প্রেরণার নাম টেন্ডুলকার
খুব বেশি দিন হয়নি, দুজনকে রাখা হতো প্রায় এক কাতারে। নব্বইয়ের দশকে শচীন টেন্ডুলকারের যে লড়াইটা ছিল ব্রায়ান লারার সঙ্গে, এই দশকের প্রথম ভাগটায় সেটিই ছিল রিকি পন্টিংয়ের সঙ্গে। টেস্টের সর্বোচ্চ রান ও সেঞ্চুরির রেকর্ডটা শেষ পর্যন্ত টেন্ডুলকার না পন্টিংয়ের হবে, তর্ক হতো হরহামেশাই। এখন আর হয় না। গত দুই বছরে টেন্ডুলকার যেখানে নিজেকে নিয়ে গেছেন নতুন উচ্চতায়, পন্টিংয়ের ক্যারিয়ারে সেখানে ভাটার টান। ক্যারিয়ারে জোয়ার আনতে পন্টিংকে সেই টেন্ডুলকারের কাছ থেকেই অনুপ্রেরণা খুঁজতে বলেছেন পূর্বসূরি অধিনায়ক মার্ক টেলর।৬৭.১৩, ৮৮.৮৬, ৩৮.৪০, ৪৭.২৮, ৩৮.৭৭, ৪৩.২৭—গত কয়েক বছরের পর্যায়ক্রমিক টেস্ট গড়ই পন্টিংয়ের উল্টো যাত্রার সবচেয়ে বড় প্রমাণ। উইকেটের চারপাশে সেই সহজাত স্ট্রোক প্লেতে যেন মরচে ধরেছে। পুল শটে তাঁকে মনে করা হতো সর্বকালের সেরাদের একজন, অথচ আনকোরা বোলাররাও এখন শর্ট বলে তাঁকে বিব্রত করে তোলে। ভারত সফরে বোর্ড সভাপতি একাদশের বিপক্ষে তিন দিনের ম্যাচটির দ্বিতীয় ইনিংসেও আউট হলেন কাল তরুণ বোলার জয়দেভ উনারকাটকে পুল করতে গিয়ে। এর আগে করতে পেরেছেন মাত্র ৯।তবে মার্ক টেলরের ধারণা, সেরা সময়টা পেছনে ফেলে এলেও বড় রান করার ক্ষমতা হারিয়ে ফেলেননি পন্টিং, ‘একটা সময় ছিল যখন মনে হচ্ছিল টেস্ট সেঞ্চুরি ও রানে টেন্ডুলকারকে ধরে ফেলবে পন্টিং। কিন্তু টেন্ডুলকারের ক্যারিয়ারে যখন রেনেসাঁ এল, অস্ট্রেলিয়া অধিনায়ক তখন নিজেকে হারিয়ে ফেলল। নিশ্চিতভাবেই সেরা সময়টা ও পেছনে ফেলে এসেছে, তবে এখনো ওর বড় সেঞ্চুরি করার সামর্থ্য আছে। ত্রিশের কাছাকাছি বয়সে ও যেমন ব্যাটসম্যান ছিল, তেমনটা এখন আর নেই। তবে এখনো খুব ভালো ব্যাটসম্যান।’২০০৭ সালের শুরুতেও টেন্ডুলকারের টেস্ট সেঞ্চুরি ছিল ৩৬টি, পন্টিংয়ের ৩৩। সেই থেকে টেন্ডুলকার যেখানে ১৩টি সেঞ্চুরি করেছেন, সেখানে পন্টিং মাত্র ৬টি। এই সময়ে ৩৭ টেস্টে পন্টিংয়ের রান যেখানে ২৭০৩, দুই টেস্ট কম খেলেই বয়সে বছরখানেকের বড় টেন্ডুলকারের রান ৩২৪৭। ব্যবধান এতই বেড়ে গেছে যে, টেন্ডুলকার চলে গেছেন পন্টিংয়ের ধরাছোঁয়ার প্রায় বাইরে। তবে এই টেন্ডুলকারই পন্টিংকে জাগিয়ে তুলতে পারে বলে মনে করেন টেলর, ‘আমার ধারণা, শচীনের পুনর্জন্ম হয়েছে। সে এখন সেরা ফর্মে আছে এবং এটাই পন্টিংয়ের জন্য হতে পারে এক ধরনের অনুপ্রেরণা।’অধিনায়ক বলেই অবশ্য পন্টিংয়ের কাজটা কঠিন মানছেন সাবেক অধিনায়ক টেলর, ‘অস্ট্রেলিয়া দলটাকে পুনর্গঠনের কাজটাও পন্টিংকে করতে হচ্ছে। বর্তমান দলটা তো বলতে গেলে ওরই দল। গিলক্রিস্ট, ম্যাকগ্রা, ওয়ার্ন, হেইডেনের মতো সিনিয়ররা বিদায় নিয়েছে। ব্যক্তিগত লক্ষ্যগুলো থেকে পন্টিংয়ের মনোযোগ সরে গেছে। সেই দৃষ্টিকোণ থেকে শচীন অনেক ভাগ্যবান, ওকে অধিনায়কত্ব নিয়ে ভাবতে হয় না। ওর এত এত সেঞ্চুরি করার একটা বড় কারণ হয়তো এটাই।’ ওয়েবসাইট।