প্রেরণার নাম উত্তর কোরিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপে অংশ নেওয়া ৩২ দলের মধ্যে র‌্যাঙ্কিংয়ের সবচেয়ে নিচে (১০৫) থাকা দলটির কাছ থেকেই এখন লড়াইয়ের প্রেরণা খুঁজে নিচ্ছে অনেক দল। অন্তত আইভরিকোস্টের প্রেরণার উৎস তো এখন ৪৪ বছর পর বিশ্বকাপে খেলতে আসা এশিয়ার দলটিই। আগামীকাল যে ব্রাজিলের মুখোমুখি হচ্ছে আইভরিয়ানরা!আইভরিকোস্টের চেলসি তারকা সলোমন কালু যেমন বলছেন, ‘আমি ওই ম্যাচের প্রথমার্ধ দেখেছি। উত্তর কোরিয়া দারুণভাবে তাদের রক্ষণ সামলে রেখেছিল। ব্রাজিলকে রীতিমতো উত্যক্ত করে ছেড়েছে। আমার মনে হয়, ওরা আমাদের সামনে একটা ভালো উদাহরণ রেখে গেল।’উত্তর কোরিয়ার রক্ষণাত্মক খেলা দেখে কেউ সমালোচনা করছে না। ব্রাজিলের মতো দৈত্যের সামনে দাঁড়ালে আত্মরক্ষাই তো হওয়া উচিত মূল লক্ষ্য। মৃত্যুকূপ ‘জি’ গ্রুপের দ্বিতীয় ম্যাচে মাঠে নামার আগে আইভরিকোস্টও তাই উত্তর কোরিয়ার কৌশলটাই আত্মস্থ করে নিতে চাইছে। কালু জানিয়েছেন, ‘আমাদের দলে এমন খেলোয়াড় আছে যারা ব্যবধান গড়ে দিতে পারে। আমাদের মূল শক্তিই হলো আক্রমণভাগে। কিন্তু এই ম্যাচে আমাদের রক্ষণে মনোযোগ দিতে হবে।’প্রথম ম্যাচে পর্তুগালের সঙ্গে গোলশূন্য ড্র করেছে আইভরিকোস্ট। ব্রাজিলের বিপক্ষে ড্র করতে পারলেও দ্বিতীয় রাউন্ডের আশা টিকে থাকবে তাদের। হেরে গেলে অনেকটাই মিইয়ে যাবে সেই আশা। আইভরিকোস্ট তাই প্রথমত নিজে গোল না খাওয়ার লক্ষ্য নিয়ে পাল্টা-আক্রমণে গোল করার চেষ্টাই চালাবে বলে জানিয়েছেন কালু, ‘ব্রাজিল দলটায় পর্তুগালের মতোই অনেক প্রতিভাবান খেলোয়াড় আছে, যারা ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। পর্তুগালের বিপক্ষে আমরা যেমন খেলেছি, সেই খেলাটাই খেলতে হবে। সব সময় বলের দখল রাখার চেষ্টায় মগ্ন থাকতে হবে। ব্রাজিলকে তাদের স্বাভাবিক খেলাটা খেলার সুযোগ দেওয়া চলবে না।’ আইভরিকোস্টের জন্য সুখবর, এই ম্যাচে শুরু থেকেই মাঠে নামবেন অধিনায়ক দ্রগবা।কোনো ধরনের হুমকি-ধমকি অবশ্য আসেনি আইভরিকোস্টের তরফ থেকে। তার পরও ব্রাজিল শিবির সতর্কই। মিডফিল্ডার জিলবার্তো সিলভা বলেছেন, ‘এই ম্যাচে আমরা শক্ত প্রতিদ্বন্দ্বিতা আশা করছি।’ উত্তর কোরিয়া ম্যাচটিতে ঠিক ব্রাজিলীয় দাপটটা দেখানো যায়নি। এই ম্যাচ দিয়েই প্রতিপক্ষের বুকে ত্রাসের কাঁপন ধরিয়ে দিতে চায় ব্রাজিল। এএফপি।