বের ৫৪ নম্বর খেলোয়াড়ের বিপক্ষে জেতার আশা করেন কীভাবে? হোটেল রুম ধরে রাখা মানে তো খামোখা এক দিনের বাড়তি ভাড়া গোনা!
কিন্তু জিতে গেলেন। এরপর নিশ্চিত করতে হলো আরও কিছুদিন রুমটা ভাড়ায় রাখছেন! টেনিস ক্যারিয়ারে এর আগে সব মিলিয়ে যাঁর আয় ছিল ২৬৫ পাউন্ড, সেই উইলিস কাল এক ম্যাচ জিতেই নিশ্চিত করেছেন ৫০ হাজার পাউন্ড অর্থ প্রাপ্তি। সেটি বেড়ে ৮০ হাজার হয়ে যেতে পারে দ্বিতীয় রাউন্ডের ম্যাচটি জিতলেই।
ওই ম্যাচে উইলিসের যে প্রতিপক্ষ, তাতে অবশ্য সেটা অঘটনেরও অঘটন। তবে কদিন আগে যদি তাঁকেই কেউ বলব, উইলিস উইম্বলডনে যদি ফেদেরারের সঙ্গে খেলবেন, তিনিই হেসে বলতেন, ‘পাগল নাকি!’ সূত্র : ডেইলি মেইল।