প্রেরণা ম্যারাডোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কখনো পাশের জনের সঙ্গে রসিকতা করছেন, কখনো অট্টহাসিতে ফেটে পড়ছেন। আবার গোল হলেই শিশুর মতো ভাসছেন উচ্ছ্বাসে। যে নাপোলিতে কেটেছে যৌবনের প্রোজ্জ্বল সময়, সেই নাপোলিতে ফিরে ডিয়েগো ম্যারাডোনা যেন ফিরে গিয়েছিলেন অতীতে। আর ম্যারাডোনা-জিয়নকাঠিতে উজ্জীবিত হয়েই কি না বদলে গেল নাপোলিও। আগের দুবারের সাক্ষাতে রোমাকে হারাতে পারেনি। তাদের কী অনায়াসেই হারাল পরশু! আর ৩-০ গোলের এই জয়েই নাপোলি উঠল ইতালিয়ান কাপের ফাইনালে।
১৯৮৪ থেকে ১৯৯২—আট বছর কাটিয়েছেন নেপলসে! ফিনিক্স পাখির মতো নাপোলির উত্থানটা ম্যারাডোনার হাত ধরে, আর ম্যারাডোনার বিদায়ের হাত ধরাধরি করে আসে দুঃসময়ও। সাম্প্রতিক কয়েক বছরে আবার সমীহ জাগানোর মতো শক্তি হয়ে উঠেছে নাপোলি, গতবার রানার্সআপ হয়েছে সিরি ‘আ’তে। এবার লিগে জুভেন্টাস অবশ্য অনেকটাই এগিয়ে, তবে পরশু নাপোলি যেভাবে জিতল, ইতালিয়ান কাপ তারা পেতেই পারে!
আগের লেগ রোমা জিতেছিল ৩-২ গোলে। নাপোলিকে তাই জিততেই হতো নিজেদের মাঠের ফিরতি লেগে। কায়েহন, হিগুয়েইন, জর্জিনহোদের গোলে জয়টা এসেছে সহজেই। এদিকে জার্মান কাপে হামবুর্গকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে বায়ার্ন সেমিফাইনালে উঠেছে। হ্যাটট্রিক করেছেন ক্রোয়েশিয়ান স্ট্রাইকার মারিও মানজুকিচ। এএফপি।