
সময় দিয়েও শেষ পর্যন্ত কী একটা কাজে আটকে যাওয়ায় আসতে পারলেন না বিসিবি সভাপতি নাজমুল হাসান। দক্ষিণ আফ্রিকাগামী মহিলা ক্রিকেট দলের আনুষ্ঠানিক ফটোসেশন তাতে একটু রং হারাল। তবে সিরিজ-পূর্ব এই আনুষ্ঠানিকতায় জাতীয় দলের ব্লেজার গায়ে বাংলাদেশের মেয়েরা বরাবরের মতোই প্রাণোচ্ছল। কাল বিকেলে ছবি তোলার ধুম পড়ল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে।
কিন্তু এই যে যাত্রার আনন্দ, সেটা এক লহমায় সালমা খাতুনের দলের মুখ থেকে কেড়ে নিতে পারে প্রতিপক্ষ। প্রতিপক্ষ দলটা যে দক্ষিণ আফ্রিকা, তিনটি টি-টোয়েন্টি আর তিন ওয়ানডের সিরিজটাও যে তাদেরই মাটিতে!
শ্রীলঙ্কান কোচ ওশাদি বীরাসিঙ্গে আগেই বলে দিয়েছেন, সফরের সবচেয়ে বড় চ্যালেঞ্জ দক্ষিণ আফ্রিকার কন্ডিশন। তার ওপর এবার অনুশীলনও হয়েছে অল্প। অধিনায়ক সালমা তার পরও কন্ডিশন জেতার চ্যালেঞ্জটা নিচ্ছেন। ছবি তোলার পোজ ভেঙে এসে শোনালেন আশার কথা, ‘আমাদের দেশে ওদের (দক্ষিণ আফ্রিকা মহিলা দল) উইকেটের সঙ্গে মানিয়ে নিতে হয়েছে। আমরাও চেষ্টা করব তাদের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে। ওখানকার কন্ডিশন পেস বোলারদের সাহায্য করে। আমাদের চারজন পেসার আছে। আশা করি, তারা ভালো করবে। স্পিনাররাও ভালো সাপোর্ট দেবে।’ তবে প্রস্তুতি আরেকটু বেশি হলে প্রত্যাশাও আরও বাড়ানো যেত বলে ধারণা সালমার। তার পরও দক্ষিণ আফ্রিকার মেয়েদের সর্বশেষ বাংলাদেশ সফর থেকেই অনুপ্রেরণা পাচ্ছেন, ‘ওরা যদি এখানে এসে ভালো করতে পারে, আমরাও ওখানে গিয়ে পারব।’
ঘরোয়া ক্রিকেটের পারফরম্যান্স দিয়ে দলে ফেরা অলরাউন্ডার সাথিরা জাকিরকে আত্মবিশ্বাসী মনে হলো দক্ষিণ আফ্রিকার কন্ডিশন মানিয়ে নেওয়ার ব্যাপারে, ‘দক্ষিণ আফ্রিকায় বাউন্সি উইকেট, সে জন্য আমরাও শর্ট বলে বেশি প্র্যাকটিস করেছি। প্রথম দু-একটা ম্যাচে সমস্যা হলেও পরে ঠিক হয়ে যাবে আশা করি।’
কন্ডিশন আর উইকেট নিয়ে ব্যাটারদের চিন্তা থাকলেও ও রকম উইকেটে বল করার সুযোগ পাচ্ছেন বলে খুশি হওয়ার কথা পেসারদের। পান্না ঘোষ খুশি, ‘শুনেছি, অনেক বাউন্সি উইকেট সেখানে, পেস বোলারদের জন্য এটা ভালো একটা সুযোগ। আমরা চেষ্টা করব লাইন-লেংথ ঠিক রেখে বল করতে। ও রকম উইকেটে এটা করতে পারলেই সফল হওয়া যাবে।’
দক্ষিণ আফ্রিকার উদ্দেশে আজ সকালেই দেশ ছাড়বে বাংলাদেশের মেয়েরা। ১৫ দিনের সফর শেষে দেশে ফিরেও ব্যস্তই থাকতে হতে পারে তাদের। আগামী বছর মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশে। তার আগে অনেক বোর্ডই নাকি আগ্রহী বাংলাদেশে এসে বাংলাদেশের মেয়েদের সঙ্গে সিরিজ খেলতে। তালিকার প্রথমেই আছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।