প্রেরণা ১৯৬৬
১৯৬৬ কি শুধু ইংল্যান্ডের প্রেরণা? মোটেও না। ২০১০ বিশ্বকাপে উত্তর কোরিয়া যাবে ৪৪ বছর আগের বিশ্বকাপের স্বপ্ন-সাহস বুকে বেঁধেই।১৯৬৬ বিশ্বকাপ ইংল্যান্ডের জন্য এখন পর্যন্ত একমাত্র শিরোপা জয়ের আসর। আরও একটি সোনালি ট্রফির সুলুক-সন্ধান করতে গিয়ে প্রায় আধা শতাব্দি আগের সেই স্মৃতিটাই তো পুঁজি ইংল্যান্ডের। রানি দ্বিতীয় এলিজাবেথের কাছ থেকে ববি মুরের শিরোপা নেওয়ার ছবিটাই তো এখনো একমাত্র সম্বল। ইংল্যান্ডের ব্যাপারটা না হয় বোঝা গেল। কিন্তু উত্তর কোরিয়া?হ্যাঁ, ১৯৬৬ বিশ্বকাপও এই বহির্বিশ্বের কাছে প্রায় অচেনা এই দেশটির জন্যও প্রেরণা। তাদের ফুটবলীয় লোকগাথার জন্ম তো হয়েছিল ওই আসরেই। প্রথমবারের মতো বিশ্বকাপে খেলতে আসা উত্তর কোরিয়া ইতালির মতো দলকে প্রথম রাউন্ডেই বিদায় করে দিয়েছিল। এর পর কোয়ার্টার ফাইনালে ইউসেবিওর পর্তুগালের বিপক্ষে এগিয়ে গিয়েছিল ৩-০ গোলে। এশিয়ার প্রথম দল হিসেবে প্রথম রাউন্ডের গণ্ডি পেরোনো কোরিয়া হয়তো উঠে যেত সেমিফাইনালেই। কিন্তু ইউসেবিওর চার গোলে অপমৃত্যু হলো সেই স্বপ্নের।না, স্বপ্নেরা মরে না। প্রবাহিত হয় প্রজন্মান্তরে। না হলে ‘১৯৬৬-এর মতো আবারও পুরো পৃথিবীকে চমকে দিতে চাই’ এমন মন্তব্য করার সাহস বলুন কিংবা প্রেরণা, কোথা থেকে পেলেন জং তায়ে-সে। উত্তর কোরিয়ার এই একজন ফুটবলারই মোটামুটি পরিচিত। ‘এশিয়ার ওয়েইন রুনি’ হিসেবেও খ্যাতি আছে জাপানের জে-লিগের এই খেলোয়াড়ের।১৯৬৬-এর পর এই প্রথম আবারও বিশ্বকাপে খেলতে যাচ্ছে সমাজতন্ত্রের ঘেরাটোপে নিজেদের বাকি পৃথিবী থেকে প্রায় বিছিন্ন করে রাখা দেশটি। এবং গ্রুপ পর্বেই আবারও পর্তুগালের সঙ্গে দেখা হয়ে যাচ্ছে তাদের। বাকি দুই প্রতিপক্ষে নাম ব্রাজিল আর আইভরিকোস্ট বলে তাদের পক্ষে কতদূর যাওয়া সম্ভব—এটা নিয়েই সংশয় আছে।স্বাভাবিকভাবেই সেই সংশয়বাদীদের দলে নেই জং। কাওয়াসাকি ফ্রন্টেলের এই ফরোয়ার্ড বলছেন, খেলার আনন্দে খেলবে উত্তর কোরিয়া। কোনো চাপ নেই তাদের ওপর। আর এ কারণেই সম্ভব অঘটন ঘটানোর, ‘আমরা যদি শুরুর তিনটা ম্যাচেই হেরে যাই কেউ আমাদের দোষ দেবে না। কারণ বিশ্বকাপের চূড়ান্ত পর্বে আমাদের ওঠাটাই তো এক ধরনের বিস্ময়। একটা জয় পেলেই লোকে আমাদের মাথায় তুলে নাচবে। আমাদের ওপর তাই কোনো চাপই নেই।’এতটাই চাপমুক্ত, দ্রগবাদের বিপক্ষে খেলবেন এই আনন্দেই আত্মহারা জং। দ্রগবার সঙ্গে জার্সি পাল্টানোর ইচ্ছের কথাও জানিয়ে রাখলেন। ‘আমাকে রুনির নামে ডাকা হয় বলে ভালোই লাগে। যদিও আমার খেলার ধরনের সঙ্গে দ্রগবারই বেশি মিল’—ইচ্ছেটার কারণও ব্যাখ্যা করেছেন তিনি।গ্রুপ অব ডেথে পড়েও কেন কমপক্ষে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার স্বপ্ন দেখছেন? এই আত্মবিশ্বাসের উত্স কী? ‘আমাদের এক ধরনের মানসিক শক্তি আছে যেটি ব্রাজিল, পর্তুগাল বা আইভরিকোস্টের পক্ষে হারানো সম্ভব নয়। এটাই আমাদের মূল শক্তি’—জংয়ের উত্তর। প্রতিপক্ষদের কি যুদ্ধের জন্য আমন্ত্রণ জানিয়ে রাখলেন! এএফপি।