প্রেরণার নাম ওয়েম্বলি
সাফল্য, অর্জন কিংবা শক্তিমত্তা—ম্যানচেস্টার ইউনাইটেড আর শালকের মধ্যে কোনো তুলনা চলে না। চ্যাম্পিয়নস লিগের প্রথম সেমিফাইনালের প্রথম লেগে আজ মুখোমুখি হচ্ছে মেরু-ব্যবধানের দুটি দল। ম্যানচেস্টার ইউনাইটেডের সামনে গত চার বছরে তৃতীয় ফাইনালের হাতছানি, হাতছানি চতুর্থবারের মতো ইউরোপ-সেরার মুকুট মাথায় তোলার। আর জার্মানির শালকে জিরো ফোর নকআউট পর্বেই পা রেখেছে এই প্রথম। ব্যবধান যা-ই থাক, একটি শাশ্বত সত্য মানলে এক দিক দিয়ে দুটি দলই এক বিন্দুতে দাঁড়িয়ে। স্বপ্ন দেখছে দুই দলই। বড় কি ছোট, স্বপ্ন বাস্তবায়নে সবার পেছনেই থাকে কোনো না কোনো প্রেরণা। সেই প্রেরণার জায়গা থেকেও ম্যানইউ-শালকে দাঁড়িয়ে একই বিন্দুতে। এবারের চ্যাম্পিয়নস লিগের ফাইনালের ভেন্যু ইংল্যান্ডের ওয়েম্বলি। ওয়েম্বলিতে ফাইনাল খেলাটাই প্রেরণা দুই দলের। ১৯৬৮ সালে এই ওয়েম্বলিতেই ইউরোপ-সেরার মুকুট প্রথম পরেছিল ম্যানইউ। এরপর ওয়েম্বলিতে ৩টি ফাইনাল হয়েছে, ম্যানইউ আরও দুবার ইউরোপ-শ্রেষ্ঠ হলেও ওয়েম্বলিতে খেলতে পারেনি ফাইনাল। ৪৩ বছর পর আবার ওয়েম্বলিতে ফাইনাল খেলার স্বপ্ন দেখছে অ্যালেক্স ফার্গুসনের দল। শালকের ওয়েম্বলি-প্রেরণা রাউল গঞ্জালেসের কারণে। ১৭ বছরের ক্যারিয়ারে অনেক অর্জন রাউলের—৬টি লা লিগা ও ৩টি চ্যাম্পিয়নস লিগ শিরোপাসহ জিতেছেন ছোট-বড় ১৬টি শিরোপা। খেলেছেন বিশ্বের বহু মাঠে। কিন্তু ওয়েম্বলিতে খেলা হয়নি স্পেন ও রিয়াল মাদ্রিদের এই সাবেক অধিনায়কের। রিয়াল মাদ্রিদ থেকে শালকেতে নাম লেখানোর পর এ মৌসুমে কয়েকটি স্বপ্নই পূরণ করেছেন। বায়ার্ন মিউনিখের বিপক্ষে গোল করার স্বপ্ন পূরণ হয়েছে, সানসিরোতে ইন্টার মিলানের বিপক্ষেও গোল করেছেন। এবার ওয়েম্বলিতে খেলার স্বপ্ন পূরণের অপেক্ষায় রাউল, ‘কখনো ওয়েম্বলিতে খেলিনি, এই স্টেডিয়ামে খেলার স্বপ্ন দেখি আমি।’ রাউলের স্বপ্ন পূরণ করতে নিজেদের মাঠে আজ এই টুর্নামেন্টে একটা অভূতপূর্ব ঘটনা ঘটানো খুব জরুরি। এবারের চ্যাম্পিয়নস লিগে অ্যাওয়ে ম্যাচে এখনো কোনো গোল খায়নি ফার্গুসনের দল। প্রথম লেগ জিতে এগিয়ে থাকতে হলে ম্যানইউর জালে বল ঢোকানোর দুরূহ কাজটা করতে হবে রাউলকে। সামনে থেকে নেতৃত্ব দিতে হবে তাঁকে। শালকে কোচ রালফ রাংনিক ম্যানইউকে হারানোর হুংকার অবশ্য দিয়ে রেখেছেন, ‘আমরা ০-০ ড্রয়ের হিসাব নিয়ে নামছি না। আমরা ম্যাচটি জিততে চাই এবং নিজেদের মাঠে ইন্টারের বিপক্ষে যেমন খেলেছি, ঠিক সে রকমই খেলতে চাই।’ কোয়ার্টার ফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইন্টারের বিপক্ষে নিজেদের মাঠে ২-১ গোলে জিতেছিল শালকে। রাংনিকের এই হুমকি ফার্গুসন পাত্তা দিতে হয়তো চাইবেন না। তবে ম্যানইউ কোচকে সতর্ক তো একটু থাকতেই হবে! ১৯৯৯ ফাইনালে বায়ার্ন মিউনিখের বিপক্ষে নাটকীয় এক জয় পেয়েছিল ম্যানইউ। কিন্তু বায়ার্ন এর শোধ নিয়েছে ২০১০ সালের কোয়ার্টার ফাইনালে। যেকোনো জার্মান ক্লাবই মাঠে কঠিন লড়াইয়ের মুখে ঠেলে দিতে পারে ম্যানইউকে। ১৯৯৭ সালে সেমিফাইনালের দুই লেগেই বরুসিয়া ডর্টমুন্ডের কাছে ১-০ গোলে হেরেছিল ম্যানইউ। ২০০২ সালে বেয়ার লেভারকুসেনের সঙ্গে সেমিফাইনালের দুই লেগেই ড্র করে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ে তারা অ্যাওয়ে গোলের হিসাবে। জার্মান ক্লাবগুলোর এই শৌর্যমণ্ডিত পরিসংখ্যান শালকের জন্য প্রেরণার ঠিকই, তবু ম্যানইউকে ভয় পাচ্ছেন রাউল। তাঁর ভয় ম্যানইউর আইকন রায়ান গিগস আর পল স্কোলসের জন্য। দুজনের মিলিত বয়স ৭৩ বছর (গিগস ৩৭, স্কোলস ৩৬)। কিন্তু বয়সের ভারে তাঁরা এখনো নুয়ে পড়েননি, বরং অভিজ্ঞতা দিয়ে ম্যানইউকে টেনে নিয়ে যাচ্ছেন উঁচু থেকে আরও উঁচুতে। চ্যাম্পিয়নস লিগে সর্বোচ্চ গোলের মালিক ৩৩ বছর বয়সী রাউল এ দুজনের ব্যাপারে বলেছেন, ‘আমি নিজেই গিগস আর পলের (স্কোলস) বড় সমর্থক।’ আজ তাহলে কী হবে? গিগস-স্কোলসের অভিজ্ঞতা জিতবে, নাকি স্বপ্নপূরণের পথে এক ধাপ এগিয়ে যাবেন তাঁদের তারকা-সমর্থক রাউল? এএফপি, ওয়েবসাইট।